হঠাৎ চোখ কেঁপে ওঠা বা লাফালে করণীয় কী

হঠাৎ চোখ কেঁপে ওঠা বা লাফালে করণীয় কী হঠাৎ চোখ কেঁপে ওঠা বা লাফিয়ে ওঠা একটি পরিচিত, কিন্তু অনেকের কাছেই উদ্বেগজনক সমস্যার মধ্যে একটি। নারী-পুরুষ উভয়েরই অমূল্য সম্পদ হলো তাদের দুটি চোখ। এই চোখ দিয়েই আমরা রঙিন দুনিয়ার নানা দৃশ্য উপভোগ করি। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কোনো অজানা কারণে হঠাৎ চোখ কেঁপে ওঠে কেন? অনেকেই চোখ কাঁপাকে কোনো অঘটনের পূর্বাভাস বলে মনে করেন, যদিও বাস্তবে এর পেছনে চিকিৎসাবিজ্ঞানের সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। চিকিৎসাশাস্ত্রে চোখের এই অনিয়ন্ত্রিত কাঁপা বা লাফিয়ে ওঠাকে বলা হয় মাইয়োকিমিয়া। বিশেষজ্ঞদের মতে, দিনে এক-দুবার চোখ কাঁপা সাধারণত স্বাভাবিক এবং তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে যদি এটি অতিরিক্ত হয় বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, চোখের পাতা কেঁপে ওঠার পেছনে কয়েকটি গুরুতর কারণ থাকতে পারে। মানসিক চাপ বা দুশ্চিন্তা, অতিরিক্ত ক্লান্তি, বেশি ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণের ফলে চোখ কাঁপতে পারে। এ ছাড়া বাতাসের ধুলাবালি, ময়লা, রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা কিংবা চোখে ভাইরাসজনিত সংক্রমণ হলেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে সচেতন হলে এবং সঠিক পদক্ষেপ নিলে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চোখের পাতা লাফালে প্রথমেই চোখের ওপর অতিরিক্ত চাপ কমানোর ব্যবস্থা নিতে হবে। মোবাইল ফোন, টেলিভিশন ও অন্যান্য ডিজিটাল পর্দার ব্যবহার সীমিত করা উচিত এবং কম আলোয় চোখের কাজ করা থেকে বিরত থাকতে হবে। মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে এবং চা-কফির পরিমাণও কমিয়ে দেওয়া ভালো। দূষিত বাতাসের কারণে সমস্যা হলে রোদচশমা ব্যবহার করা উপকারী হতে পারে। তবে গুরুতর দৃষ্টিগত সমস্যা, পুষ্টির ভারসাম্যহীনতা কিংবা অ্যালার্জির কারণে যদি চোখ কাঁপা শুরু হয়, তাহলে অবশ্যই একজন দক্ষ চক্ষুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কারণ দৃষ্টিগত সমস্যায় ধীরে ধীরে চোখের জ্যোতি কমে যেতে পারে। এ অবস্থায় সময়মতো চিকিৎসা না নিলে ভবিষ্যতে চোখের ক্ষতির ঝুঁকি আরও বেড়ে যায়। চোখের পাতা লাফালে প্রাথমিকভাবে পানি পান বাড়াতে হবে এবং প্রতিদিন অন্তত আট ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করতে হবে। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং ম্যাগনেশিয়াম ও ভিটামিনের ঘাটতি পূরণে ডাব, দুধ, ডিম, বাদাম ও মৌসুমি ফলমূল খাদ্যতালিকায় রাখা উচিত। পুষ্টির ভারসাম্যহীনতার কারণে চোখ কাঁপা শুরু হলে চিকিৎসকরা সাধারণত শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে বলে ধারণা করেন। এ ক্ষেত্রে সঠিক ডায়েট প্ল্যান ও প্রয়োজনীয় ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চোখ কাঁপার মতো সমস্যার সম্মুখীন হলে দেরি না করে প্রথমেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তাতেও উপকার না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করা উচিত। প্রফেসর ডা. সৈয়দ একে আজাদ লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ ভারতীয় গরু ও নেশাকারক সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ ভারতীয় গরু ও নেশাকারক সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে চোরাচালানকৃত ৭টি ভারতীয় গরু ও ৩৫ বোতল নেশাকারক সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত ১টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ৩টি বিশেষ টহল দল অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি আরও জানায় সদরের চরাবাগডাঙ্গা বিওপি হতে চরবাগডাঙ্গা ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযানে জব্দ হয় ২টি গরু। সদরের বাখের আলী বিওপি হতে সদরের নারায়ানপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চর হতে জব্দ হয় ৫টি গরু। এছাড়া শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহল দল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে জব্দ করে ৩৫ বোতল সিরাপ। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, জব্দ সিরাপ শিবগঞ্জ থানায় ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

জকোভিচকে থামিয়ে আলকারাজের ইতিহাস

জকোভিচকে থামিয়ে আলকারাজের ইতিহাস নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও বাড়ল। সার্বিয়ান কিংবদন্তির স্বপ্ন চূর্ণ করে দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। রোববার রড লেভার অ্যারেনায় ৩ ঘণ্টা ৩ মিনিটের চার সেটের রোমাঞ্চকর লড়াইয়ে জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। এই জয়ে মাত্র ২২ বছর বয়সেই ‘ক্যারিয়ার স্ল্যাম’ (চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম জয়) পূর্ণ করলেন আলকারাজ। ওপেন যুগে এত কম বয়সে এই কীর্তি আর কারও নেই। এমনকি তার ‘গুরু’ রাফায়েল নাদালকেও ছাড়িয়ে গেছেন তিনি। এটি আলকারাজের ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ফাইনালে দুর্দান্ত শুরু করেছিলেন অভিজ্ঞ জকোভিচ। আলকারাজের ভুলে এবং নিজের অভিজ্ঞতায় প্রথম সেট ৬-২ ব্যবধানে সহজেই জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা। জোকোভিচের সার্ভ ভেঙে ৬-২ গেমে সেট জিতে সমতা ফেরান। তৃতীয় ও চতুর্থ সেটে ৩৮ বছর বয়সী জকোভিচের খেলায় বয়সের ছাপ স্পষ্ট হয়। ২২ বছরের আলকারাজের গতির কাছে হার মানেন তিনি। তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে জেতার পর চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন আলকারাজ।

অ্যাকশন নিয়ে গ্রিনের প্রশ্নে সামাজিক মাধ্যমে উসমানের ব্যঙ্গ

অ্যাকশন নিয়ে গ্রিনের প্রশ্নে সামাজিক মাধ্যমে উসমানের ব্যঙ্গ গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে রেকর্ড ৯০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সেই ম্যাচে উসমান তারিকের আউট হয়ে যেন মেনেই নিতে পারছিলেন না ক্যামেরন গ্রিন। মাঠ ছাড়ার সময় বারবার ইঙ্গিত করছিলেন, চাকিং করেছেন উসমান। উসমানের বিপক্ষে এই অভিযোগ আগেও উঠেছে। তবে আগে কখনও কোনোপ্রকার আওয়াজ না করলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি। তার ইনস্টাগ্রাম স্টোরি দেখে পড়ে গেছে হাসির রোল। ম্যাচশেষেও যখন উসমানের বোলিং অ্যাকশন আলোচনায় তখন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। সেই ভিডিওতে দেখা যায়, আউট হয়ে সাজঘর ফিরে যাওয়ার সময় গ্রিন যেভাবে হাত নাড়িয়ে চাকিংয়ের অভিযোগ করছিলেন সেভাবেই এক কিশোর অভিযোগের সুরে কাঁদো কাঁদো ভঙ্গিমায় কোনো কিছু নিয়ে অভিযোগ জানাচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আফটার গেটিং আউট। উসমানের ভক্তরা ইনস্টাগ্রামে তার এই ভিডিও পোস্ট দেখে বেশ হাসাহাসি করছেন। অনেকেই তার রসবোধের প্রশংসা করছেন। আবার অনেকে পুনরায় প্রশ্ন তুলছেন অ্যাকশন নিয়ে।আইসিসির নিয়ম অনুযায়ী অবশ্য, হাতের কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। উসমান তারিকের বিরুদ্ধে অতীতে দুইবার চাকিংয়ের অভিযোগ উঠেছিল। নতুন করে ওঠা বিতর্ক কতদূর গড়ায়, তাই দেখার বিষয়।

বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ

বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত লাইসেন্সধারী সব বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁদের জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা কার্যকর হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা

বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। ফলে ওই সময়ে দেশের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাওয়া এই আসরের নাম দেওয়া হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। যেখানে অংশ নেবে মোট তিন দল। আজ রোববার তিন দলের স্বোয়াড দল ঘোষণা করেছে বিসিবি। ধুমকেতু একাদশ স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। দুর্বার একাদশ স্কোয়াড- হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ। দুরন্ত একাদশ স্কোয়াড- জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর তাগিদ প্রধান উপদেষ্টার

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর তাগিদ প্রধান উপদেষ্টার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হলেও যেন বাংলাদেশের রপ্তানি—বিশেষ করে তৈরি পোশাক খাত—ইইউ’র বাজারে নির্বিঘ্ন প্রবেশাধিকার বজায় রাখতে পারে, সে জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও সহজ ও গতিশীল করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়। অধ্যাপক ইউনূস বলেন, সম্প্রতি জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে, যার ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের সাত হাজার ৩০০টির বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গেও একই ধরনের চুক্তির উদ্যোগ নিতে চায় সরকার। তিনি আরও বলেন, “জাপানের সঙ্গে ইপিএ আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ হলে বাংলাদেশের রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে।” ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ ইইউ’র বাজারে বিদ্যমান বাণিজ্য সুবিধা হারাতে পারে। তাই সময় থাকতেই এফটিএ নিয়ে আলোচনা শুরু করা জরুরি। তাঁর মতে, এমন চুক্তি হলে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পশ্চিমা বাজারে বাংলাদেশের রপ্তানি আরও শক্তিশালী হবে। তিনি জানান, ভারত ইতোমধ্যে ইইউ’র সঙ্গে এফটিএ আলোচনার পথে রয়েছে এবং ভিয়েতনাম আগে থেকেই এ ধরনের চুক্তির সুফল পাচ্ছে। এর ফলে দেশ দুটি ইউরোপের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। “আমরা এফটিএ’র পক্ষে সক্রিয়ভাবে কাজ করছি এবং ইউরোপে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করব,” বলেন নুরিয়া লোপেজ। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্কের ধরনে পরিবর্তন আসবে, তবে তা ২০২৯ সালের আগে কার্যকর হবে না। তিনি জানান, প্রায় ২০ কোটি মানুষের বাজার হিসেবে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরে ইইউ আগ্রহী। এ লক্ষ্য সামনে রেখে ২০২৬ সালে একটি ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তুতিও চলছে। তিনি বলেন, “ইইউ’র কোম্পানিগুলো যেন বাংলাদেশে সমান সুযোগ পায় এবং বিনিয়োগে আগ্রহী হয়—সে জন্য রাজনৈতিক পর্যায়ে স্পষ্ট বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ।” প্রধান উপদেষ্টা আরও বলেন, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ কারখানা স্থানান্তরের একটি বড় সম্ভাবনাময় গন্তব্য হতে পারে। দক্ষ শ্রমশক্তি ও তুলনামূলক কম উৎপাদন ব্যয় দেশের বড় শক্তি উল্লেখ করে তিনি জানান, সরকার একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলছে, যার লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্রে রূপান্তর করা। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ইইউ’র বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “ইইউ’র পর্যবেক্ষকদের উপস্থিতি আমাদের গণতন্ত্র পুনরুজ্জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ আস্থার প্রতীক।” তিনি যোগ করেন, নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক। বৈঠকে সরকারের এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

রাফাহ সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল

রাফাহ সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল প্রায় দুই বছর পর গাজা ও মিশরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। এ সীমান্ত ক্রসিং দিয়ে অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবেদন জানিয়ে আসছিল। পরীক্ষামূলক নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে রোববার ইসরায়েল ওই ক্রসিংটি খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চলাকালে শনিবার গাজার উত্তর ও দক্ষিণ অংশে তেল আবিবের একাধিক বিমান হামলায় ৬ শিশুসহ অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ ক্রসিংটি খোলা হল। খবর আল-জাজিরার ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে, ‘পাইলট অভিযান’ হিসেবে রোববার সকাল থেকে গুরুত্বপূর্ণ এ ক্রসিংটি চালু আছে। সোমবার থেকে ক্রসিংটির দুই দিকেই লোক যাতায়াতের সুযোগ দেওয়া হবে বলেও আশা করা হচ্ছে। আপাতত প্রতিদিন এ ক্রসিং দিয়ে দেড়শ জন গাজা ছাড়তে পারবেন, ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ফিরতে পারবেন ৫০ জনের মতো, বলেছে তারা।তবে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে এক নিরাপত্তা সূত্র বলেছে, রোববার গাজার কোনো বাসিন্দার রাফা ক্রসিং পার হওয়ার সম্ভাবনা নেই।ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট বলেছে, এ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশের অনুমতি কেবল সেই ফিলিস্তিনিরাই পাবেন যারা দুই বছরের যুদ্ধের সময় ভূখণ্ডটি ছেড়ে চলে গিয়েছিলেন। গাজায় ঢোকার আগে তাদের ইসরায়েলের কাছ থেকে নিরাপত্তা অনুমোদনও নিতে হবে। আর মিশরের অনুরোধে কেবল অসুস্থ আর আহতরাই তাদের সঙ্গীসহ গাজা ছাড়ার অনুমতি পাবেন।

দামকুড়া থানার পলাশ মেম্বার হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

দামকুড়া থানার পলাশ মেম্বার হত্যা মামলার দুই আসামি গ্রেফতার রাজাশাহীর দামকুড়া থানার চাঞ্চল্যকর পলাশ মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃতরা হলো রফিকুল ইসলাম ওরফে রাকিব ও আরিফুল ইসলাম ওরফে আরিফ। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাতে রাজশাহীর দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে গরু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে পলাশ মেম্বারের সঙ্গে আসামিদের তর্ক হয়। একপর্যায়ে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত ও মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।

দিল্লিতে কয়েক দিন ধরে পানির সংকটে লাখো মানুষ

দিল্লিতে কয়েক দিন ধরে পানির সংকটে লাখো মানুষ ভারতের রাজধানী দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের শর্মা এনক্লেভ এলাকার বাসিন্দা রবীন্দর কুমার প্রতিদিনই কাদার ভেতর দিয়ে হেঁটে বাড়ি থেকে বের হন। কিন্তু ঘরে ফিরে তিনি পান করার মতো এক ফোঁটা পরিষ্কার পানিও পান না। তিনি বলেন, তিন দিনে একবার পানি আসে। তাও মাত্র এক ঘণ্টার মতো পরিষ্কার থাকে। গোসল করাও কষ্টকর। অনেক সময় পানি কালো হয়ে যায়। চার-পাঁচ দিনে একবার করে গোসল করি। রবীন্দর কুমারের মতো দিল্লির লাখো মানুষ এই সংকটে ভুগছেন। যমুনা নদীতে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় গত সপ্তাহে শহরের নয়টি বড় পানি পরিশোধন কেন্দ্রের ছয়টি বন্ধ করে দিতে হয়। শিল্পকারখানার বর্জ্য থেকে আসা অ্যামোনিয়ায় যমুনার পানি এতটাই দূষিত হয়ে পড়েছে যে শোধনাগারগুলো তা পরিশোধন করতে পারছে না। এই নদীকে পবিত্র বলে মানেন কোটি কোটি মানুষ। প্রায় দুই কোটি মানুষের শহর দিল্লিতে গত বৃহস্পতিবার দিল্লি জল বোর্ড জানায়, ৪৩টি এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় প্রায় ২০ লাখ মানুষ বাস করেন। সিএনএন মঙ্গলবার ওই ৪৩ এলাকার বাসিন্দা সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে জানান, তারা কয়েক দিন ধরে একেবারেই পানি পাননি। কিছু এলাকায় একদিনের জন্য পানি বন্ধ ছিল, আবার কোথাও কম পরিমাণে পানি এসেছে। পানি বোর্ড জানায়, ২৪ জানুয়ারি থেকে পানি সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে অনেক বাসিন্দা জানান, এখনও নিয়মিত পানি পাচ্ছেন না।শুক্রবার সিএনএন শর্মা এনক্লেভে গিয়ে দেখে, বাসিন্দারা আগের দিন অল্প সময়ের জন্য আসা পানি জমিয়ে ব্যবহার করছেন। সেই পানি ছিল হলুদ রঙের এবং পচা ডিমের মতো গন্ধ ছিল। তারা জানান, তিন দিন পরপর ট্যাংকারে পানি আসে, তাই রোববারের আগে নতুন পানি পাওয়ার আশা নেই। এলাকার বাসিন্দা শশী বালা বলেন, সবার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। চারপাশ শুধু নোংরা। যমুনার দূষণ ও পানিসংকট নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর ও হরিয়ানা সরকারকে সিএনএন যোগাযোগ করলেও কোনো জবাব পাওয়া যায়নি। যমুনা নদী হিমালয়ের হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রায় ১ হাজার ৩৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। ১৭শ শতকে এই নদীর তীর ঘেঁষেই দিল্লি গড়ে ওঠে। বর্তমানে দিল্লির পানির প্রায় ৪০ শতাংশ আসে যমুনা থেকে। কিন্তু বহু বছর ধরে এই নদীতে বিষাক্ত রাসায়নিক ও অপরিশোধিত পয়ঃবর্জ্য ফেলা হচ্ছে। নদীর মাত্র ২ শতাংশ অংশ দিল্লির ভেতর দিয়ে প্রবাহিত হলেও মোট দূষণের প্রায় ৭৬ শতাংশ আসে এই শহর থেকেই সরকারি একটি কমিটির তথ্য অনুযায়ী। অনেক সময় পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে যায়। এতে নদীটি কার্যত একটি নোংরা নর্দমায় পরিণত হয়, যেখানে জলজ প্রাণী টিকে থাকতে পারে না। এই দূষণের সবচেয়ে স্পষ্ট চিহ্ন হলো নদীর ওপর ভেসে থাকা সাদা বিষাক্ত ফেনা। এটি মূলত পয়ঃবর্জ্য ও শিল্পবর্জ্যের স্তর। গত রোববার পরিবেশকর্মীরা নদীর তীরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালান। কয়েক ঘণ্টা ধরে তারা নদী থেকে ফেলা কাপড়, প্লাস্টিক বর্জ্য এবং ডুবে থাকা ধর্মীয় মূর্তি তুলে আনেন।