৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার পর থেকে মোস্তাফিজুর রহমান ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার বাদ পড়া, বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করা, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা, আইসিসির আর্থিক ক্ষতি কতো কিছু হয়ে গেল। সবকিছুর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর। আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুরকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত করা হয়। রাখা হয় নিলাম তালিকায়। কিন্তু নিলামের আগেই তাকে দলে ভিড়িয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দল পেয়েছেন মোস্তাফিজুর। গতবার এই দলে খেলেছিলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তারা এখনও দল পাননি। নিলামের তালিকায় আছেন। সময়ের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর নিলামের আগেই দলভুক্ত হবে তা বোঝা যাচ্ছিল। কেননা একাধিক দল তাকে নিয়ে আলোচনা করছিল। বৃহস্পতিবার লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। পিএসএলে খেলার সুবাদে প্রায় ৩ কোটি বাংলাদেশি টাকা পাবেন মোস্তাফিজুর। ২০১৮ সালের পর তিনি পিএসএলে খেলার অপেক্ষায়। সেবার পাঁচটি ম্যাচ খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। উইকেট নিয়েছিলেন চারটি। ৮ বছর পর মোস্তাফিজুর পিএসএলে ফিরলেন পুরোনো দলে। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুরকে দলে ভিড়িয়েছিল। ২ কোটি ভিত্তিমূল্য থেকে তিন দলের কাড়াকাড়ির পর নিলাম থেকে মোস্তাফিজুরকে কিনে নিয়েছিল মেগা স্টার শাহরুখ খানের দল। এজন্য হিন্দুত্ববাদীদের কঠোর সমালোচনার মুখে পড়েন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এ নিয়ে ব্যাপক উত্তেজনার মধ্যে আইপিএল কর্তৃপক্ষ মোস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর ক্ষোভ দেখা যায় বাংলাদেশেও। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। যেখানে মোস্তাফিজুরকে নিরাপত্তা দিতে পারেনি ভারত, সেখানে বাংলাদেশের পুরো দলকে নিরাপত্তা দেবে সেই প্রশ্ন তোলা হয়। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল। পিএসএল শুরু হবে তার তিন দিন আগে। এবার ৬ দল থেকে বাড়িয়ে ৮ দলের টুর্নামেন্ট করা হয়েছে।
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে সরকার। এ বছর ১০ জনকে এ পদক দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।
ওয়াশিংটন পোস্টের ৩৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ওয়াশিংটন পোস্টের ৩৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন ঐতিহ্যবাহী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ৮০০ সাংবাদিকের মধ্যে এক-তৃতীয়াংশকে ছাঁটাই করেছে মালিকপক্ষ। বুধবার (৪ ফেব্রুয়ারি) অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সংবাদমাধ্যমটির মুখপাত্র জানান, ছাঁটাই কার্যক্রমে প্রতিষ্ঠানটির অন্তত তিন ভাগের এক ভাগ কর্মী চাকরি হারাবেন। নিউজরুমের ‘শত শত’ কর্মী চাকরি হারাবেন বলে জানিয়েছে ওয়াশিংটন-বাল্টিমোর গিল্ড ইউনিয়ন। পোস্টের কর্মীরা ওই ইউনিয়নের সদস্য। দুইজন অভ্যন্তরীণ সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কোম্পানি প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এতে ব্যবসায়িক বিভাগ এবং প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছে। অনলাইনে একটি লাভজনক সংবাদপত্র গড়ে তোলার এবং চালানোর পথ খুঁজে পাননি বলেই এই ছাঁটাই করেছেন বেজোস। তার মালিকানার প্রথম আট বছরে পত্রিকাটি সম্প্রসারিত হয়েছিল। কিন্তু সম্প্রতি সংস্থা বেশ হোঁচট খেয়েছে। নতুন এই ছাঁটাইয়ের কারণে বন্ধ হয়ে যেতে পারে গণমাধ্যমটির কয়েকটি বিট ও কার্যক্রম। সংকুচিত হবে বেশ কিছু সেক্টরও। ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন, ‘পুরোনো আমলে স্থানীয় পত্রিকাগুলো যেমন একচেটিয়া ব্যবসা করতো, সেরকম একটি ব্যবসায়িক কাঠামো আমরা দীর্ঘদিন ধরে অনুসরণ করে এসেছি। আমাদেরকে এখন সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে পেতে হবে এবং আরও শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওয়াশিংটন পোস্ট জানায়, তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তারা দাবি করে, ব্যবসায়িক কারণেই এসব সিদ্ধান্ত। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দ্য পোস্টের ক্রীড়া বিভাগ বন্ধ করা হবে, যদিও কিছু রিপোর্টার থাকবেন এবং ফিচার বিভাগে চলে এসে ক্রীড়ার সংস্কৃতি কভার করবেন। মেট্রো বিভাগ সংকুচিত হবে, এবং বই বিভাগ বন্ধ হবে, তদুপরি দৈনিক নিউজ পডকাস্ট বন্ধ হবে। ম্যাট মারে জানান, আন্তর্জাতিক কভারেজও কমে যাবে, তবে সাংবাদিকরা প্রায় একটি ডজন লোকেশনে থাকবেন। মধ্যপ্রাচ্য, ভারত এবং অস্ট্রেলিয়ার প্রতিবেদক এবং সম্পাদক ছাঁটাই করা হয়েছে। সাক্ষাৎকারে মারে এই ছাঁটাইয়ের দায়িত্ব নেন। তিনি জানান, এটি তার এবং তার টিমের পরিকল্পনার অংশ। ২০১৩ সালে পত্রিকাটি কিনে নেওয়ার সময় বেজোস কথা দিয়েছিলেন তিনি এর দৈনন্দিন কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। ২০২৩ সালে পত্রিকাটির লোকসানের পরিমাণ ছিল ১০০ মিলিয়ন ডলার। বেজোস ২০২৩ সালের শেষদিকে উইল লুইসকে প্রকাশক হিসেবে নিয়োগ দেন দ্য পোস্টকে লাভজনক করার জন্য। কারণ পত্রিকা দর্শক ও সাবস্ক্রিপশন কমে যাচ্ছিল। লুইস বিভিন্ন পরিবর্তন পরীক্ষা করেছেন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মন্তব্য, পডকাস্ট এবং নিউজ অ্যাগ্রিগেশন চালু করার ক্ষেত্রে। এরপরই আসে এই ছাঁটাইয়ের ঘোষণা।
মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু পবিত্র রমজান মাসের অপেক্ষা প্রায় শেষের পথে। আগামী ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে হবে শাবান মাসের ২৯তম দিন। সেদিন রমজানের অর্ধচন্দ্রের অনুসন্ধান করা হবে। ওইদিন কি চাঁদ দেখা যাবে? সংযুক্ত আরব আমিরাতের শারজাহর জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান অ্যাকাডেমি জানিয়েছে, তারা সূক্ষ্ম বিশ্লেষণ করে দেখেছে ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা ‘অসম্ভব’। যে দলটি বিশ্লেষণ করেছে তারা বলেছে, ওইদিন আমিরাতের স্থানীয় সময় ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সেদিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে ২ ঘণ্টা ১৪ মিনিট। সূর্যাস্তের ঠিক আগ মূহুর্তে ওই চাঁদ অস্ত যাবে। যার অর্থ চাঁদ ও সূর্য একই সঙ্গে অস্ত যাবে। ফলে ওইদিন সন্ধ্যার পর রমজানের চাঁদ দেখা অসম্ভব। জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান অ্যাকাডেমি আরও বলেছে, শুধুমাত্র খালি চোখে নয়; উন্নত প্রযুক্তির টেলিস্কোপেও চাঁদ দেখা যাবে না। এছাড়া শুধু যে আমিরাত বা শারজাহতে চাঁদের দেখা মিলবে না, এমনটি নয়। ইসলামিক বিশ্বের কোনো দেশেই রমজানের চাঁদ দেখা যাবে না। কিন্তু পরেরদিন ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে খালি চোখেই দেখা যাবে নতুন অর্ধচন্দ্র। ওইদিন চাঁদটির বয়স ২৬ ঘণ্টা পেরিয়ে যাবে এবং চাঁদ দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি ও ২১ আর্ক-মিনিট উচ্চতায় থাকবে। ফলে আকাশ পরিষ্কার থাকলে কোনো যন্ত্র ছাড়াই মহিমান্বিত মাসের চাঁদ দেখতে পারবেন মুসল্লিরা। ফলে ওই অঞ্চলে প্রথম রোজা হবে ১৯ ফেব্রুয়ারি। অ্যাকাডেমিটি বলেছে, যেসব দেশ খালি চোখের বদলে জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী রমজান শুরুর ঘোষণা দেয়, সেসব দেশে প্রথম রোজা হবে ১৮ ফেব্রুয়ারি। সূত্র: খালিজ টাইমস
রমজানে অফিস সময় নির্ধারণ

রমজানে অফিস সময় নির্ধারণ এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে নতুন সময়ে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেসসচিব বলেন, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে। উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।
এপস্টেইন অধ্যায় ভুলে সামনে এগোনো উচিত ট্রাম্প

এপস্টেইন অধ্যায় ভুলে সামনে এগোনো উচিত ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের মানুষের এখন জেফরি এপস্টেইন ইস্যুটি ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তিনি দাবি করেন, এপস্টেইন এবং অন্যরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। খবর আনাদোলু এজেন্সির। গত মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি মনে করি এখন দেশের অন্য কিছুতে মনোযোগ দেওয়ার সময়। কারণ আমার বিরুদ্ধে কিছুই বেরিয়ে আসেনি বরং এটি ছিল আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, যা আক্ষরিক অর্থেই এপস্টেইন এবং অন্যান্যরা মিলে করেছিলেন। তিনি আরো যোগ করেন, “মাইকেল উলফ নামের একজন সাংবাদিক এবং এপস্টেইন মিলে ষড়যন্ত্র করেছিলেন। এটি গতকালই সামনে এসেছে… তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন যাতে নির্বাচনে আমার হার নিশ্চিত করা যায়। আমার সম্পর্কে কেবল এই বিষয়টিই সেখানে উল্লেখ করা হয়েছে। এপস্টেইন ফাইলে উল্লেখিত অন্যান্য নাম, যেমন মার্কিন প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্ক এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প উত্তর দেন, “আমি নিশ্চিত তারা ঠিক আছেন। অন্যথায় এটি বড় সংবাদের শিরোনাম হতো।” ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন বিচার বিভাগ জানিয়েছে যে, তারা এপস্টেইনের যৌন-অপরাধ তদন্ত সংশ্লিষ্ট কয়েক লাখ নথির পর্যালোচনা শেষ করেছে। ডেপুটি ইউএস অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, এই নথিগুলো নতুন করে কোনো মামলা করার জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, “সেখানে প্রচুর চিঠিপত্র রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা কাউকে অভিযুক্ত করতে পারবো। তা সত্ত্বেও, মার্কিন কংগ্রেস তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যাচ্ছে। আইন প্রণেতারা অবমাননার কার্যধারা শুরু করার হুমকি দেওয়ার পর, প্রতিনিধি পরিষদ এই মাসের শেষের দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারণ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা এপস্টেইন ফাইলগুলোতে ট্রাম্পের নাম ৬ হাজার বারের বেশি এসেছে, যার বেশিরভাগই এপস্টেইন ও তার সহযোগীদের দেওয়া তথ্যের সূত্র ধরে। নব্বইয়ের দশকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ট্রাম্প ও এপস্টেইনকে একসঙ্গে ছবি তুলতে দেখা গেছে। তবে ট্রাম্প দাবি করেছেন, ২০০০-এর দশকের শুরুর দিকেই তাদের সম্পর্কের ইতি ঘটে। এপস্টেইনের যৌন অপরাধের শিকার কিছু ভুক্তভোগী বিচার বিভাগের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন। একজন ভুক্তভোগী বিবিসিকে বলেন, গুরুত্বপূর্ণ নথিগুলো এখনো প্রকাশ করা হয়নি এবং তাদের মনে হচ্ছে কর্তৃপক্ষ তাদের সঙ্গে ‘কোনো ধরনের খেলা খেলছে’। অন্যদিকে ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছেন যে, সব প্রাসঙ্গিক নথি জনসমক্ষে আনা হয়েছে কি না। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার প্রশ্ন করেছেন, “যেসব নথিতে ‘ট্রাম্প’ শব্দটি উল্লেখ আছে তার সবকটি কি প্রকাশ করা হয়েছে? যদিও ট্রাম্পের কিছু সমর্থক বিষয়টি ভুলে সামনে এগিয়ে যাওয়ার পক্ষে, তবে বিবিসি উল্লেখ করেছে, সম্পাদিত নয় এমন মূল নথিপত্রের দাবি এবং ভবিষ্যতে নতুন সমন জারির সম্ভাবনার কারণে এপস্টেইন মামলাটি মার্কিন রাজনীতি থেকে এত দ্রুত মুছে যাওয়ার সম্ভাবনা কম।
৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদন্ড

৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদন্ড জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজনসহ ছয় মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে সাতজনকে যাবজ্জীবন ও দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া একজনকে ক্ষমা করে দেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে রায় ঘোষণা শুরু করেন আদালত। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এছাড়া চিফ প্রসিকিউটরের লিংক থেকে সরাসরি দেখানো হয়। এদিন সকালে মামলার ১৬ আসামির মধ্যে আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে তাদের আনা হয়। আসামিরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল। পলাতক আসামিরা হলেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া।
বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস

বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস বিশ্ববাজারে সোনা, রুপা, তামা, অপরিশোধিত তেলসহ বিভিন্ন পণ্যের দামে বড় ধরনের ধস নেমেছে। চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফোনালাপের পর বৈশ্বিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং একই সঙ্গে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে ঝুঁকি কমেছে। এর প্রভাব পড়েছে পণ্যমূল্যে, আর শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রুপার দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। একই দিন সোনা, অপরিশোধিত তেল ও তামার দাম কমেছে গড়ে প্রায় দুই শতাংশ করে। এদিন ডলারের সূচক প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর ফলে অন্য মুদ্রাধারীদের কাছে ডলারে মূল্যায়িত সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। আইজি ব্রোকারেজের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, চলতি সপ্তাহে মূল্যবান ধাতু ও অন্যান্য পণ্যে চরম অস্থিরতা দেখা গেছে। আজকের দরপতন মূলত সেই অস্থিরতার পরবর্তী প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আবারও পথে ফিরছে এমন ইঙ্গিত পাওয়ায় পণ্যবাজার থেকে বিশেষ করে তেলের ক্ষেত্রে ভূরাজনৈতিক ঝুঁকিজনিত অতিরিক্ত দাম সরে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের ফোনালাপের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনাও কিছুটা কমেছে। এ কারণে বিনিয়োগকারীরা এই দামে সোনা বিক্রির দিকে ঝুঁকছেন বলে মন্তব্য করেন সাইকামোর। এশীয় বাজারে দিনের শুরুতে ডলার স্থিতিশীল থাকলেও পরে এর সূচক প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। শক্তিশালী ডলার সাধারণত পণ্যমূল্যের ওপর নেতিবাচক চাপ সৃষ্টি করে। সোনা-রুপা-তেলের দামে ধস গত সপ্তাহে স্পট সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলার প্রতি আউন্সে এবং রুপার দাম ১২১ দশমিক ৬৪ ডলারে উঠেছিল। বৃহস্পতিবার সেখান থেকেই বড় ধরনের পতন দেখা গেছে। এদিন স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৮৩৮ দশমিক ৮১ ডলারে। এপ্রিল ডেলিভারির যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৫৫ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে। রুপার বাজারে দরপতন আরও তীব্র। স্পট রুপার দাম একদিনে প্রায় ১৪ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৭৪ দশমিক ৯৪ ডলারে। ওসিবিসির কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, প্রায় সব ধরনের সম্পদ শ্রেণিতে বিনিয়োগকারীদের মনোভাব দুর্বল হয়ে পড়েছে। কম তারল্যের বাজারে একটির ক্ষতি অন্যটির ক্ষতিকে বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাব পড়ছে মূল্যবান ধাতু, ক্রিপ্টোকারেন্সি ও আঞ্চলিক শেয়ারবাজারে। এদিন তেলের দামও প্রায় দুই শতাংশ কমেছে। ইরান ও যুক্তরাষ্ট্র শুক্রবার ওমানে আলোচনায় বসতে সম্মত হওয়ায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ উৎপাদন অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। অন্যদিকে, তামার দামে চাপ বাড়িয়েছে চাহিদা নিয়ে উদ্বেগ এবং লন্ডন মেটাল এক্সচেঞ্জে নিবন্ধিত গুদামগুলোতে মজুত বৃদ্ধির খবর। যদিও এর আগে চীন তামার কৌশলগত মজুত বাড়ানোর পরিকল্পনার কারণে দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে সব পণ্যের মধ্যে ব্যতিক্রম ছিল সয়াবিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে আরও সয়াবিন কেনার বিষয়টি বিবেচনা করছে। তার এমন মন্তব্যের পর সয়াবিনের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সূত্র: রয়টার্স
১৩ হাজার ৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ, আবেদন যেভাবে

১৩ হাজার ৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ, আবেদন যেভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’ এর অনলাইন আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শুরু হয়। নতুন প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্ল্যাটফর্ম হালনাগাদের সুবিধার্থে এই সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। জারি করা এই নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএ’র নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের প্ল্যাটফর্মটি হালনাগাদ করার কাজ বর্তমানে চলমান আছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। এনটিআরসিএ’র তথ্য অনুযায়ী, মাউশির স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট ১০ হাজার ২৭৮টি শূন্যপদ রয়েছে। এরমধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ ৫৮৪, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্যপদ রয়েছে ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৩ হাজার ৮৭২টি। এ ছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৫০৪টি। মাদরাসা অধিদপ্তরের আওতাধীন কামিল মাদরাসার অধ্যক্ষের শূন্যপদ ৩৪টি এবং উপাধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৫৩টি। ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদ ২০২টি, ফাজিলের উপাধ্যক্ষ পদ ৩৪৩টি, আলিমের অধ্যক্ষ পদ শূন্য ২১৯টি, উপাধ্যক্ষ পদ ৩৭৭টি। এ ছাড়া দাখিল মাদরাসায় সুপার পদ শূন্য ৮৯১টি এবং সহকরী সুপারের ১ হাজার ৪টি শূন্যপদ রয়েছে। সবমিলিয়ে মাদরাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের শূন্যপদ ৩ হাজার ১৩১টি। অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য অধ্যক্ষ পদ ১১০টি, ভোকেশনালে শূন্য সুপার পদ ৪০টি এবং সহকারী সুপার ৪০টি। সবমিলিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান পদ শূন্য ১৯০টি। অপর এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে। আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। এরপর দিন ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৮০ হাজার প্রবাসী

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৮০ হাজার প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেয়ার সুযোগ পেয়েছে। ভোট দিতে আগ্রাহী প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ আগেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা পোস্টাল ব্যালট হাতে পেয়ে ভোটদান সম্পন্ন করে ব্যালট বাংলাদেশে পাঠানো শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোট প্রদান সম্পন্ন করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ থেকে এ তথ্য জানা যায়। প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন। প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।এর মধ্যে দেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন। দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।