ভারতে আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশি স্টল ভাঙচুর করলো বিজেপির কর্মীরা

ভারতে আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশি স্টল ভাঙচুর করলো বিজেপির কর্মীরা ভারতের পুনেতে এমআইটি-ডব্লিউপিইউতে আয়োজিত আন্তর্জাতিক খাদ্য অনুষ্ঠানে বিজেপির যুব শাখার সদস্যরা বাংলাদেশি খাবারের স্টলে ভাঙচুর করেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ‘এক বিশ্ব। অনেক সংস্কৃতি। এক উদযাপন’ এই মূলমন্ত্র নিয়ে এই অনুষ্ঠানের শিরোনাম ছিল বিশ্ব সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে একাধিক দেশের খাবারের স্টল ছিল। ভারতীয় জনতা যুব মোর্চার পুনের সভাপতি দুষ্মন্ত মহলের আপলোড করা ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, সংগঠনের সদস্যরা স্টলে থাকা শিক্ষার্থীদের এবং নিরাপত্তারক্ষীদের মুখোমুখি হচ্ছে, স্লোগান দিচ্ছে এবং পরে স্টলে ভাঙচুর করছে। ভিডিওটির ক্যাপশনে মোহন বলেছেন, “এমআইটি প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন: আপনারা কার স্বার্থে কাজ করছেন? ভারত না ভারতবিরোধী শক্তির? প্রথমে পাকিস্তান এবং এখন বাংলাদেশ… অবিলম্বে এই ধরণের ব্যবসা বন্ধ করুন! যদি এটি বন্ধ না হয়, তাহলে ভারতীয় জনতা যুব মোর্চা আরো আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানাবে। এমআইটিসহ সমস্ত কলেজের গুরুত্ব সহকারে নোট করা উচিত, পুনেতে ভবিষ্যতে এই ধরণের যেকোনো কর্মসূচি ধ্বংস করা হবে!” অনুষ্ঠানে উপস্থিত একজন আন্তর্জাতিক ছাত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “অনুষ্ঠানের পরে ২০-৩০ জনের এই দলটি স্টলে আক্রমণ করে। আমরা ইতিমধ্যেই সব বাংলাদেশি ছাত্রকে ভিতরে যেতে বলেছিলাম, কিন্তু একজন মেয়ে বাইরে ছিল, এবং তারা তাদের উপরও আক্রমণ করার চেষ্টা করছিল। আক্রমণকারীদের কাছে পরিচয়পত্র ছিল না এবং তারা কলেজের কেউ ছিল না। আমি বুঝতে পারছি না তারা কীভাবে মূল ফটক দিয়ে ঢুকেছিল।”মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটির (এমআইটি-ডব্লিউপিইউ) রেজিস্ট্রার গণেশ পোকালে বলেন, ভাঙচুরকারীরা “বহিরাগত ছিল। আমরা পুলিশের সাথে যোগাযোগ করছি এবং অভিযোগ দায়েরের প্রক্রিয়াধীন।” সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সন্দীপ দেশমানে জানান, কোথরুড পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত এবং বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছে।
ইরানের ব্যাপারে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু

ইরানের ব্যাপারে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু হোয়াইট হাউসে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আতিথ্য দেবে। বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পকে ইরানের সাথে মার্কিন আলোচনা আরো বিস্তৃত করার জন্য চাপ দেবেন বলে আশা করা হচ্ছে, যাতে তেহরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার এবং পারমাণবিক কর্মসূচির বাইরে অন্যান্য নিরাপত্তা হুমকির সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত করা যায়। প্রায় ১৩ মাস আগে প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এটি সপ্তম বৈঠক। এই বৈঠকে নেতানিয়াহু গত শুক্রবার ওমানে অনুষ্ঠিত পারমাণবিক আলোচনার পর ইরানের সাথে মার্কিন আলোচনার পরবর্তী দফায় প্রভাব ফেলতে চাইবেন। কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে ট্রাম্প ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে তেহরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা আরো বিস্তৃত যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে। ট্রাম্প বারবার একটি নিরাপদ ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন, যা দীর্ঘদিনের মার্কিন মিত্র এবং ইরানের চিরশত্রু। মঙ্গলবার গণমাধ্যমের সাক্ষাৎকারে ট্রাম্প তার সতর্কীকরণ পুনরাবৃত্তি করে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ইরান একটি চুক্তি চায়, তবে যদি এটি প্রত্যাখ্যান করে তবে তিনি ‘খুব কঠিন কিছু’ করবেন। ট্রাম্প ফক্স বিজনেসকে বলেছেন, ইরানের সাথে একটি ভালো চুক্তির অর্থ হবে ‘কোনো পারমাণবিক অস্ত্র, কোন ক্ষেপণাস্ত্র নয়।’একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের আশঙ্কা, আমেরিকা হয়তো একটি সংকীর্ণ পারমাণবিক চুক্তি করতে পারে, যেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর সীমাবদ্ধতা বা হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র প্রক্সিদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে না। নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাংবাদিকদের বলেছেন, “আমি প্রেসিডেন্টের কাছে আলোচনার নীতি সম্পর্কে আমাদের ধারণা উপস্থাপন করব।” ইরানের সাথে কূটনীতি ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়েও দুই নেতা আলোচনা করতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।
ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা

ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ চলছে। দেশের আগামী প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোট দেয় তিনি। ভোট দেওয়ার পর কথা বলতে গিয়ে প্রভা জানান, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তার। তিনি বলেন, ‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি। ব্যস্ত পেশাজীবন সত্ত্বেও ভোট দিতে গ্রামে যাওয়ার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই তিনি ছুটে গেছেন নিজের শিকড়ে। ‘অনেকে বলেছে, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি’ যোগ করেন তিনি।
ভোট দিয়েই না ফেরার দেশে অভিনেতা তিনু করিম

ভোট দিয়েই না ফেরার দেশে অভিনেতা তিনু করিম ছোট পর্দার অভিনেতা তিনু করিম আর নেই। বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগের পর বাসায় ফিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ খ্যাত এ অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু, অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনু করিম। ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে ভোট দিতে কেন্দ্রে যান এই অভিনেতা। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই… তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করব ভাবলাম…, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু। তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তাঁর। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমাসহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
ভোট দিলেন ঢালিউডের তিন কন্যা

ভোট দিলেন ঢালিউডের তিন কন্যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও অংশ নিয়েছেন ভোট উৎসবে।বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা। একসঙ্গে কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে হাসিমুখে ছবির জন্য পোজ দেন তাঁরা। তাঁদের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা। এর আগে এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেছিলেন, দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক। শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন—এটাই আমাদের কামনা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশাই ব্যক্ত করেছেন ঢালিউডের এই তিন বরেণ্য অভিনেত্রী।
জীবনে প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

জীবনে প্রথম ভোট দিলেন তামিম ইকবাল উৎসবমুখর পরিবেশে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটি বুথে তিনি ভোট প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে তামিম ইকবাল তার ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে তাকে সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে কেন্দ্রে নেওয়া হয়। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের এই ভোটার গাড়ি থেকে নেমে সরাসরি বুথে গিয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। প্রক্রিয়াটি খুবই সহজ ছিল। আশা করি, সবাই এমন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. এয়াছিন জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি এবং অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। ভোট প্রদান শেষে সেনাবাহিনীর একই প্রটোকলে কেন্দ্র ত্যাগ করেন এই ক্রিকেট তারকা।
অবশেষে চালু হচ্ছে মেয়েদের বিপিএল, শুরু কবে থেকে

অবশেষে চালু হচ্ছে মেয়েদের বিপিএল, শুরু কবে থেকে মেয়েদের বিপিএল করার চিন্তা আগে থেকেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত বছরই দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নারীদের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বিসিবি। তবে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা এলো। বোর্ডের নারী উইং জানিয়েছে, মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) প্রথম আসর হবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউবিপিএল দেশের নারী ক্রিকেটের পেশাদার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। প্রথম আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। এতে জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও খেলবেন। প্রতিটি দলে ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড় দলে নিতে পারবে। এতে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়বে, বিশ্বমঞ্চে পরিচিতি মিলবে এবং টুর্নামেন্টের মান আরো উন্নত হবে বলে আশা বিসিবির। ডব্লিউবিপিএলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। এই পরিষদ টুর্নামেন্টের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবে। ফ্র্যাঞ্চাইজি, ড্রাফট নীতিমালা, খেলার ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবে বিসিবি।
পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পিএসএলের নিলাম। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। এবারের পিএসএল নিলামে দল পেয়েছেন মোট ১০৩ ক্রিকেটার। তবে রিটেইন ও সরাসরি চুক্তিসহ এবার দল পেয়েছেন মোট ১৪১ জন ক্রিকেটার। পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড- ইসলামাবাদ ইউনাইটেড- শাদাব খান, সালমান ইরশাদ, আন্দ্রিস গুস, ডেভন কনওয়, ফাহিম আশরাফ, মেহরান মুমতাজ, ম্যাক্স ব্রায়ান্ট, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মীর হামজা সাজ্জাদ, সামির মিনহাস, সামিন গুল, শামার জোসেফ, ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লেসন, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, দীপেন্দ্র সিং আইরে। শিয়ালকোট স্ট্যালিয়ন্স- স্টিভ স্মিথ, মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, স্টিভ স্মিথ, জাহানজাইব সুলতান, অ্যাস্টন টার্নার, পিটার সিডল, তাবরাইজ শামসি, লাচলান শো, ডিলানো পটগিটার, জশ ফিপিপ, শান মাসুদ, মমিন কুমার, আওয়াইস জাফর। করাচি কিংস- মঈন আলী, খুশদিল শাহ, হাসান আলী, সাদ বেগ, আব্বাস আফ্রিদি, মঈন আলী, আজম খান, ডেভিড ওয়ার্নার, সালমান আলী আঘা, শহীদ আজিজ, মীর হামজা, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ হামজা, আকিব ইলিয়াস, খুজাইমা বিন তানভির, জনসন চার্লস, মোহাম্মদ ওয়াসিম, ইহসানউল্লাহ, রিজওয়ানউল্লাহ। কোয়েটা গ্লাডিয়েটর্স- আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ, শ্যামল হোসেন, স্পেন্সার জনসন, রাইলি রুশো, ফয়সাল আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, খাজা নাফে, ওয়াসিম আকরাম জুনিয়র, খান জেব, বিসমিল্লাহ খান, সাকিব খান, ব্রেট হ্যাম্পটন, স্যামুয়েল হার্পার, বেভন জ্যাকবস, সাউদ শাকিল, বেন ম্যাকডারমট, টম কারান। লাহোর কালান্দার্স- মুস্তাফিজুর রহমান, শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, হারিস রউফ, উসামা মীর, ফখর জামান, উবাইদ শাহ, হাসিবউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, দাসুন শানাকা, পারভেজ হোসেন ইমন, আসিফ আলী, হুসাইন তালাত, তৈয়ব তাহির, গুড়াকেশ মোতি। পেশাওয়ার জালমি- অ্যারন হার্ডি, বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলী রাজা, আমের জামাল, খুররাম শাহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুস সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশাল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ। হায়দরাবাদ কিংসম্যান- সাইম আইয়ুব, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস ল্যাবুশেন, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, ইরফান খান নিয়াজি, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটেনিল বার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরিডিথ, শারজিল খান, আসিফ মাহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়ব আরিফ। রাওয়ালপিন্ডি- মোহাম্মদ রিজওয়ান, জামান খান, ইয়াসির খান, স্যাম বিলিংস, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, লরি ইভান্স, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলী, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান।
দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব

দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা জেনেছি। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রের ভোট স্থগিত হয়নি, সবগুলো কেন্দ্রের ভোট চলমান আছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।’ তিনি আরো বলেন, ‘বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।’ ভোটের পরিবেশ নিয়ে সচিব সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সারা দেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইন-শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইসি সচিব বলেন, বড় কোনো নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেখানেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা

আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, আজকে জন্মদিন পালন করি আমরা, সারা দিনব্যাপী উৎসব করি। সবাই মিলে জাতি হিসেবে উৎসব করি। এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে… প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটিও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, খুব ভালো লাগলো। এটা আমার জীবনে মহা আনন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।