বীরকে নিয়ে গাড়ির শোরুমে বুবলী, লিখলেন আমাদের ছেলে ‘গাড়িপ্রেমী’ ঢালিউড নায়িকা শবনম বুবলী সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সমানভাবে সক্রিয়। নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। এবার ছেলেকে নিয়ে প্রকাশ করা কিছু নতুন ছবিই আবার আলোচনায় এনে দিল তাকে। আজ (৩ ডিসেম্বর) দুপুরে বুবলী ছেলেকে নিয়ে মার্সিডিজের একটি বিলাসবহুল গাড়ির শোরুমে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়-শেহজাদ খান বীর লাল, নীলসহ বিভিন্ন রঙের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। কখনও গাড়ির ভেতরে বসে, আবার কখনও শোরুমজুড়ে হাঁটাহাঁটি করে গাড়ি দেখে মুগ্ধ হচ্ছে ছোট্ট বীর। ছেলের প্রতি এই গাড়িপ্রেম তুলে ধরে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গাড়িপ্রেমী ছেলে।’ মুহূর্তেই ছবিগুলো ভক্তদের নজরে আসে এবং অনেকে বীরের আগ্রহ ও স্টাইল দেখে প্রশংসায় ভরিয়ে দেন। ২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় উঠলেও এখন দুজনে আলাদা থাকেন; তবে সন্তানের বিষয়ে যোগাযোগ রয়ে গেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে শাকিব-বুবলীকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেই ছবি সামনে আসতেই গুঞ্জন ওঠে-তারা কি আবার কাছাকাছি আসছেন? সম্প্রতি এক ইভেন্টে বুবলী জানান, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। হাসতে হাসতে তিনি আরও বলেন, শাকিব নাকি ছেলেকে শিখিয়েছেন-পছন্দের কোনো মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে! বাবা-ছেলের এমন খুনসুটি দেখেই নাকি তার মন ভরে যায়।

শুটিং সেটে অগ্নিদগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ

শুটিং সেটে অগ্নিদগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকার বাইরে নিভৃত লোকেশনে চুপিসারে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। পুরো ইউনিটই বিষয়টি গোপন রেখে কাজ করতে চাইলেও তা আর পুরোপুরি সম্ভব হয়নি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে সিনেমাটির কয়েকটি শুটিং দৃশ্য। এর মধ্যেই নতুন খবর, সিনেমাটির শুটিং করতে গিয়েই আহত হয়েছেন আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়কের। তবে শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়—আগুন হঠাৎ ধরে উঠে শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা যেন আরো উঁচু হয়ে ওঠে। ইউনিট সূত্রে আরো জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভে গেলেও শুভর পায়ে দগ্ধচিহ্ন পড়ে। দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও, শুভ নাকি পিছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন তিনি। সূত্র বলছে, পায়ে ক্ষত নিয়েই এখনো নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই নায়ক। এই দুর্ঘটনা নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমার। যেখানে আরিফিন শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

সেঞ্চুরি করে ৭ বছরের মধ্যে উল্টো পিঠ দেখলেন কোহলি

সেঞ্চুরি করে ৭ বছরের মধ্যে উল্টো পিঠ দেখলেন কোহলি বিরাট কোহলির সেঞ্চুরি মানেই ভারত জয়ের দুয়ারে, এ ধারণা ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে বুধবার অনুষ্ঠিত ওয়ানডেতে কোহলি টানা দ্বিতীয় শতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহে পৌঁছে দিলেও শেষ পর্যন্ত ভারতের জয় অধরাই রইল। কোহলির ১০২ রানের ইনিংসে ভারত তোলে ৩৫৮ রান। তবে দারুণ দৃঢ়তা ও কৌশল প্রদর্শন করে প্রোটিয়ারা সেই বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেল চার উইকেট হাতে রেখেই। এর মধ্য দিয়ে শেষ হলো কোহলি সেঞ্চুরি করলে ভারতের টানা সাত বছরের অপরাজেয় রেকর্ড। এর আগে সর্বশেষ ২০১৯ সালের মার্চে রাঁচিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির শতকের পর ভারত হেরেছিল। সেবার তিনি করেছিলেন ১২৩ রান। ক্যারিয়ারে কোহলির শতকের পর ভারত মাত্র আটবার হেরেছে। এর সর্বশেষ উদাহরণ বুধবারের রায়পুর ম্যাচ।কোহলির সেঞ্চুরির পরও ভারত যেসব ম্যাচে হেরেছে। ১০৭ বনাম ইংল্যান্ড, ২০১১ (কার্ডিফ) ১২৩ বনাম নিউজিল্যান্ড, ২০১৪ (নেপিয়ার) ১১৭ বনাম অস্ট্রেলিয়া, ২০১৬ (মেলবোর্ন) ১০৬ বনাম অস্ট্রেলিয়া, ২০১৬ (ক্যানবেরা) ১২১ বনাম নিউজিল্যান্ড, ২০১৭ (মুম্বাই) ১০৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮ (পুনে) ১২৩ বনাম অস্ট্রেলিয়া, ২০১৯ (রাঁচি) ১০২ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৫ (রায়পুর) ২০১৯ সালের পর থেকে মঙ্গলবারের আগের ম্যাচ পর্যন্ত কোহলি আরো ১১টি সেঞ্চুরি করেছেন, যার সবগুলোই ভারতের জয়ে পরিণত হয়েছিল। ৫৩টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে ৪৪টি এসেছে জয়ের ম্যাচে।

আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বুধবারের জয়ের পর নতুন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ। সান মামেসে ৩-০ গোলের জয়ে দুর্দান্ত খেললেও ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ক্রিড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চোটের ধরন জানতে শিগগিরই তার বিস্তারিত পরীক্ষা করা হবে। ম্যাচে প্রথম গোলটি আসে আর্নল্ডের নিখুঁত ক্রস-ফিল্ড পাস থেকে, যা থেকে লক্ষভেদের কাজটি সারেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক যখন নিজের সেরা প্রদর্শনীগুলোর একটি উপহার দিচ্ছিলেন ইংলিশ এই ডিফেন্ডার, তখনই ঘটে বিপত্তি। ম্যাচের ৫৫ মিনিটে বল দূরে পাঠানোর পরই পেশিতে টান অনুভব করে সাইডলাইনে দাঁড়ান তিনি। কিছুক্ষণ পরই তাকে তুলে নিয়ে নামানো হয় রাউল আসেন্সিওকে। মধ্যমাঠের এদুয়র্দো কামাভিঙ্গাকেও গোড়ালির সমস্যায় বদলি করে নিতে হয়, যদিও তার চোটকে তুলনামূলক কম গুরুতর বলেই মনে করছে ক্লাবের চিকিৎসক দল।

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত চীনে আজ বৃহস্পতিবার জিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে।   চীনে আজ বৃহস্পতিবার জিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে। সিইএনসি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩ টা ৪৪ মিনিটে  চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তের কাছে আক্কি কাউন্টির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে হতাহতের বা ভবন ধসের কোনো খবর পাওয়া যায়নি।

দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা খবর অনুযায়ী, বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুল্যান্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়, এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।

বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগও হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা আশাবাদি। তিনি আবারও ফেরত আসবেন সবার মাঝে। লন্ডনে যাত্রাপথে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতের জন্য তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হন। অন্যদিকে আন্তঃবিভাগে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালের আন্তঃবিভাগে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৬৪ জন।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন ‘প্রতিবন্ধিতা অন্তর্ভক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরিয়তুল্লাহ। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রেলে ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ২০ আসন বরাদ্দ আছে এবং হুইলচেয়ার নিয়ে ওঠার জন্য র‌্যাম্পও আছে। তবে এই সুবিধা আরো বাড়ানো দরকার। তিনি বলেন— প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়, তারা সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা করা ঠিক হবে না।