ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি সতর্ক থাকবেন যেভাবে

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি সতর্ক থাকবেন যেভাবে অনেকেরই ডাস্ট অ্রালার্জি বা ধূলিকণা থেকে সৃষ্ট অ্যালার্জির সমস্যা আছে। এর ফলে একটানা হাঁচি, সর্দি, চোখ চুলকানো বা শ্বাসকষ্ট দেখা দেয়। সঠিক লাইফস্টাইল এবং কিছু স্মার্ট অভ্যাস আপনার অ্যালার্জিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যেমন-ডাস্ট অ্যালার্জির মূল কারণ হল ধুলোর মাইট । এই ক্ষুদ্র জীবগুলি গরম ও আর্দ্র পরিবেশে, বিশেষ করে বিছানাপত্রে জন্মায়। এদের নিয়ন্ত্রণ করাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ । কী করবেন- বিছানাপত্রের বিশেষ যত্ন বিছানার কভার ব্যবহার করতে হবে। বালিশ, তোষক এবং লেপের উপর অ্যালার্জি-প্রুফ কভার ব্যবহার করুন। এই কভারগুলি মাইট এবং এগুলোর বর্জ্য পদার্থকে আটকে রাখে। এ ছাড়া প্রতি সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর, বালিশের কভার এবং কম্বল গরম পানিতে ধুয়ে নিন। ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ:ধুলোর মাইট আর্দ্রতা ভালবাসে। আপনার ঘরের আর্দ্রতা ৫০ শতাংশের নিচে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে একটি ডিহিউমিডিফায়ার (আর্দ্রতা শোষণকারী যন্ত্র) ব্যবহার করতে পারেন। কার্পেট এবং ভারী পর্দা এড়িয়ে চলুন কার্পেট, ভারী কম্বল বা ঘন পর্দা ধুলোর মাইট এবং অন্যান্য অ্যালার্জেনদের জন্য আদর্শ আবাস। সম্ভব হলে কার্পেট সরিয়ে শক্ত কাঠ, টাইলস বা লিনোলিয়ামের মেঝে ব্যবহার করুন। জানলায় সহজে ধোওয়া যায় এমন হালকা পর্দা ব্যবহার করুন। পরিচ্ছন্নতার স্মার্ট রুটিন নিয়মিত ঘর পরিষ্কার করা জরুরি। তবে সেই পরিচ্ছন্নতা যেন সঠিক উপায়ে হয় সে ব্যাপারে খেয়াল রাখুন। সঠিক ভ্যাকুয়াম ক্লিনার: সাধারণ ঝাড়ু ব্যবহার করলে ধুলো আরও বেশি বাতাসে ছড়ায়। এর পরিবর্তে এইচইপিএস ফিল্টার যুক্ত ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। এটি সূক্ষ্ম ধূলিকণাকে শোষণ করে, যা অ্যালার্জির মাত্রা কমাতে সাহায্য করে। ভেজা কাপড় ব্যবহার: আসবাবপত্র এবং অন্যান্য জিনিস মোছার জন্য শুকনো কাপড়ের পরিবর্তে ভেজা কাপড় বা মপ ব্যবহার করুন। এতে ধুলো বাতাসে ওড়ার সুযোগ পায় না। মাস্ক পরুন: যখন ঘর পরিষ্কার করবেন বা ভ্যাকুয়াম করবেন, তখন নাকে এবং মুখে মাস্ক ব্যবহার করুন। তাহলে অ্যালার্জেন সরাসরি আপনার শ্বাসনালীতে প্রবেশ করতে পারবে না। পরিষ্কারের পর কমপক্ষে ২০ মিনিট ঘর থেকে দূরে থাকুন। বিশুদ্ধ বাতাসের দিকে নজর: বাড়ির ইনডোর বাতাসের গুণমান উন্নত করা অত্যন্ত জরুরি। এর জন্য এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে। ঘরে এইচইপিএস যুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। যা বাতাস থেকে পরাগ, ধুলোর মাইটের বর্জ্য এবং অন্যান্য অ্যালার্জেন ফিল্টার করে দেবে। এ ছাড়া ঘরের ভেতরের ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করুন এবং বাইরে রাখুন। লাইফস্টাইল পরিবর্তন করার পরেও যদি অ্যালার্জির উপসর্গগুলি না কমে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা গোমস্তাপুর উপজেলার রহনপুর শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রহনপুর বেগম কাচারি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমিতির সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও সমিতির সাবেক সভাপতি তারিক আহমদ, সাবেক সভাপতি মুশা মার্চেন্ট, সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেনসহ অন্যরা। সভার শুরুতে সমিতির সভাপতি মাসুদ রানা সমিতির আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে পুনরায় আগামী ৩ বছরের জন্য বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত সদর উপজেলায় বাবার হাত ধরে সড়ক পারাপারের সময় একটি ভটভটির ধাক্কায় মক্কা খাতুন নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। সে ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া এলাকার আশিকুজ্জামানের মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকেলে বাড়ির কাছে আমনুরা থেকে নাচোলগামী সড়ক পারাপারের সময় বাবার হাত ছেড়ে সড়ক পার হবার জন্য হটাৎ দৌড় দিলে দ্রুতগতির ভটভটির ধাক্কায় আহত হয় শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই মক্কার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ভটভটিটি পালিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
শিবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ও বাংলাদেশী সহযোগিসহ আটক ৩

শিবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ও বাংলাদেশী সহযোগিসহ আটক ৩ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠাপাড়া গ্রামে বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু চোকারবারি ও তাদের এক বাংলাদেশী সহযোগি আটক করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর পারবৈদ্যনাথপুর গ্রামের নয়মুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদির ও আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন এবং তাদের বাংলাদেশী সহযোগি মনাকষার সাহাপাড়া তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মারুফ। বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর ভোররাতে ভারতীয় দুই গরু চোরকারবারি কাঁটাতারের বেড়াবিহীন শিবগঞ্জের ফতেপুর সীমান্ত দিয়ে ৪টি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় চোরকারবারী ফজেলের নিকট হস্তান্তর করে। কিন্তু সকাল হয়ে যাওয়ায় ও বিজিবির টহল জোরদার হওয়ায় তারা আর ভারতে ফিরতে পারেনি। গত ৪ ডিসেম্বর তারা পদ্মা নদীর চরে লুকিয়ে থাকেন। পরে সহযোগি মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করেন। গতকাল রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আটক ৩ জনের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শীতের বাহারি পিঠা

শীতের বাহারি পিঠা শীত মানেই বাহারি পিঠা তৈরির আয়োজন। আর পিঠা ছাড়া শীত যেন পরিপূর্ণ হয় না। তাই তো হেমন্তের নতুন চালে শীতে পিঠা বানানোর ধুম পড়ে যায়। আমাদের দেশে যে কত রকম পিঠা হয় তা বলে শেষ করা কঠিন। চিকেন ভাপা পিঠা উপকরণ: চিকেন কিমা সিদ্ধ এক কাপ, আদা কুচি ১/২ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, পেঁয়াজকলি কুচি এক চা চামচ, পেঁয়াজ কুচি এক চা চামচ, ধনেপাতা কুচি এক চা চামচ, সরিষার তেল এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, চালের গুঁড়া ২ কাপ, পানি পরিমাণমতো ও লবণ পরিমাণমতো। প্রস্তুতপ্রণালি: পরিমাণমতো পানি ও লবণ দিয়ে মেখে ঝুরঝুরা করে রাখতে হবে চালের গুঁড়া। চিকেন কিমা সব মসলা দিয়ে মেখে নিতে হবে। একটা ছোট বাটিতে চালের গুঁড়া নিয়ে তার উপর এক টেবিল চামচ চিকেনের মিশ্রণ রেখে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে। এবার পাতলা কাপড়ের উপর রেখে ছিদ্রযুক্ত পিঠার পাতিলে পিঠা রেখে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ২/৩ মিনিট ঢেকে রাখলেই পিঠা তৈরি হয়ে যাবে। লবঙ্গ পিঠা উপকরণ: লবঙ্গ ৮/১০টা, ময়দা এক কাপ, ময়ানের জন্য তেল বা ঘি ২ চা চামচ, লবণ সামান্য। পুরের জন্য: নারকেল এক কাপ, গুড় বা চিনি ১/২ কাপ, এলাচ গুঁড়ো এক চিমটি, গুঁড়ো দুধ ২/৩ টেবিল চামচ ও ভাজার জন্য তেল পরিমাণমতো। প্রস্তুতপ্রণালি: ময়দা, পরিমাণমতো লবণ, তেল বা ঘি দিয়ে ভালোমতো ময়ান দিয়ে রাখতে হবে। গুড় বা চিনি, নারিকেল, গুঁড়ো দুধ ও এলাচ একসঙ্গে জ্বাল দিয়ে একটা পুর তৈরি করতে হবে। ময়ান দেওয়া ময়দা থেকে পাতলা রুটি বেলতে হবে। এক চা চামচ পুর মাঝখানে রেখে মাঝামাঝি ভাঁজ দিতে হবে। এর পর কোনাটা টেনে মাঝখানে এনে আর একটা ভাঁজ দিতে হবে। তারপর একে একে বাকি কোনাগুলো টেনে পুরো পিঠা তৈরি করে মাঝখানে একটা লবঙ্গ দিয়ে ভাঁজগুলো আটকে দিতে হবে। এরপর ডুবা তেলে মাঝারি আঁচে ভাজতে হবে। ঝিনুক বা খেজুর পিঠা উপকরণ: ময়দা ১ কাপ, চালের গুড়ো ২ কাপ, চিনি বা গুড়ের সিরা পরিমাণ মতো। নকশা করার জন্য চিরুনি। পিঠা ভাজার জন্য পরিমাণ মতো তেল। প্রস্তুত প্রণালি: ময়দা আর চালের গুড়ো চালনির সাহায্যে চেলে নিন। গরম পানি দিয়ে ভালো ভাবে মেখে পিঠার ডো তৈরি করুন। ছোট লেচি কেটে লম্বা করে বেলে চিরুনির দাতে বসিয়ে হাতে চেপে ডিজাইন করুন। গরম তেলে ভাজা হলে গুড় বা চিনি র সিরা ছড়িয়ে দিন। সুজির মালাই পিঠা উপকরণ: দুধ ১ লিটার, এলাচ গুঁড়া আধা চা চামচ, চিনি ২ কাপ, ডিম ২টি, গুঁড়া দুধ আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, সুজি ১ কাপ, লবণ স্বাদমতো, বাদাম কুচি ও চেরি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি: একটি পাত্রে এক লিটার দুধ নিয়ে জ্বাল দিতে থাকুন। দুধ ঘন হয়ে এলে এতে দিয়ে দিন আধা চা চামচ এলাচ গুঁড়া। সঙ্গে দিন ১-৩ কাপ চিনি। দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এবার একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিন। ভালো করে বিট করে নিন। এতে দিন এক চা চামচ চিনি। ভালো করে বিট করে চিনি গলিয়ে নিন। এতে দিয়ে দিন ১ চা চামচ লবণ, ১ চা চামচ বেকিং পাউডার ও ৩/৪ কাপ গুঁড়া দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে দিয়ে দিন ১ কাপ সুজি। ভালোভাবে মিশিয়ে নিন। ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। এবার একটি প্যানে তেল নিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে। তাই পিঠাগুলো গোল গোল আকার দিয়ে বানিয়ে তেলে ছেড়ে দিন। ২ মিনিটের মতো ভেজে নিন। খুব বেশি ভাজা যাবে না। পিঠাগুলো তুলে ফেলার পরপরই বানানো মালাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। সব শেষে পিঠার ওপর বাদাম কুচি আর চেরির টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। ঝাল পোয়া পিঠা উপকরণ: আতপ চালের গুঁড়া ২ কাপ, ময়দা ১ কাপ, ডিম ২টা, খাবার সোডা ১ চিমটি, লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১২ চা চামচ, মরিচ গুঁড়া ১২ চা চামচ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, মরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ মুঠ, পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য। প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পিঠার গোলা বানাতে হবে। গোলাটা বেশ কিছু সময় রেখে দিয়ে তারপর ভালো করে ফেটে নিলে খুব সুন্দর পিঠা হয়। তেলের পিঠা পোয়া পিঠার মতো ঘন গোলা হবে। আন্দাজমতো গোলা গরম তেলে ভালো করে দুই পিঠ ভেজে তুলে নিন। টমেটো সস দিয়ে এই পিঠা খেতে খুব অসাধারণ। হালকা নাশতা কিংবা মেহমান আপ্যায়নে ভালো জমবে এ খাবারটি।
কাজী শুভ বাবা হারালেন

কাজী শুভ বাবা হারালেন বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বার্ধক্যজনিত অসুখে ভুগে শুভর বাবা কাজী শাহ আলম মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। এক ফেসবুক পোস্টে শুভ লিখেছেন, ‘আব্বা আর নাই’। তার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা এসে শিল্পীকে শোক ও সমবেদনা জানাচ্ছেন। শুভ জানান, আজ শনিবার রাত ৮টায় বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলায় দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে তাকে। কাজী শুভর বাবা কাজী শাহ আলম বিজেএমসি কর্মকর্তা ছিলেন। বৈচিত্রময় ধাঁচের গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন কাজী শুভ। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ কিংবা ‘মন পাঁজরে’ গান দিয়ে সহজেই নিজেকে চিনিয়েছিলেন এই গায়ক। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শুরু থেকেই সুর করছেন কাজী শুভ। অডিওতে তার গাওয়া ও সুরের অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। ফোকগানে রয়েছে তার বিশেষ গ্রহণযোগ্যতা।
সজল এবার অপু বিশ্বাসের নায়ক

সজল এবার অপু বিশ্বাসের নায়ক কয়েক দিন আগেই শবনম বুবলীর সঙ্গে সরকারি অনুদানের সিনেমা ‘শাপলা শালুক’এর শুটিং শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। রাশেদা আক্তার লাজুক পরিচালিত সেই সিনেমার পর এবার তিনি যুক্ত হলেন নতুন আরেক প্রজেক্টে। নতুন এ সিনেমার নাম ‘দুর্বার’, আর এতে সজলের নায়িকা হচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। আসছে ১৬ ডিসেম্বর শুরু হবে ‘দুর্বার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা ফুয়াদ জানান, “দুর্বার’ হবে থ্রিলার ও মার্ডার–মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে চান না তিনি। তার লক্ষ্য ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন করা। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। শোনা যাচ্ছে, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে নির্মাতার ভাষায়, “আগে সিনেমার কাজ ভালোভাবে শেষ করতে চাই। তারপরই মুক্তির তারিখ ঘোষণা করব। ইচ্ছা আছে কোনো উৎসবে মুক্তি দেওয়ার, কিন্তু তাড়াহুড়ো করতে চাই না। দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দেওয়াই মূল লক্ষ্য। ইতোমধ্যে ‘দুর্বার’-এর অভিনয়শিল্পীরা রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুরো প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর তাঁদের আনুষ্ঠানিক ফটোশুট হবে।সিনেমার পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন সজল। বর্তমানে তিনি একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিংয়ের কাজ করছেন, যা করতে পেরে তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন। অন্যদিকে, সম্প্রতি জানা গেছে অপু বিশ্বাস আরেক নতুন সিনেমায় অভিনয় করছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’। এতে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই ‘সিক্রেট’-এর শুটিং শুরু করবেন তিনি।
সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৮৬

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৮৬ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এতে বলা হয়েছে, গত একদিনে সারা দেশে ৫৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ২০৪ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৭ হাজার ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
‘ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা খান

‘ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা খান ঢাকাই চলচ্চিত্রের ‘মাতাল’ খ্যাত নায়িকা অধরা খান এখন অপেক্ষায় তার নতুন সিনেমা ‘ঋতুকামিনী’র। ‘মাতাল’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে যিনি আলোচনায় এসেছিলেন, এবারও নতুন সিনেমায় অভিনয় করেছেন নাম ভূমিকাতেই। জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধরা খান। তিনি বলেন, “এই সিনেমা একটি পরিপূর্ণ চলচ্চিত্র। হলের পর্দায় এটি দেখার জন্য দর্শকদের মতো আমিও অপেক্ষা করছি। আশা করছি, মুক্তির পর দর্শকের ভালোবাসা পাবো। সিনেমায় অধরা অভিনয় করেছেন একজন গ্রামের মেয়ের চরিত্রে। তার বিপরীতে নায়ক হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। এছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী। এর আগে অধরা খান অভিনয় করেছেন ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’সহ বেশ কিছু সিনেমায়, যেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার আরেকটি সিনেমা ‘দখিন দুয়ার’।
ভারতে অবস্থানের সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন -জয়শঙ্কর

ভারতে অবস্থানের সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন -জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কতদিন অবস্থান করবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শনিবার এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও এবং প্রধান সম্পাদক রাহুল কানওয়ালকে তিনি এ কথা বলেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে আন্দোলনে শত শত মানুষ মারা যায় এবং হাজার হাজার আহত হয়। তার সরকারের নৃশংস দমন-পীড়নের জন্য ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। রাহুল কানওয়ালের সাথে কথা বলার সময় জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাসিনা ‘যতদিন চান’ ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর বলেন, “আচ্ছা, এটি একটি ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন এবং আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টতই তার সাথে যা ঘটেছে তার একটি কারণ। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে তাকে তার মন তৈরি করতে হবে।” ওই আলোচনায় নয়াদিল্লি-ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেছেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থানের ওপর জোর দেন তিনি।