নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু

নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঠিক, নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআইয়ের ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।  ইসির সহযোগিতায় এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। মূলত নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে সম্পূর্ণ টোল-ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নাগরিকরা নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এই সেবার আওতায় ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান এবং জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম এবং প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধাসংক্রান্ত তথ্যও এখানে মিলবে। এ ছাড়া, জরুরি নির্দেশনা, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর এবং নির্বাচন কমিশনের নির্ধারিত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ও পোস্টাল ভোটিং অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত জানানো হচ্ছে। গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে (পাইলট আকারে) চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে ইতিমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিয়েছেন। এই হেল্পলাইনটি শুধু তথ্যসেবাই নয়, বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ এবং সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবেও কাজ করবে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোলরুম হিসেবে কাজ করবে না; বরং একটি ‘ইনফরমেশন ইনটেক, আর্লি ওয়ার্নিং অ্যান্ড ফরওয়ার্ডিং সিস্টেম’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে।

পাল্লেকেলের ফাঁদেই আটকাল স্বাগতিকরা, প্রস্তুতির সিরিজে নিখুঁত ইংল্যান্ড

পাল্লেকেলের ফাঁদেই আটকাল স্বাগতিকরা, প্রস্তুতির সিরিজে নিখুঁত ইংল্যান্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হয়েও প্রস্তুতির মঞ্চে চরম হতাশার ছবি দেখল শ্রীলঙ্কা। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ জিততে না পেরে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো দাসুন শানাকার দলকে। মঙ্গলবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে কম রানের ম্যাচে নিজেদের তৈরি স্পিন-নির্ভর উইকেটেই আটকে গেল স্বাগতিকরা। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১১৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে সিরিজ শেষ হয় ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে। এই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে পাল্লেকেলেতে। তবে প্রতিটি ম্যাচে উইকেটের আচরণ ছিল ভিন্ন। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ওভার কমলেও স্পিন খুব বেশি প্রভাব ফেলেনি। দ্বিতীয় ম্যাচ ছিল তুলনামূলক ব্যাটিং-বান্ধব। আর শেষ ম্যাচে স্পিনারদের আধিপত্যই ঠিক করে দেয় ফলাফল। প্রথমে লঙ্কান বোলাররা ইংল্যান্ডকে চাপে ফেললেও পরে সেই একই ফাঁদে নিজেরাই পড়েন স্বাগতিক ব্যাটাররা। এর আগে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। সিরিজের প্রথম ম্যাচ জিতেও পরের দুই ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে এসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। এই নিয়ে ইংল্যান্ডের কাছে টানা ১১টি টি-টোয়েন্টিতে হারল শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটি তাদের ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় হোয়াইটওয়াশ। ঘরের মাঠে প্রথম। এর আগে ২০২১ সালে ইংল্যান্ডে একই পরিণতি হয়েছিল। শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। মাত্র ৬০ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলে হ্যারি ব্রুকের দল। সেই ধাক্কা সামলে লড়াইয়ের পুঁজি এনে দেন স্যাম কারান। ৪৮ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। এছাড়া জস বাটলার করেন ২৫ রান। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৮। শ্রীলঙ্কার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন দুষ্মন্ত চামিরা। মাত্র ২৪ রানে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি। ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের তৃতীয় বলেই শূন্যরানে ফিরে যান ওপেনার কামিল মিশারা। পাথুম নিশাঙ্কা আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা আশা জাগালেও ২৩ রানেই থেমে যান। পাওয়ারপ্লেতে ৪৬ রান তুলে লঙ্কানরা ম্যাচে থাকলেও মাঝের ওভারে দ্রুত উইকেট হারানোয় সেই সম্ভাবনা ফিকে হয়ে যায়। ৬২ রানের মধ্যে পভন রত্ননায়েক ও কুশল মেন্ডিস ফিরে গেলে চাপ আরও বাড়ে। কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট হয়নি। শেষ ছয় উইকেট পড়ে যায় মাত্র ২৬ রানের ব্যবধানে। ইংল্যান্ডের বোলিংয়ে বড় ভূমিকা রাখেন স্পিনাররা। জ্যাকব বেথেল নেন চারটি উইকেট। আর উইল জ্যাকস শিকার করেন তিনটি। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার উঠেছে স্যাম কারানের হাতেই। ব্যাটে-বলে তার অবদানই এই সিরিজে ইংল্যান্ডের নিখুঁত সাফল্যের প্রতিচ্ছবি। বিশ্বকাপের আগে যেখানে প্রস্তুতির আত্মবিশ্বাস গড়ার কথা ছিল, সেখানে ঘরের মাঠে এমন পরাজয় শ্রীলঙ্কার জন্য বড় সতর্কবার্তা হয়েই রইল।

জেনে নিন বিটরুটের হালুয়া তৈরির রেসিপি

জেনে নিন বিটরুটের হালুয়া তৈরির রেসিপি  হালুয়ার স্বাদ কে না পছন্দ করেন! বিশেষ করে মিষ্টি খাবার খেতে যারা বেশি ভালোবাসেন, তাদের কাছে পছন্দের একটি পদ হলো হালুয়া। অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো আয়োজনে থাকে নানা স্বাদের হালুয়া। সাধারণত আমাদের দেশে ছোলার ডাল কিংবা সুজির হালুয়া বেশি খাওয়া হয়। তবে আরও অনেক কিছু দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হালুয়া। আজ চলুন জেনে নেওয়া যাক বিটরুটের হালুয়া তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে : বিটরুট- ১টি লবণ- ১ চিমটি সুজি- ১/২কাপ ময়দা- ১/২কাপ ঘি- ১/২ কাপ এলাচ- ২টি গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ পানি- পরিমাণমতো গোলাপ জল- ১/২চা চামচ কিশমিশ, বাদাম ও কোকোনাট পাউডার- সাজানোর জন্য। যেভাবে তৈরি করবেন প্রথমে বিটরুট ধুয়ে গ্রেট করে তারপর ব্লেন্ড করে নিন। এবার বিটের রসটুকু ছেঁকে নিন। একটি ননস্টিক কড়াইয়ে ঘি গরম করে তাতে ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিন। একটু লালচে ভাব হয়ে এলে তাতে বিটের রস, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে নেড়েচেড়ে নিন। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে গোলাপজল ও কাজু পেস্তা কুচি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর পছন্দমতো শেইপে কেটে নিন। উপরে কোকোনাট পাউডার ও কিশমিশ-বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

সুস্থ কিডনির রহস্য লুকিয়ে আছে যেসব খাবারে

সুস্থ কিডনির রহস্য লুকিয়ে আছে যেসব খাবারে রক্ত পরিশোধন, শরীরের বিষাক্ত পদার্থ (টক্সিন) অপসারণ এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সামলায় কিডনি। তবে বর্তমানের অনিয়মিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ছে আশঙ্কাজনক হারে। কেবল পর্যাপ্ত পানি খেলেই কিডনি রক্ষা পায় না, প্রয়োজন সঠিক ও সুষম খাদ্যাভ্যাস। বিশেষজ্ঞদের মতে, আপনার হাতের কাছে থাকা কিছু সাধারণ খাবারই হতে পারে কিডনির সুরক্ষাকবচ। জেনে নিন কী কী রাখবেন আপনার দৈনন্দিন তালিকায়- ফুলকপি ও পেঁয়াজ : ডিটক্সের হাতিয়ার কিডনি থেকে টক্সিন বের করে দিতে ফুলকপির জুড়ি নেই। এটি ভিটামিন সি, ফোলেট এবং ফাইবার সমৃদ্ধ, যা শরীরের ডিটক্স প্রক্রিয়ায় দারুণ কাজ করে। অন্যদিকে, যারা পটাশিয়ামের ভয়ে সবজি বাছেন, তাদের জন্য পেঁয়াজ আদর্শ। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, যেমন- অ্যাসিলিন ও কোয়ারসেটিন কিডনির ওপর চাপ কমিয়ে হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ফল যখন মহৌষধ : আপেল ও তরমুজ কিডনিকে হাইড্রেটেড রাখে। এটি শরীর থেকে বর্জ্য অপসারণে দ্রুত কাজ করে। এছাড়া আপেলের উচ্চ ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট শুধু কিডনির প্রদাহই কমায় না, বরং রক্তে শর্করা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখে। তেল ও ভেষজ গুণ : রান্নায় স্বাস্থ্যকর চর্বির উৎস হিসেবে জলপাই তেল বা অলিভ অয়েল ব্যবহার কিডনি রোগীদের জন্য আশীর্বাদস্বরূপ। পাশাপাশি যারা ওজন কমাতে গ্রিন টি খান, তারা জেনে খুশি হবেন যে এটি কিডনির জন্য একটি ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুণ কিডনির কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। রসুন ও সামুদ্রিক মাছ : প্রদাহবিরোধী বা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ঠাসা রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে কিডনিকে সুরক্ষিত রাখে। এছাড়া খাদ্যতালিকায় স্যামন বা টুনার মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ রাখা জরুরি। এটি শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমিয়ে কিডনির সুস্বাস্থ্য নিশ্চিত করে।

এপস্টেইন আইল্যান্ডের নিয়ন্ত্রিত গোপন কম্পাউন্ড

এপস্টেইন আইল্যান্ডের নিয়ন্ত্রিত গোপন কম্পাউন্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে অবস্থিত লিটল সেন্ট জেমস ও গ্রেট সেন্ট জেমস। এই দুই দ্বীপকে জেফরি এপস্টেইন পরিণত করেছিলেন একটি গোপন কম্পাউন্ডে। আর এখানেই তিনি মানবপাচারের শিকার নারী ও শিশুদের এনে আটক রাখতেন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, দুটি দ্বীপ মিলিয়ে মোট আয়তন ছিল প্রায় ২৩৭ একর। বাহ্যিকভাবে দ্বীপগুলো ছিল অভিজাত অতিথিদের জন্য বিলাসী স্বর্গ। আদতে বাস্তবে পাচার হওয়া ব্যক্তিদের জন্য এটি ছিল নজরদারি ও নিয়ন্ত্রণে ঘেরা এক ভয়াবহ ফাঁদ। দ্বীপগুলোর বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থাই জেফরি এপস্টেইনের কার্যক্রম পরিচালনাকে আরও সহজ করে তোলে। এই দ্বীপে রয়েছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ভবন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং গোপন ক্যামেরার মাধ্যমে অতিথিদের চলাফেরা ধারণ করার ব্যবস্থাও ছিল বলে জানা যায়। বার্তা সংস্থা এপি জানায়, দ্বীপ দুটিতে ব্যক্তিগত জেট, হেলিপ্যাডসহ নানা বিলাসী সুবিধা থাকলেও সেগুলো পরিচালিত হতো কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথিতে উল্লেখ করা হয়েছে, এই দ্বীপগুলো কার্যত একটি ‘লজিস্টিক হাব’ হিসেবে ব্যবহৃত হতো। নথি অনুযায়ী, ভুক্তভোগীদের সাধারণ পর্যটকের ছদ্মবেশে সেন্ট থমাস বিমানবন্দর দিয়ে এই দ্বীপে আনা হতো। এরপর তাদের দ্বীপে নিয়ে গিয়ে বন্দী করে রাখা হতো। তারা বাইরের দুনিয়া থেকে ওই দ্বীপের মতো নির্জন আর একা হয়ে পড়তেন।

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী প্রদানের কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২-০৪৬২৩২ ও ০১৬১২-৬৭৭০৭৪ নম্বর দু’টি ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।’ এতে আরও বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো- আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানি প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে এই ধরনের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ জাতীয় জালিয়াতি এড়াতে সকলকে সর্বোচ্চ সচেতন থাকতেও বলা হয়েছে।

আকাশে দেখা গেল ফেব্রুয়ারির ‘স্নো মুন’, আসছে সুপারমুন ও চন্দ্রগ্রহণ

আকাশে দেখা গেল ফেব্রুয়ারির ‘স্নো মুন’, আসছে সুপারমুন ও চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় গত সোমবার ভোরে আকাশে দেখা গেছে ফেব্রুয়ারির পূর্ণিমা, যাকে ‘স্নো মুন’ নামে ডাকা হয়। উত্তর আমেরিকায় এ সময় তুষারপাত বেশি হয় বলে এই নামটি জনপ্রিয়। পূর্ণিমার চাঁদ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই দেখা যায়। বাংলাদেশে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চাঁদ ছিল প্রায় পূর্ণিমার মতো উজ্জ্বল। আর্থস্কাই-এর তথ্য অনুযায়ী, পূর্ণিমা সর্বোচ্চ উজ্জ্বল হয়েছিল রবিবার বিকাল ৫টা ৯ মিনিটে (ইস্টার্ন টাইম)। বাংলাদেশ সময় তা ছিল সোমবার ভোর ৪টা ৯ মিনিটে। ফলে দেশে চাঁদ দেখার সবচেয়ে ভালো সময় ছিল রবিবার রাত এবং সোমবার ভোর। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী নোয়া পেট্রো জানান, পূর্ণিমার সময় চাঁদের পৃষ্ঠে আলো-অন্ধকার অংশ খালি চোখেও দেখা যায়। টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করলে চাঁদের গর্ত (ক্রেটার) ও বিভিন্ন গঠন আরও স্পষ্ট বোঝা সম্ভব। এদিকে আকাশপ্রেমীদের জন্য সামনে আরও কয়েকটি বড় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা রয়েছে। ফারমার্স অ্যালমানাকের তালিকা অনুযায়ী, ৩ মার্চ আবার পূর্ণিমা হবে (ওয়ার্ম মুন)। একই দিনে এশিয়া অঞ্চলের আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে। চন্দ্রগ্রহণের সময় চাঁদ লালচে দেখাতে পারে, যাকে অনেকে ‘ব্লাড মুন’ (রক্তিম চাঁদ) বলেন। এছাড়া ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে দেখা যেতে পারে সুপারমুন ; চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি চলে এলে এটি স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, এসব দৃশ্য উপভোগ করতে শহরের অতিরিক্ত আলো এড়িয়ে খোলা জায়গা বেছে নেওয়া ভালো। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এসব ঘটনা সহজে দেখা যাবে।

‘বর্ডার টু’ সিনেমার আয় ৫২৮ কোটি টাকা ছাড়িয়ে

‘বর্ডার টু’ সিনেমার আয় ৫২৮ কোটি টাকা ছাড়িয়ে জে পি দত্ত নির্মিত বলিউড সিনেমা ‘বর্ডার’। ২৯ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। ‘বর্ডার টু’ শিরোনামে এ সিনেমা পরিচালনা করেছেন অনুরাগ সিং। পূর্বের মতো এ সিনেমায়ও অভিনয় করেছেন ববি দেওল। তবে সুনীল শেঠি নেই, কিন্তু তার পুত্র আহান শেঠি যুক্ত হয়েছেন। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন—বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জে, মোনা সিং প্রমুখ। গত ২৩ জানুয়ারি ৪ হাজার ৮০০ পর্দায় মুক্তি পেয়েছে ‘বর্ডার টু’ সিনেমা। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। তরন আদর্শ সিনেমাটির অত্যন্ত ইতিবাচক রিভিউ দিয়েছেন। পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। কেবল তাই নয় এটিকে ‘আউটস্ট্যান্ডিং’ বলেও মন্তব্য করেছেন। বলিউড হাঙ্গামা সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। চিত্রনাট্য, পরিচালনা, আবেগের গভীরতা, অভিনয় এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছে। যদিও কিছু ভিজ্যুয়াল এফেক্ট আরো ভালো হতে পারত, সিনেমার দৈর্ঘ্য কিছুটা কম হলে ভালো হতো বলে মত দিয়েছে। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিসের সিমরান সিং সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। এটিকে যুদ্ধের সেরা চলচ্চিত্রগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। কেবল দর্শক-সমালোচকদের প্রশংসাই কুড়াচ্ছে না, বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। যদিও সময়ের সঙ্গে বক্স অফিসে আয় ওঠানামা করছে। বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘বর্ডার টু’ সিনেমা আয় করে ২৮ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ৩৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ৪৯ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ৫৩ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ১৯.৫ কোটি রুপি (নিট)। ৬ষ্ঠ দিনে আয় করে ১৩ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ১১.২৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করে ১০.২৫ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করে ১৬.৫ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করে ২০ কোটি রুপি (নিট), ১১ দিনে আয় করে ৫.৫ কোটি রুপি (নিট), ১২ দিনে আয় করে ৫.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ২৬৬ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৫৮ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৪৮১ কোটি ৯৯ লাখ টাকা। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘বর্ডার টু’ সিনেমা ১২ দিনে ভারতে আয় করেছে ২৮৬ কোটি রুপি (নিট)। ভারতে গ্রস আয় ৩৪২.৫০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩৯২.৫০  কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৫২৮ কোটি ৪৪ লাখ টাকা। ‘বর্ডার টু’ সিনেমায় যুদ্ধের ভয়াবহতা ও সৈন্যদের বীরত্বের গল্প বলেছেন নির্মাতারা। সিনেমাটির নারী চরিত্রে রয়েছেন—মোনা সিং, অন্যা সিং, সোনম বাজওয়া ও নবাগত মেধা রানা। সিনেমাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে আরও ১৭১ মিলিয়ন বা ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি ফেব্রুয়ারি মাসে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৪৩২ কোটি ৩০ লাখ বা ৪.৩২ বিলিয়ন ডলার।

দেবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ!

দেবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ! দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের পর এবার ওপার বাংলার সিনেমায় কাজ করার গুঞ্জনে আলোচনায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গুঞ্জন উড়ছে, ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রে তাকে দেখা যেতে পারে।  এর আগেও দেব অভিনীত ‘প্রজাপতি টু’ সিনেমায় ফারিণের কাজ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রজেক্টটি আর বাস্তবায়িত হয়নি। কলকাতায় কাজের প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, “ওপারে কাজ করার আগ্রহ অবশ্যই আছে। বেশ কিছু প্রস্তাব নিয়ে কথা হচ্ছে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে ভয় লাগে। কারণ আগের অভিজ্ঞতা আমাকে সতর্ক করেছে।”  কোনো প্রজেক্ট বাতিল হলে দর্শক ও অনুরাগীরা কষ্ট পান। তাই কোনো প্রজেক্ট নিশ্চিত হওয়ার আগে কিছু প্রকাশ করতে চান না। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সম্ভাব্য একটি সিনেমার শুটিং নিয়েও আপাতত মন্তব্য করতে নারাজ এই নায়িকা। বলে রাখা ভালো, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। প্রথম কাজেই সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘প্যাট্রি চাই’ নামে আরেকটি কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে সেই প্রজেক্ট থেকে সরে আসেন।  এদিকে, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফারিণ। তার ভাষ্য, “এত বড় তারকার বিপরীতে অভিনয় করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে চরিত্রের গুরুত্ব আর অভিনয়ে নতুনত্ব দেখে কাজটি করতে রাজি হয়েছিলাম।” সব মিলিয়ে দেবের সঙ্গে তাসনিয়া ফারিণের সম্ভাব্য জুটি এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে গুঞ্জন যে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।