নতুন সদস্যদের বরণ করলো চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাব

নতুন সদস্যদের বরণ করলো চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জের সিটি ক্লাবের বাইরে থাকা, নতুন করে ৭ জন সদস্যকে ররণ করা হয়েছে। আজ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে ফুল দিয়ে তাদের বরণ করা হয়। নতুন ৭ জন সদস্য হলেন— দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সোহান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ অহাব, নাগরিক টেলিভিশনের ইয়াসির আরাফাত, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল বাশির, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মাহমুদ মিম্পা, ও স্টার টিভির মাহমুদুল হাসান তুষার। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সিটি প্রেস ক্লাবের সভাপতি কামাল সুকরানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রেস ক্লাবের বিভিন্ন বিষয়ে নবাগত সদস্যদের অবহিত করেন। সিটি প্রেস ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে করণীয়, চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার বা গোলটেবিল বৈঠকের আয়োজন, বিশেষ দিবসগুলোতে সংগঠনের শতভাগ উপস্থিতি নিশ্চিত, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক মোঃ কামাল উদ্দিন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেনসহ অন্যান্যরা।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো থেকে সার এবং যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৯৮২ কোটি ৪০ লাখ টাকা। আজ সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে সরকারি পর্যায়ে চুক্তির (জি-টু-জি) আওতায় সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪০৯.৫০ ডলার দরে সংযুক্ত আরব আমিরাত-এর ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২০১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা। দ্বিতীয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন ৬৮২.৬৭ ডলার দরে মরক্কো’র ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে ৯ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩৩৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা। বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট এসোসিয়েটস কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন গম ৩১২.২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৮৪২ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা। বৈঠকে টিসিবির জন্য স্থানীয় উৎস থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্রান তেল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি লিটার ১৭৯ টাকা ৮৫ পয়সা দরে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ৮৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এটি সরবরাহ করবে ‘সোনারগাঁও সীডস ক্রাশিং শিলস লিমিটেড’। অন্যদিকে, প্রতি লিটার ১৬১ টাকা দরে ১ কোটি লিটার রাইস ব্রান তেল কিনতে ব্যয় হবে ১৬১ কোটি টাকা। দুটি প্রতিষ্ঠান থেকে এ তেল কেনা হবে। এর মধ্যে ৩০ লাখ লিটার সরবরাহ করবে ‘তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ৭০ লাখ লিটার সরবরাহ করবে ‘মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড’।
শিবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

শিবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে পুরাতন ইউনিয়ন পরিষদে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফ ও অরবিস’র সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে। চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পিকেএসএফ’র সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার আনোরুল হক। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন আর রশিদ, প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী সমন্বয়কারী মোশারফ হোসেন, প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, স্বাস্থ্য কর্মকর্তা ফারুক হোসেন, প্রয়াসের রানীহাটি এরিয়া ম্যানেজার অজিউর রহমান, গোলাপেরহাট ইউনিট ১৬ এর ম্যানেজার মুসলেমা খাতুন, ইউনিয়ন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ অন্যরা। চক্ষু ক্যাম্পে মোট ২০৮জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ৬৩জনের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
জয় দিয়েই শেষ হলো বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বছর

জয় দিয়েই শেষ হলো বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বছর দুশ্চিন্তার শুরু ছিল সিরিজের প্রথম ম্যাচেই। তবে শেষ পর্যন্ত হাসিমুখেই বছরটা শেষ করল বাংলাদেশ। আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের সহজ জয়ে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে জিতল টাইগাররা। এর মধ্য দিয়ে একটি পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ১৪ টি-টোয়েন্টি ম্যাচ জয়ের জাতীয় রেকর্ডও গড়েছে দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শুরুটা ভালো করেও শরীফুল, মোস্তাফিজ ও রিশাদের বোলিংঝড়ে ছন্নছাড়া হয়ে পড়ে অতিথিরা। ধারাবাহিক আক্রমণে আইরিশরা পঞ্চম ওভারের পর টানা ৪১ বল বাউন্ডারি পায়নি। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে অলআউট হয় তারা। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। একাদশে ফিরেই নেন ৩ উইকেট। তার গুগলিতেই বোল্ড হন ক্যাম্পার। শরীফুলও তুলে নেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু, আর মোস্তাফিজ সাফল্য এনে দেন নিয়মিত বিরতিতে। ম্যাচের সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে তানজিদ হাসান। ব্যাট হাতে দারুণ হাফ সেঞ্চুরি (ছক্কায় শেষ করা) করার আগে তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড, টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৫টি ক্যাচ! এর আগে কোনো বাংলাদেশি এ কীর্তি গড়তে পারেননি। ব্যাট হাতে তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন। ওপেনিংয়ে সাইফ হাসানের ছোট ইনিংস ও লিটনের ব্যর্থতা কাটিয়ে চতুর্থ উইকেটে পারভেজ-তানজিদের অবিচ্ছিন্ন ৫০ বলে ৭৩ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় জয়ের বন্দরে। এই বছর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক ছিলেন তানজিদ, দ্বিতীয় পারভেজ। আজ তিন ছক্কা হাঁকিয়ে তানজিদের বছরের মোট ছক্কা দাঁড়াল ৪১টি, পারভেজের ৩৪টি।
চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সভা অনুষ্ঠিত চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার চাঁপাই মহেষপুর সমিতির অফিস সংলগ্ন মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জাকেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, এলজিইডির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাসেম আলী। অনুষ্ঠানে বার্ষিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল মাদকসহ সিএনজি চালক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল মাদকসহ সিএনজি চালক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় সিএনজিতে ফেনসিডিল বহনের সময় ৯৮ বোতল অবৈধ মাদকসহ সিএনজি চালক তারিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর টোল প্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তারিকুলকে আটক করা হয়। সিএনজি থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কারাগারে থেকে অন্ত:সত্তা সোনালী সহ ৬ ভারতীয় জামিন লাভের পর পূনরায় পুলিশ হেফাজতে

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে থেকে অন্ত:সত্তা সোনালী সহ ৬ ভারতীয় জামিন লাভের পর; পূনরায় পুলিশ হেফাজতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে থাকা ৯ মাসের অন্ত:সত্তা সোনালী বেগম সহ ৬ ভারতীয় নাগরিক জামিন লাভের পর কারাগার থেকে বের হয়ে জিম্মাদারের বাড়ি পৌঁছার পর পূণরায় তাঁদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে জেলা পুলিশ। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, ওই ৬ জনের ব্যাপারে উপর মহলের নির্দেশনা অনুযায়ী এবং জিম্মদার ও তাঁর নিযুক্ত আইনজীবীর সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে গতকাল দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম শিশু, নারী সহ ওই ৬ ভারতীয় নাগরিকের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে জামিন আদেশ কারাগারে পৌঁছার পর রাত পৌনে ৮টার দিকে ওই ৬ জনকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল বলে নিশ্চিত করেন জেল সুপার আমজাদ হোসেন। এর আগে গত ২০ আগষ্ট ওই ৬ জনকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর মহল্লার একটি বাড়ি থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন ২১ আগষ্ট সদর থানায় তাদের বিরুদ্ধে ১৯৫২ সালের দি কন্ট্রোল অফ এন্ট্রি আ্যক্ট এর ৪ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। ওই ৬ ভারতীয় নাগরিক হল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকড় থানার পাইকড় গ্রামের মন্নু শেখের ছেলে মো.দানেশ, তার স্ত্রী সোনালী বেগম ও তাদের ছেলে মো. সাব্বির, পাশের মুরাডাই থানার ঘিতোরা গ্রামের আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বিবি এবং তার দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান। গত ২০ আগষ্ট গ্রেপ্তারদের জিজ্ঞাসবাদের পর পুলিশ জানায়, আটকরা বীরভুমের দুটি পরিবার। তাঁরা বাঙ্গালী। দিল্লিতে তারা ইটভাটায় কাজ করতেন। গত ২৪ জুন দিল্লীর ক্যানজোড় ১১ সেক্টরের কালীমাতা থানা পুলিশ শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে তাঁদের বাংলাদেশী সন্দেহে আটক করে। পরে একই কারণে আধার কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্তেও ২৬ জুলাই বিএসএফ তাঁদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পুশইন করে। এরপর তাঁরা ঢাকায় চলে যায়। পরে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ এসে বসবাস শুরু করেন। এদিকে গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই ৬ নাগরিক কারাগারে যাবার পর বিষয়টি নিয়ে দু’দেশের বিভিন্ন মহলে নানা রকম আলোচনা শুরু হয়। অন্তত: মানবিক কারণে হলেও সোনালীর অন্ত:সত্তা অবস্থা এবং অন্য শিশু ও নারীদের কথা চিন্তা করে ৬ ভারতীয়র বিষয়টি নিস্পত্তির কথা ওঠে। এ অবস্থায় গতকাল চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার মৃত রহমত আলীর ছেলে ফারুক হোসেন আদালতে ওই ৬ জনের জামিন আবেদন করলে মূলত: সোনালীর অন্ত:সত্তার বিষয়টি বিবেচনা করে আদালত ৬ জনকে ফারুকের জিম্মায় তাঁর বাড়িতে অবস্থান, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সময়মত আদালতে হাজির করা সহ কয়েকটি শর্তে জামিন দেন। আগামী ৩ ডিসেম্বর তাদের আবার আদালতে হাজির হবার তারিখ ধার্য্য হয়। ফারুকের পূর্ব পুরুষের বাড়ি ভারতে সোনালীদের বাড়ির এলাকায়। তারা পরস্পর বংশীয় আত্মীয়। ফারুক হোসেন বলেন, গতকাল কারাগার থেকে ছাড়া পাবার পর রাত ৯টার দিকে ৬ জনকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানোর পরপরই রাত ১০টার দিকে আবার তাদের সদর থানায় নেয়া হয়। ভারতীয় নাগরিক হওয়ায় নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে বলে পুলিশ তাকে জানিয়েছে। এদিকে ভারতে বিষয়টি আলোচিত হবার পর পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য সামিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ সোনালীদের ভারতে ফেরৎ নেয়ার জন্য কাজ করছেন। গতকাল তিনি জেলগেটে উপস্থিত ছিলেন। ফারুক আরও বলেন, বিষয়টির নিস্পতির সাথে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও জড়িত।
কালো গোলাপ প্রেম নাকি মৃত্যুর প্রতীক?

কালো গোলাপ প্রেম নাকি মৃত্যুর প্রতীক? প্রাচীন গ্রিস এবং রোমের সমাজ ও সংস্কৃতিতে কালো গোলাপকে শক্তি এবং কুসংস্কারের প্রতীক হিসেবে দেখা হতো। সময়ের সাথে সাথে এর প্রতীকী অর্থ বদলাতে শুরু করে। কালো গোলাপ রহস্য, পুনর্জন্ম এবং বিদায়ের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে, এটি গভীর এবং স্থায়ী প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, প্রকৃত কালো গোলাপ নেই। যেগুলিকে ‘কালো গোলাপ’ বলা হয়, সেগুলি আসলে গাঢ় লাল বা বেগুনি রঙের হয়, যা নির্দিষ্ট আলোতে কালো দেখায়। তুরস্কের হাফেটি নামক একটি ছোট শহরে এক বিশেষ জাতের গোলাপ পাওয়া যায়। যা ঋতু পরিবর্তনের সাথে সাথে গাঢ় মেরুন থেকে প্রায় কালো রঙ ধারণ করে। এই ‘হাফেটি কালো গোলাপ’ তার অনন্য রঙের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং এটি প্রাকৃতিক উপায়ে কালো রঙের সবচেয়ে কাছাকাছি গোলাপ। স্থানীয় মাটির পিএইচ মাত্রা এবং ইউফ্রেটিস নদীর পানির কারণে এই গোলাপের রঙ এত গাঢ় হয়ে থাকে। অবশ্য আধুনিক যুগে, উদ্ভিদ প্রজননকারীরা ‘ব্ল্যাক ব্যাকারার’ মতো জাত তৈরি করেছেন। যা কৃত্রিম প্রজননের মাধ্যমে খুব গাঢ় রঙের হয় এবং সেগুলি ‘কালো গোলাপ’ নামে বিক্রি করা হয়। বলা যায়, এই ফুলের শক্তিশালী অস্তিত্ব রয়েছে কল্পনা ও সাহিত্যে। আর এই প্রতীকী রূপ বর্তমানে গভীর প্রেমের প্রতীক হিসেবেই পরিচিত। সূত্র: এনডিটিভি
কুসুম গরম পানিতে গোসলের উপকারিতা

কুসুম গরম পানিতে গোসলের উপকারিতা শীতের সকালে কুসুম গরম পানিতে গোসল করলে পেশী শিথিল হয়। গরম পানির সাথে বাথ সল্ট বা লবণ মিশিয়ে নিলে আরও ভালো ফলাফল পাওয়া যায়। এই অভ্যাস শরীরের একজিমা এবং সোরিয়াসিসের মতো সমস্যা থেকে তৈরি হওয়া জ্বালাপোড়া কমাতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ‘‘শীতে তাপমাত্রা স্বাভাবিকভাবে ১৪ থেকে ২৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করে থাকে। এই সময়ে গোসলের জন্য ৩০-৩৩ ডিগ্রি তাপমাত্রার পানিই সবচেয়ে উপযোগী।’’ গরম পানিতে গোসল করলে যেসব উপকারিতা পেতে পারেন : রক্তসঞ্চালন বৃদ্ধি করে : হালকা গরম পানিতে গোসল করলে রক্তনালি প্রসারিত হবে। যা রক্তপ্রবাহকে উন্নত করতে সহায়তা দেবে। এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। পেশী শিথিল করে : সকালে ব্যায়ামের পর কুসুম গরম পানিতে গোসল করলে পেশির টান কমে এবং শরীর শিথিল হয়। ওজন কমাতে সাহায্য করে : কুসুম গরম পানিতে গোসল বিপাক ক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ওজন কমাতে সাহায্য করতে পারে। ক্লান্তি ও ব্যথা উপশম হয় : কুসুম গরম পানিতে গোসল করলে শারীরিক ক্লান্তি ও ব্যথা কমে আসে এবং ঘুমের মান উন্নত হয়। সতর্কতা: অঅতিরিক্ত গরম পানি ব্যবহার করলে তা চুল ও ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দিতে পারে, যার ফলে চুল রুক্ষ হয়ে যায় এবং ত্বক শুষ্ক হতে পারে। ত্বকের ক্ষতি এড়াতে এবং সর্বোচ্চ উপকার পেতে হালকা গরম বা কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।
আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েলও

আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েলও দীর্ঘ নীরবতা ভেঙে শেষপর্যন্ত নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, আইপিএল ২০২৬ নিলামে তিনি নিজের নাম রাখেননি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই দীর্ঘ পোস্টে ম্যাক্সওয়েল লিখেছেন, আইপিএল তাকে বদলে দিয়েছে ‘একজন ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবেও।’ প্রায় এক দশকের বেশি সময় ধরে টুর্নামেন্টের সবচেয়ে চাহিদাসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। কিন্তু পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দেওয়ার পর এ বছর নিলামে নাম তালিকাভূক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। ম্যাক্সওয়েল লিখেছেন, “আইপিএলে এত বছর অবিস্মরণীয় সময় কাটানোর পর এ বছর নিলামে না ওঠার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লিগটি আমাকে যে সম্মান, ভালোবাসা আর অভিজ্ঞতা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।” তিনি আরও যোগ করেছেন, “আইপিএল আমাকে গড়ে তুলেছে। অসাধারণ সব সতীর্থ পেয়েছি, দুর্দান্ত সব ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি, আর এমন সব দর্শকের সামনে খেলেছি যাদের আবেগের তুলনা নেই। ভারতের স্মৃতি, চ্যালেঞ্জ আর উন্মাদনা সারাজীবন থেকে যাবে।” শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ম্যাক্সওয়েলের বার্তা, “এত বছর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আবারও কোথাও দেখা হবে।” এর আগে ফাফ ডু প্লেসিস ও মঈন আলির মতো বড় নামও আইপিএল ২০২৬ মিনি নিলামে না ওঠার ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয় ম্যাক্সওয়েল কি তাদের পথ ধরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ মৌসুমে নাম লেখান কি না। আইপিএলে ১৪১ ম্যাচে ২,৮১৯ রান করেছেন ম্যাক্সওয়েল। স্ট্রাইক রেট ১৫৫ এরও বেশি। সবচেয়ে বেশি খেলেছেন পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। পাশাপাশি অল্প সময়ের জন্য মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি। তবে আইপিএলে তার ক্যারিয়ার ছিল উত্থান-পতনে ভরা। একদিকে বিস্ময়কর সব পারফরম্যান্স, অন্যদিকে অনেক মৌসুমেই হতাশা। একমাত্র আইপিএল শিরোপা জিতেছিলেন ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে, তাও মূল স্কোয়াডে খুব বেশি সুযোগ না পেয়ে। আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংস ৪.২ কোটি রুপিতে তাকে দলে নিলেও চোটে ভরা এক অনুজ্জ্বল মৌসুম শেষে তাকে আর ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। অর্থমূল্যে আইপিএলের অন্যতম ‘হট প্রপার্টি’ ছিলেন ম্যাক্সওয়েল। তার সবচেয়ে বড় চুক্তি ছিল ২০২১ সালে। সেবার আরসিবি তাকে কিনেছিল ১৪.২৫ কোটি রুপিতে। ২০১৩ সালের নিলামেও তিনি ছিলেন সর্বোচ্চ মূল্য পাওয়া খেলোয়াড়, যখন মুম্বাই তাকে দলে ভেড়ায়।