দেবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ!

দেবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ! দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের পর এবার ওপার বাংলার সিনেমায় কাজ করার গুঞ্জনে আলোচনায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গুঞ্জন উড়ছে, ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রে তাকে দেখা যেতে পারে। এর আগেও দেব অভিনীত ‘প্রজাপতি টু’ সিনেমায় ফারিণের কাজ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রজেক্টটি আর বাস্তবায়িত হয়নি। কলকাতায় কাজের প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, “ওপারে কাজ করার আগ্রহ অবশ্যই আছে। বেশ কিছু প্রস্তাব নিয়ে কথা হচ্ছে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে ভয় লাগে। কারণ আগের অভিজ্ঞতা আমাকে সতর্ক করেছে।” কোনো প্রজেক্ট বাতিল হলে দর্শক ও অনুরাগীরা কষ্ট পান। তাই কোনো প্রজেক্ট নিশ্চিত হওয়ার আগে কিছু প্রকাশ করতে চান না। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সম্ভাব্য একটি সিনেমার শুটিং নিয়েও আপাতত মন্তব্য করতে নারাজ এই নায়িকা। বলে রাখা ভালো, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। প্রথম কাজেই সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘প্যাট্রি চাই’ নামে আরেকটি কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে সেই প্রজেক্ট থেকে সরে আসেন। এদিকে, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফারিণ। তার ভাষ্য, “এত বড় তারকার বিপরীতে অভিনয় করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে চরিত্রের গুরুত্ব আর অভিনয়ে নতুনত্ব দেখে কাজটি করতে রাজি হয়েছিলাম।” সব মিলিয়ে দেবের সঙ্গে তাসনিয়া ফারিণের সম্ভাব্য জুটি এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে গুঞ্জন যে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ফেসবুক ও জিমেইলসহ বিভিন্ন জনপ্রিয় অনলাইন সেবার ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এতে কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি কোনো বড় হ্যাক নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে পড়া ‘ইনফোস্টিলার’ ধরনের ম্যালওয়্যারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। যেভাবে ফাঁস হয় তথ্য সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার একটি প্রায় ৯৬ গিগাবাইট আকারের ডাটাবেজ শনাক্ত করেন, যা কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছাড়াই উন্মুক্ত অবস্থায় ছিল। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এই ডাটাবেজে প্রবেশ করতে পারত। ডাটাবেজটিতে ইমেইল ঠিকানা, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন লিংক সংরক্ষিত ছিল—যা সাইবার অপরাধীদের জন্য কার্যত প্রস্তুত তালিকার মতো। কোন কোন সেবার তথ্য বেশি গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ইমেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে, জিমেইল: ৪৮ মিলিয়ন, ফেসবুক: ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম: ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল: ৪ মিলিয়ন, নেটফ্লিক্স: ৩.৪ মিলিয়ন, আউটলুক: ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল: ৯ লাখ ও টিকটক: ৭.৮ লাখ। কেন ইমেইল অ্যাকাউন্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন, একটি ইমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে হ্যাকাররা সহজেই অন্যান্য অ্যাকাউন্টও দখল করতে পারে। কারণ ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা স্বাস্থ্যসেবার মতো অধিকাংশ সেবার পাসওয়ার্ড রিসেট লিংক ইমেইলে পাঠানো হয়। ফলে ব্যক্তিগত নথি, বিল, ভ্রমণের তথ্যসহ সংবেদনশীল ডেটা ঝুঁকিতে পড়ে। কীভাবে ছড়ায় ম্যালওয়্যার এই তথ্য একদিনে চুরি হয়নি। ভুয়া সফটওয়্যার আপডেট, সন্দেহজনক ইমেইল অ্যাটাচমেন্ট, ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন কিংবা বিভ্রান্তিকর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যার ডিভাইসে ঢুকে পড়ে। ব্যবহারকারী যখন পাসওয়ার্ড টাইপ করেন বা ব্রাউজারে সেভ করেন, তখনই তা চুরি হয়ে যায়। গবেষক ডাটাবেজটির বিষয়ে হোস্টিং কোম্পানিকে জানালেও প্রায় এক মাস এটি উন্মুক্ত অবস্থায় ছিল। বিশেষজ্ঞদের সতর্কতা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বড় প্রযুক্তি কোম্পানির সার্ভার তুলনামূলকভাবে সুরক্ষিত হলেও ব্যবহারকারীর নিজস্ব ডিভাইস দুর্বল হলে ঝুঁকি থেকেই যায়। তাই ব্যক্তিগত সাইবার সচেতনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম: জয়া আহসান

আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম: জয়া আহসান দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। আজ ঢাকা তো কাল কলকাতা—এভাবেই চলছে তার দিনকাল। নতুন কাজের জন্য এখন কলকাতায় অবস্থান করছেন জয়া। বেশ সময় ঢাকায় অবস্থান করে এবার কলকাতায় গিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কাজ নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই ব্যক্তিগত নানা বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেছেন জয়া। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জয়া আহসানের ভালো থাকার চাবিকাঠি কী? এ প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, “আমি তো বরাবরই প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ। আমার নিজের একটা জগৎ আছে, আমার পোষ্যদের নিয়ে দিনের অনেকটা সময় কাটে। ওগুলোই আমাকে ভালো রাখে। পাশাপাশি বোধহয় আমি ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই বলে জীবনে জটিলতা কম। আমাকে বাইরে থেকে মানুষ যেভাবে চেনেন, সেটা জয়া আহসানের ইমেজ, ভেতরের মানুষটা সম্পূর্ণ আলাদা।” ছোটবেলার এমন কোনো স্মৃতি আছে, যা এখনো আপনার মনে ছাপ রেখেছে? জবাবে জয়া আহসান বলেন, “আমি ছোট থেকেই একটু অন্যরকম ছিলাম। একা থাকতে ভালো লাগত, আর কল্পনা প্রবণতা তো আমার শুরু থেকেই ছিল। এখন বললে অনেকে ভুল বুঝবেন, আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম। নিজের মনে যা বিশ্বাস করতাম, তাই বলতাম। আর সবাই সেটা বিশ্বাসও করে নিত। এখনো অনেক সত্যি উদঘাটন হলে সবাই চমকে ওঠে। এই সমস্যার উৎপত্তির কারণ আমার জানা নেই। কিন্তু একটা সমস্যা যে ছিলই সেটা বুঝেছি। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছি।” জয়া আহসানের পরবর্তী সিনেমা ‘ওসিডি’। সিনেমাটিতে জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামে একজন চিকিৎসকের চরিত্রে। অতীতের ধূসর ছায়া যেন তার পুরো জীবন জুড়ে লেপ্টে আছে। মনের গভীরে জমে থাকা অন্ধকার তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। একসময় তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর শ্বেতার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরুদ্ধাচরণ করে, তাদের প্রতি ক্রমশ বিতৃষ্ণ হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত শ্বেতার পরিণতি কী, তার উত্তর মিলবে ‘ওসিডি’ সিনেমার গল্পে। সৌকর্য ঘোষাল পরিচালিত এ সিনেমা আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা ব্যানার্জি প্রমুখ।
২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার মরক্কো, সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৮০ হাজার টন ডিএপি সার, ৭০ হাজার টন ইউরিয়া এবং ৬০ হাজার টন টিএসপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৭০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৯৭৫ টাকা। গতকাল সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মরক্কো থেকে এই সার আনতে ব্যয় হবে ৩১৯ কোটি ৫১ লাখ ৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৫১ মার্কিন ডলার।
৩৩৩-তে ডায়াল করে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্য

৩৩৩-তে ডায়াল করে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঠিক, নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি এই নম্বরে কল করে ৯ প্রেসের মাধ্যমে সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন নাগরিকরা। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এই সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD ও Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে এরইমধ্যে ১ হাজার ৬৪৩ অন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবে ৩৩৩ এর ৯ নম্বর ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না, বরং একটি ‘Information Intake, Early Warning & Forwarding System’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে ভারত সমর্থিত বলে অভিযুক্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ২২ সদস্য। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সম্প্রতি প্রদেশজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু করা হয়। বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে একযোগে হামলা চালানো হলে পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। দেশ রক্ষা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন সেনা শহীদ হন। এর আগে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির বিভিন্ন স্থানে প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনাগুলো তাদের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এর আগেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা প্রায় ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে পরিণত হয়।
মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ১০ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছিল, যার ফলে বিস্তৃত অঞ্চলে কম্পনগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। ভূতাত্ত্বিক তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য মিয়ানমারের ইয়েনাংইয়াং থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পের পর কলকাতা এবং পূর্ব ভারতের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও বাসিন্দারা। শহরের বাসিন্দারা রাত ৯টা ৫ মিনিটে প্রায় ১০-১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে, যার ফলে অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। কলকাতায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ২০২৫ সালের মার্চ মাসে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়।
গ্রিস কোস্টগার্ডের নৌকার সঙ্গে সংঘর্ষে ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত

গ্রিস কোস্টগার্ডের নৌকার সঙ্গে সংঘর্ষে ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিস কোস্টগার্ডের একটি টহল বোটের সঙ্গে অভিবাসীবোঝাই একটি নৌকার ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। খবর বিবিসির। গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পূর্ব এজিয়ান সাগরে এই দুর্ঘটনাটি ঘটে। অভিবাসীদের বহনকারী নৌকাটি অত্যন্ত ছোট এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। গ্রিস কোস্টগার্ডের একটি দ্রুতগামী টহল বোটের সঙ্গে সেটির সংঘর্ষ হলে অভিবাসীদের নৌকাটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। কোস্টগার্ড নৌকাটিকে তাড়া করছিল। দুর্ঘটনার পরপরই গ্রিস কোস্টগার্ড বড় আকারের উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি জানায়, যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। আহতদের মধ্যে সাতজন শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং কোস্টগার্ডের দুজন কর্মকর্তা রয়েছেন। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে সেখানে একটি বড় ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এই অভিযানে কোস্টগার্ডের চারটি জাহাজ, বেসামরিক ডুবুরি বহনকারী একটি ব্যক্তিগত নৌকা এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই সংঘর্ষটি ঘটল, তা কোস্টগার্ড এখনও স্পষ্ট করেনি।
শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত মুসলিমদের পবিত্র শবে বরাতের রাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন। গাজার দক্ষিণ সীমান্তে রাফাহ ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এতে চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন।
চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে উত্তেজনার আগুন জ্বলেনি পুরোটা সময়। ম্যাচটা এগোচ্ছিল ধীর গতিতে, আক্রমণের ধারও ছিল না তেমন। পরিসংখ্যান অনুযায়ী চেলসির এগিয়ে থাকার কথা। কিন্তু ফুটবলে যে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে শেখায় তা আবারও প্রমাণ করল আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে এসে দৃশ্যপট বদলে দেন কাই হাভার্টজ। ৯৭ মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে কাটিয়ে জাল কাঁপান জার্মান তারকা। ওই এক গোলেই ১-০ জয় নিশ্চিত হয় গানারদের। প্রথম লেগের ৩-২ জয়ের সঙ্গে মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে লিগ কাপের ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল। ম্যাচে বলের ৫৫ শতাংশ দখল নিয়ে এগিয়ে ছিল চেলসি। শটও নিয়েছে বেশি, ১১টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ২টি। আর্সেনাল শট নিয়েছে ৬টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি। তবুও শেষ হাসি লালদের। প্রথমার্ধে দু’দলই ছিল সতর্ক। ১৮ মিনিটে আর্সেনাল সুযোগ পেলে চেলসির গোলরক্ষক পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট রুখে দেন। বিরতির ঠিক আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট ঠেকান কেপা আরিজাবালাগা। দ্বিতীয়ার্ধে গতি বাড়লেও কাঙ্ক্ষিত গোল মিলছিল না কারও। অতিরিক্ত সময়ের শুরুতেই হতাশ হয়ে চেলসি সমর্থকদের একটি অংশ মাঠ ছাড়তে শুরু করে। কয়েক মিনিট পর সেই হতাশা পূর্ণতা পায় হাভার্টজের গোলে। এই জয়ে এমিরেটসে চেলসির বিপক্ষে আর্সেনালের অপরাজেয় ধারা আরও লম্বা হলো। দুই দলের সর্বশেষ ১০ দেখায় জয় নেই স্টামফোর্ড ব্রিজের দলটির।