দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান

দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। হাতে থাকা সিনেমাগুলো শেষ হলেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। বেছে নিয়েছেন দ্বীনের পথ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানান এই চিত্রনায়িকা। তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন মৌ খান। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি এই চিত্রনায়িকা। ফেসবুকে মৌ খান লিখেছেন, ‘আমার দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি আর অভিনয় চালিয়ে যেতে চাই না। তিনি আরও লিখেছেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই। হাতে থাকা কাজ নিয়ে মৌ বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ- দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব। সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি। উল্লেখ্য, ২০১৯ সালে অভিনেত্রী মৌ খানের ‘প্রতিশোধের আগুন’র মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে সিনেমায় খুব একটা সাড়া ফেলতে পারেননি এই চিত্রনায়িকা।

বক্স অফিসে ধুরন্ধর কত আয় করতে পারে

বক্স অফিসে ধুরন্ধর কত আয় করতে পারে এমন সাফল্য এর আগে দেখেননি বলিউডের রণবীর সিং! গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’, আর প্রথম দিনেই বাজিমাৎ। সিনেমাটি খাতা খুলল ২৭ কোটি দিয়ে; এর মধ্য দিয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং পেলেন রণবীর। বিশেষজ্ঞদের অনুমান ছিল,‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে। কিন্তু ব্যাপারটি তার চেয়েও বেশি দেখা গেল। সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’। এছাড়াও রণবীরের অতীতের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সিনেমাটি মুক্তির দিন সারা ভারতজুড়ে দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং পরে সন্ধ্যার শো-গুলোতে দর্শক উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যায়। আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে নিয়ে দর্শক মহলে কৌতূহল দেখা দিয়েছে। সিনেমাটি জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত হয়েছে।

গিলকে খেলায় ফেরা নিয়ে সুখবর পেল ভারত

গিলকে খেলায় ফেরা নিয়ে সুখবর পেল ভারত ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিল চোটমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) শনিবার জানায়, ঘাড়ের ইনজুরি থেকে সেরে ওঠা গিলকে খেলায় ফেরার জন্য মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স বিভাগ সবুজ সংকেত দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই তাকে মাঠে দেখা যেতে পারে। কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে গিলকে দুই দিন হাসপাতালে থাকতে হয়। ইনজেকশন নেওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি রিহ্যাবে যান এবং চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন। তবে সিওই-এর কঠোর রিটার্ন টু প্লে (আরটিপি) প্রোটোকল অনুসরণ করে তিনি পুরোপুরি অনুশীলনে ফিরে এসেছেন। সিওই থেকে দল ব্যবস্থাপনার স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিমকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘শুভমান গিল সফলভাবে সব রিহ্যাব ধাপ সম্পন্ন করেছে এবং সব ফরম্যাটের ক্রিকেটে ফেরার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।’

ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা শ্রীলঙ্কায় 

ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা শ্রীলঙ্কায়  ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কা ক্ষতিগ্রস্তদের বাসস্থান পুনঃনির্মাণে বড় ধরনের ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে। যদিও দেশটি শনিবারও নতুন ভূমিধস ও বন্যার আশঙ্কার মধ্যে রয়েছে। সরকার নিশ্চিত করেছে যে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৬০৭ জনের মৃত্যু হয়েছে। আর ২১৪ জন নিখোঁজ রয়েছে এবং এই নিখোঁজ ব্যক্তিরা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে একে দেশটির ‘সবচেয়ে কঠিন প্রাকৃতিক দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন। সমগ্র দেশে ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এই মানুষরা, দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। গতকাল রাতে এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেঁচে যাওয়া পরিবারগুলোকে নিরাপদ এলাকায় জমি কিনে এবং সেখানে নতুন ঘর নির্মাণের জন্য সর্বোচ্চ ১ কোটি রুপি (৩৩ হাজার ডলার) পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও, এই দুর্যোগে যারা মারা গেছে অথবা স্থায়ীভাবে বিকলাঙ্গ বা শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে সরকার ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে।  

ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর

ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন।

আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা

আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা   দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। অগামীকাল থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। আজ শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ এর চলমান কর্মসূচি পালিত হয়। নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামীকাল থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কমসূচি দেওয়া হবে বলেও বিজ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোন কিছুই অর্জন করা যাবে না। আশার কথা হলো, পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে। আজ রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। বক্তব্যে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে প্রার্থীর হারার সম্ভাবনা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরএসএফের ড্রোন হামলায়  সুদানে শিশুসহ নিহত ৭৯

আরএসএফের ড্রোন হামলায়  সুদানে শিশুসহ নিহত ৭৯ সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু। এ ছাড়া আরো ৩৮ জন আহত হয়েছে বলে গতকাল সুদানি কর্তৃপক্ষ জানিয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে দক্ষিণ কুর্দোফান রাজ্য সরকার জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী রয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিম সুদানের কলোজি শহরে চালানো ওই হামলায় একটি ড্রোন চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রগুলো একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।

বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল

বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র আয়োজন করেছে ফিফা। আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে গতকাল বসছিল দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা বিশ্বকাপের ড্র। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। স্বাগতিক হিসেবে বিশ্বকাপের ২৩তম আসরে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাই পর্ব পেরিয়ে এসেছে ৩৯টি দেশ। অপেক্ষায় আছে ৬ দল। এখন পর্যন্ত প্রথমবার বিশ্বকাপের বড় মঞ্চে খেলবে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও ও কেপ ভের্দে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৬টি ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩ টি মেক্সিকোতে ও ২টি কানাডায় অবস্থিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল গড়াবে নিউইয়র্ক সিটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে ফখর জামান

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে ফখর জামান গত মাসের শেষ দিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ওই ফাইনাল ম্যাচে ‘আইসিসি কোড অব কনডাক্টের ২ দশমিক ৮ ধারা’ লঙ্ঘন করেছেন জামান। তারই শাস্তি হিসেবে জামানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ফাইনালে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার পর মাঠে আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন জামান। জামানের শাস্তি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকা রিয়ন কিং। ফখর জামান অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।