দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট

দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিচ্ছেন। এরইমধ্যে সোয়া ৪ লাখের বেশি প্রাবসী ভোটদান সম্পন্ন করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছে পৌঁছেছে। ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন। সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। পৌঁছানো ব্যালটগুলোর মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

যুক্তরাজ্য ভ্রমণে থাকছে না স্টিকার ভিসা

যুক্তরাজ্য ভ্রমণে থাকছে না স্টিকার ভিসা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-‌ভিসা ব্যবহৃত হবে। শ‌নিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়েছে। বার্তায় জানা‌নো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন তারা শুধু ই-‌ভিসা (eVisa) পাবেন। পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা ব্যবহৃত হবে। বিস্তারিত জানতে www.gov.uk/eVisa এই ও‌য়েবসাইট ভিজিট করতে ব‌লে‌ছে হাইক‌মিশন।

আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয় টানা দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছে আল-নাসর। তাকে স্কোয়াডে বাইরে রাখা হলেও জয় ঠিকই পেয়েছে ক্লাবটি। আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার সৌদি প্রো লিগে ম্যাচের শেষ দিকে সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে জয় নিশ্চিত করে দলটি। ম্যাচের সপ্তম মিনিটে আল নাসরের ঘরের দর্শকদের একটি অংশ রোনালদোর প্রতি সমর্থন জানায়। উঁচিয়ে ধরেন তার নাম ও সাত নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড। গত সোমবার ৪১ বছর বয়সী রোনালদো আল-রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচেও খেলেননি। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। বিবিসি স্পোর্টসকে সৌদি প্রো লিগ জানিয়েছে, ক্লাবের বিকাশ ও লক্ষ্যে রোনালদোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে এটিও যোগ করেছে, ‘কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।’ ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। বছরে ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড বেতনের কারণে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন। লিগে ২০ ম্যাচ শেষে আল-নাসর এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে আল-হিলাল।

ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন ভারতের যুবারা

ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন ভারতের যুবারা বৈভব সূর্যবংশির তাণ্ডবে ৪১২ রানের বিশাল লক্ষ্য দেওয়ার পর ভারতের যুবাদের অভিনন্দন জানানো শুরু হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ পর্যন্ত বিফলে যায়নি সেই অভিনন্দন। ১০০ রানের ব্যবধানের ইংল্যান্ডের যুবাদের হারিয়ে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হারারের স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক আয়ুশ মহাত্রে। বৈভব সূর্যবংশির ৮০ বলে ১৭৫ রানের ইনিংসে ৪১১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আসরের সবচেয়ে সফল দলটি। বিস্ময়বালক সূর্য গড়েন মাত্র ১৪ বছর বয়সে আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টের কোনো ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৩১১ রান পর্যন্ত করতে পেরেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। লক্ষ্যটা অতিমাত্রায় বড় হয়ে যাওয়ায় বিফলে গেছে ক্যালেব ফ্যালকনারের ৬৭ বলে ১১৫ রানের ঝোড়ো ইনিংস। চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি তিনি। সবশেষ ব্যাটার হিসেবে তাকে ফিরিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত। ৬৬ ও ৪৫ মাঝারি মানের ইনিংস খেলেন বেন ডওকিন্স ও বেন মায়েস। অধিনায়ক থমাস রেউ ৩১ ও ২৮ রান আসে জেমস মিন্টোর ব্যাট থেকে। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন অ্যাম্ব্রিশ। দুটি করে পেয়েছেন দিপেশ ও কনিষ্ক। সমান একটি করে খিলান ও আয়ুশ। এর আগে, ফাইনালে আগে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের যুবাদের বোলারদের বেধড়ক পিটিয়ে খেললেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস। তার গড়ে দেওয়া ভিতে ৫০ ওভার ব্যাটিং করে ভারতের যুবাদের সংগ্রহ ৪১১ রান। তবে ভারতের শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ২০ রানে আউট হন ওপেনার অ্যারন জর্জ (৯)। এরপর অধিনায়ক আয়ুশ মহাত্রের সঙ্গে সূর্য জুটি গড়েন ১৪২ রানের। দলীয় ১৬২ রানে আয়ুশ ৫৩ রান করে ফিরলে ভাঙে জুটি। অধিনায়কের বিদায়ের পরপরই ৫৫ বলে সেঞ্চুরি আদায় করে নেন সূর্যবংশি। ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে পার করেন নিজের ব্যক্তিগত দেড়শো রানও। দলীয় ২৫১ রানে সূর্য আউট হওয়ার আগে খেলেন ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস ১৫ চার ও ১৫ ছক্কায়। সূর্যের তাণ্ডবে ১৩.২ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে। এরপর মাত্র ২১.৪ ওভারে দুশো রান ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাটিং করে ভারতের যুবারা দাঁড় করায় ৪১১ রানের বিশাল সংগ্রহ। বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪০ রান করেন অভিজ্ঞান কুণ্ডু। ২০ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন কনিষ্ক চৌহান। ৩২ ও ৩০ রান আসে ত্রিবেদি ও মালহোতরার ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন জেমস মিন্টো। সমান দুটি করে সেবাস্টিয়ান মরগ্যান ও অ্যালেক্স গ্রিন। একটি উইকেট পেয়েছেণ ম্যানি লামসডেন।

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে তেলের বাণিজ্য করা ১৫টি প্রতিষ্ঠান এবং ১৪টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যাল পণ্যের অবৈধ বাণিজ্যের সঙ্গে যুক্ত ১৫টি প্রতিষ্ঠান এবং ১৪টি ছায়া নৌবহরের জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর রয়টার্সের। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের শাসকগোষ্ঠী বিদেশে সন্ত্রাসবাদকে সমর্থন করতে এবং তার নাগরিকদের দমন করতে যে রাজস্ব প্রবাহ ব্যবহার করে, তা নিয়ন্ত্রণে রাখার জন্য একাধিক ব্যক্তি এবং জাহাজকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে, পররাষ্ট্র দপ্তর ১৪টি ছায়া নৌবহরকে ইরানি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে জড়িত হিসেবে চিহ্নিত করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য বা পেট্রোকেমিক্যাল পণ্যের ব্যবসা করছে এমন ১৫টি প্রতিষ্ঠান এবং সেই সঙ্গে দুইজন সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করছে। যুক্তরাষ্ট্রের দাবি বারবার ইরান সরকার তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তার চেয়ে তাদের অস্থিতিশীল আচরণকে অগ্রাধিকার দিয়েছে, যেমনটি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর শাসকগোষ্ঠীর গণহত্যার মাধ্যমে প্রমাণিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহন এবং অধিগ্রহণের সঙ্গে জড়িত জাহাজ এবং ব্যবসায়ীদের নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে, যা শাসকগোষ্ঠীর আয়ের প্রাথমিক উৎস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বলেছেন, তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। ওই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি। তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে- এমন যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।

ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের

ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ অনুসারে, “ভারত রাশিয়ান ফেডারেশনের তেল আমদানি সরাসরি বা পরোক্ষভাবে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।”নয়াদিল্লি জানিয়েছে, তারা মার্কিন জ্বালানি পণ্য কিনবে, ‘এবং আগামী ১০ বছর প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি কাঠামোতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।’শনিবার যুক্তরাষ্ট্রের সময় রাত ১২টা ১ মিনিটে অতিরিক্ত ২৫ শতাংশ মার্কিন শুল্ক প্রত্যাহার করা হবে। ট্রাম্প ভারতের উপর শুল্ক কমানোর জন্য একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করার কয়েকদিন পরেই এই নির্বাহী আদেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই চুক্তিতে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর তথাকথিত ‘পাল্টা’ শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। এই পরিবর্তনটি ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের উল্লেখযোগ্য হ্রাসকে চিহ্নিত করে, যা গত বছরের শেষের দিকে ৫০ শতাংশ ছিল। শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, চুক্তির অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে নির্দিষ্ট বিমান এবং যন্ত্রাংশের উপর শুল্ক প্রত্যাহার। ভারত আগামী পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি পণ্য, বিমান এবং যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কয়লা কিনতে চায়।

ফিলিস্তিনি জনসংখ্যা কমাতে এপস্টেইনের সঙ্গে কথা বলেছিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি জনসংখ্যা কমাতে এপস্টেইনের সঙ্গে কথা বলেছিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনসংখ্যা কমানোর ব্যাপারে ইসরায়েলের প্রচেষ্টা নিয়ে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কথা বলেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলসের মধ্যে এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও ছিল। এপস্টেইনকে এহুদ বারাক জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ইসরায়েলের ১০ লাখ রুশভাষী অভিবাসীকে গ্রহণ করা প্রয়োজন। কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ অতীতের তুলনায় আরো ‘যাচাই-বাছাইপ্রবণ এবং ‘মানকে আরো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে।’ ১৯৪৮ সালের মে মাসে ইসরায়েলের সৃষ্টির আগে এবং এর প্রাথমিক বছরগুলোতে অভিবাসনের প্রধান উৎস ছিল পূর্ব ইউরোপীয় আশকেনাজি ইহুদি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সেফারদি ইহুদিরা। অডিওতে বারাক সেফারদি ইহুদিদের অবমাননা করছেন বলে মনে হচ্ছে। তিনি বলছেন যে, ‘উত্তর আফ্রিকা, আরব, যেকোনো জায়গা থেকে’ ইহুদিদের ধরে নিয়ে দেশটি যা করতে পেরেছে তা করেছে। ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশের বিভিন্ন অংশ থেকে ইসরায়েলে ব্যাপক অভিবাসন প্রবাহ শুরু হয়। সরকারি তথ্য অনুসারে, ২০০৯ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে ৯ লাখ ৯৬ হাজার ৫৯ জন অভিবাসী ইসরায়েলে এসেছিলেন। তাদের রাজনীতি ডানপন্থীদের সাথে সংযুক্ত ছিল। বারাক ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ ইহুদিদের মধ্যে গভীর বিভাজনের উপরও জোর দিয়েছিলেন। তিনি কঠোর ধর্মীয় নিয়মের কথা উল্লেখ করে বলেন, “আমি বিশ্বাস করি আমাদের বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং যেকোনো কিছুর উপর এবং ইহুদির সংজ্ঞার উপর অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া শাসন ভেঙে ফেলতে হবে। এটি একটি পরিশীলিত, নির্দিষ্ট পদ্ধতিতে, ইহুদি ধর্মে ব্যাপক রূপান্তরের দরজা খুলে দেবে। এটি একটি সফল দেশ, অনেকেই এটি প্রয়োগ করবে।” বারাক জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ জনসংখ্যার মান ‘আমাদের পূর্বপুরুষদের চেয়ে অনেক বেশি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে।’ ইসরায়েলের প্রতিষ্ঠাতাদের তুলনায়। তিনি বলেন, “এটি উত্তর আফ্রিকা, আরব (বিশ্ব) বা যেকোনো জায়গা থেকে এক ধরণের মুক্তির ঢেউ ছিল। তারা যা আসত তা গ্রহণ করেছিল; এখন, আমরা যাচাই-বাছাই করতে পারি। আমরা সহজেই আরো ১০ লাখ মানুষ গ্রহণ করতে পারি। আমি পুতিনকে সবসময় বলতাম, আমাদের যা প্রয়োজন তা হল আরো ১০ লাখ মানুষ।”

এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা

এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা বিশ্ববাজারে স্বর্ণের বাজার ওঠানামা করছে। দেশের বাজারেও যার প্রভাব পড়েছে। দাম কমার একদিন পরই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা।  শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।  নতুন দাম অনুযায়ী ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি এখন ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। শুক্রবার রাতে প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই স্থানীয় বাজারে স্বর্নের দাম সমন্বয় করা হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৬৬ ডলারে ছাড়িয়েছে; গত মাসে যা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল। দেশের বাজারে সর্বশেষ বেঁধে দেওয়া দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা। স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।