পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে রোববার সকাল ১০টার আপডেটে এ তথ্য জানা গেছে। ইসির প্রকাশিত তথ্যমতে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ২০ হাজার ১০৯ জন। কোন দেশ থেকে কতজন নিবন্ধন করেছেন: সর্বোচ্চ নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে ৫১,৫৭২ জন। দেশভিত্তিক অন্যান্য সংখ্যা— যুক্তরাষ্ট্র: ১৯,৫৭৮ কাতার: ১৩,০৮৯ সংযুক্ত আরব আমিরাত: ১২,৪৯২ মালয়েশিয়া: ১২,১১৬ সিঙ্গাপুর: ১২,১০৬ যুক্তরাজ্য: ১১,১৯৬ দক্ষিণ কোরিয়া: ৯,৫১০ কানাডা: ৯,২৬৯ ওমান: ৮,৭০৭ অস্ট্রেলিয়া: ৭,৯২৩ ইতালি: ৭,৬০৭ জাপান: ৬,৯৬৯ নিবন্ধনের সময়সীমা বাড়ল ইসি জানিয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “বিশ্বের যেকোনো দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।” ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠাতে প্রয়োজনীয় ঠিকানা সঠিকভাবে দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসি। বার্তায় বলা হয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যেতে পারে। কীভাবে নিবন্ধন করবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করতে হবে যে দেশ থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সীমা ঘোষণা করেন।
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার

ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন কমতে থাকে। এতে ত্বকে বলিরেখা পড়ে, ত্বক ঝুলে যায় এবং উজ্জ্বলতা কমে যায়। খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবন যাপনসহ নানাবিধ কারণে কোলাজেন হ্রাস পায়। আর তখনই চেহারার স্বাভাবিক সৌন্দর্য ম্লান হতে শুরু করে। এ সমস্যা থেকে মুক্তি পেতে শরীরে কোলাজেন উৎপাদন বাড়ানো গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ছয়টি খাবার। এ খাবারগুলো কোলাজেন বাড়াতে সহায়তা করে। সাইট্রাস জাতীয় ফল কোলাজেন উৎপাদনের জন্য ভিটামিন সি অপরিহার্য। ত্বকের উজ্জ্বলতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে কমলালেবু, লেবু, আঙুর এবং কিউই জাতীয় সাইট্রাস ফল নিয়মিত খান। এতে কোলাজেন উৎপাদন বাড়ে এবং ত্বক সুস্থ থাকে। ডিম ত্বকের কোলাজেন বাড়াতে নিয়মিত ডিম খান। বিশেষ করে ডিমের সাদা অংশে থাকে প্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিড যা কোলাজেন তৈরি করতে ভূমিকা রাখে। ডিমের কুসুমে থাকা বায়োটিন চুল-ত্বক-নখকে রক্ষা করে। সামুদ্রিক খাবার শরীরের পর্যাপ্ত পুষ্টির জন্য সামুদ্রিক মাছ মাছ গুরুত্বপূর্ণ। খাদ্যতালিকায় স্যামন, টুনা, চিংড়ি ইত্যাদি মাছ রাখুন। এগুলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস, একইসঙ্গে কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ শাকসবজি পালং শাক, কলমি শাকের মতো পাতাযুক্ত সবুজ শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। এগুলোতে উচ্চ মাত্রার ভিটামিন সি রয়েছে, যা কোলাজেন সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সবুজ শাকসবজিতে রয়েছে ভিটামিন ‘এ’ এর মতো নানা পুষ্টিকর উপাদান, যা ত্বকের ক্ষতি হওয়া টিস্যু মেরামত করে। দই প্রোবায়োটিক সমৃদ্ধ দই হজমশক্তি ঠিক রাখে। ত্বকের কোলাজেন গঠনে সহায়ক পরিবেশ তৈরি করে দই। তাই খাদ্যতালিকায় দই রাখুন। বেরি স্ট্রবেরি, ব্লুবেরি এবং রাস্পবেরির মতো ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি আছে। এ দুটি উপাদান কোলাজেন উৎপাদনে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এই দুই ফল রাখুন।
ব্রঙ্কিওলাইটিস শীতে শিশুর কষ্ট

ব্রঙ্কিওলাইটিস শীতে শিশুর কষ্ট শীতের শুরু থেকেই শিশুর মধ্যে শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রমণ, বিশেষ করে ব্যাপকভাবে দেখা যায় ব্রঙ্কিওলাইটিস। এ রোগে আক্রান্ত শিশুরা শ্বাসকষ্ট, কাশি এবং খাওয়ায় সমস্যার সম্মুখীন হয়। ফলে তারা ভোগে এবং অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তঃবিভাগে এ ধরনের রোগীর সংখ্যা দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকেই একে নিউমোনিয়া ভেবে ভুল করেন, কিন্তু চিকিৎসকের পর্যবেক্ষণ এবং গবেষণার ফলাফলে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে এটি নিউমোনিয়া নয়, বরং রেস্পিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসজনিত ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিস হলো শিশুর ফুসফুসের শেষ প্রান্তে অবস্থিত ক্ষুদ্র শ্বাসনালিগুলোর ভাইরাসজনিত সংক্রমণ। সাধারণত রেস্পিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসই এ রোগের প্রধান কারণ। রোগটি নির্ণয়ে বিশেষ পরীক্ষার প্রয়োজন পড়ে না; শিশুর বয়স, রোগের ইতিহাস এবং শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ করলেই এটি সহজেই নির্ণয় করা সম্ভব। সাধারণত শিশু দুমাস থেকে দুবছরের মধ্যে আক্রান্ত হয়। রোগের শুরুতে নাক দিয়ে পানি পড়া, জ্বর থাকা বা না থাকা, কাশি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। শ্বাস নিতে কষ্ট হলে বুকে পাঁজরের হাড় ভেতরের দিকে ঢুকে যায় এবং শ্বাসের সময় বাঁশির মতো শব্দ শোনা যায়। কিছু শিশু এ রোগে ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে ছয় মাসের কম বয়সী, স্বল্প ওজনের, অপরিণত শিশু বা ঘনবসতিপূর্ণ পরিবেশে থাকা শিশুর ক্ষেত্রে। ছেলে শিশুরা মেয়েদের তুলনায় কিছুটা বেশি আক্রান্ত হয়। শীতকাল প্রধান সময় হলেও বর্ষাকালেও সংক্রমণ দেখা দিতে পারে। বুকের দুধ যথাযথভাবে না পাওয়া, ঘরে ধূমপানের প্রভাব এবং কাঠের চুলা ব্যবহার এ ঝুঁকিকে আরও বৃদ্ধি করে। বাড়িতে আক্রান্ত শিশুর যত্নের জন্য তাকে মাথার দিক সামান্য উঁচু করে শোয়ানো, নাক পরিষ্কার রাখা, স্বাভাবিক খাবার দেওয়া, কুসুম গরম পানিতে গোসল করানো এবং জ্বর থাকলে প্যারাসিটামল ব্যবহার করা উপকারী। যদিও কিছু ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন, স্যালবিউটামল বা কিটোটিফেন জাতীয় সিরাপ দেওয়া হয়। তবে এগুলো রোগ সারাতে বেশ কার্যকর নয়। তবে কিছু লক্ষণ দেখা দিলে হাসপাতালের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন- শিশুর অস্বস্তি বা শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, খাওয়া বা পানি পান করতে অক্ষমতা, উচ্চমাত্রার জ্বর বা শরীরের নীলচে রঙ ধরা। সময়মতো চিকিৎসা না পেলে শ্বাসযন্ত্রের কার্যকারিতা কমে গিয়ে জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারে। মনে রাখবেন, ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া নয় এবং অধিকাংশ শিশুর চিকিৎসা বাড়িতেই সম্ভব। কাশি দুসপ্তাহ বা তার বেশি স্থায়ী হতে পারে এবং ভবিষ্যতে কিছু শিশুর শ্বাসকষ্ট বা বুকে বাঁশির মতো শব্দ হতে পারে। রোগ প্রতিরোধে জন্মের পর ছয় মাস পর্যন্ত শিশুকে কেবল বুকের দুধ খাওয়ানো, নির্ধারিত সময়মতো টিকা দেওয়া, ছমাস পর ধীরে ধীরে ঘন খাবার দেওয়া, খাবারের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বাড়িতে ধূমপান পরিহার করা গুরুত্বপূর্ণ। ব্রঙ্কিওলাইটিস সংক্রান্ত এ তথ্যের মাধ্যমে অভিভাবকরা শিশুর যত্নে সতর্ক থাকতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারেন। ডা. ইমনুল ইসলাম ইমন লেখক : অধ্যাপক, শিশুরোগ বিভাগ
কঠিন শর্তেই ভেঙেছিল অক্ষয়-শিল্পার প্রেম

কঠিন শর্তেই ভেঙেছিল অক্ষয়-শিল্পার প্রেম নব্বইয়ের দশকে বলিউডের আলোচিত তারকা জুটি অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেম ছিল অনেকটা ‘ওপেন সিক্রেট’। প্রায়ই একসঙ্গে দেখা যেত বিভিন্ন পার্টি, রেড কার্পেট বা ফটোশ্যুটে। তাদের এই সম্পর্কের কথা জানতো দুই পরিবারও, এমনকি বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদ হয় এই জুটির। সম্প্রতি অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন অক্ষয়ের দীর্ঘদিনের সহকর্মী ও চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শন। এক সাক্ষাৎকারে তিনি শিল্পা শেঠি ও অক্ষয় কুমারের সম্পর্ক ভাঙার কারণ তুলে ধরেন। জানান, শিল্পা শেঠির পরিবারের আরোপিত শর্তই বিচ্ছেদ ঘটায় এই আলোচিত জুটির। বলিউড ঠিকানায় দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল জানান, তারা ছিলেন সবচেয়ে ‘সুদর্শন জুটি’, কিন্তু ভাগ্যের ভিন্ন পরিকল্পনা ছিল তাদের নিয়ে।শিল্পা শেঠির মা-বাবার দেওয়া শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সুনীল বলেন, ‘মা বাবা হিসেবে, তাদের মেয়ের নিরাপত্তার জন্য মা বাবার যা কিছু প্রয়োজন, সেটাই তারা চেয়েছিলেন। এটা কোনো ভুল নয়। সুনীলের কাছে তখন জানতে চাওয়া হয়, তিনি আর্থিক নিরাপত্তার কথা বলছেন কি না? উত্তরে এই পরিচালক বলেন, ‘সব ধরনের নিরাপত্তাই, সব মা-বাবা এটা চান। তাদের বিচ্ছেদের সময়ের কথা বলতে গিয়ে সুনীল বলেন, ‘এক রিশতা’ সিনেমার শুটিং শুরু হওয়ার পরই তাদের বিচ্ছেদ হয়।
১৩ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১৩ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত। আজ রোববার ৭ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদনের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। এতে সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসা থেকে অস্বাভাবিক অবস্থায় সালমান শাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই মৃত্যুকে ‘হত্যা’ হিসেবে সন্দেহ করা হয়। ওই বছরেরই ২৪ জুলাই সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী আদালতে অভিযোগ দাখিল করে অপমৃত্যুর মামলা পুনঃতদন্ত ও হত্যা মামলা হিসেবে রেকর্ডের আবেদন করেন। পরবর্তীতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছে। তবে মামলার কোনো আসামি মারা গেলে প্রমাণ সাপেক্ষে তারা আইনি দায় থেকে অব্যাহতি পাবেন।
সংগীতশিল্পী নচিকেতা হাসপাতালে

সংগীতশিল্পী নচিকেতা হাসপাতালে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার জীবনমুখী গানের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে। গত শনিবার ৬ ডিসেম্বর দিবাগত রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে নচিকেতার। যার ফলে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, গায়কের অবস্থা এখন স্থিতিশীল। নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী অন্য একটি গণমাধ্যমে বলেন, “বাবার শরীর এমনি ভালোই ছিল। অনেকগুলো অনুষ্ঠানও করেছেন। হঠাৎই শরীর খারাপ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। আমরা এক মুহূর্তও দেরি করিনি। ফলে তেমন সমস্যা হয়নি। হার্টের একটা সমস্যা হচ্ছিল। তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নচিকেতাকে ভর্তি করানো হয়। এই মুহূর্তে গায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ রবিবারও ৭ ডিসেম্বর তার অনুষ্ঠান ছিল; যা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, চিকিৎসকের পরামর্শে আগামী বেশ কয়েকটি শো-ও বাতিল করা হয়েছে।
ঢালিউডের প্রযোজক ও অভিনেতা রুহুল আমিন বাবুলের মৃত্যু

ঢালিউডের প্রযোজক ও অভিনেতা রুহুল আমিন বাবুলের মৃত্যু ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল মারা গেছেন। শনিবার বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। রুহুল আমিন বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর। তিনি জানান, আজ রোববার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। রুহুল আমিন বাবুলের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রযোজক-পরিচালক রুহুল আমিন বাবুল। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও শারীরিক অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাবুল জ্যাম্বস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সত্তরের দশকের শেষের দিকে ছবি প্রযোজনা শুরু করেছিলেন। প্রায় ৩০টি ছবি প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সুপারহিট ছবি। সর্বশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ (১৯৯৮) প্রযোজনা করেছিলেন। ১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তাঁর প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে) নামে দুই কন্যাসন্তান রয়েছে।
এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি ঐশী

এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি ঐশী আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’ অবশেষে মুক্তির অপেক্ষায়। পরিচালক রায়হান রাফী নির্মিত প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতে। সোশ্যাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। সিনেমাটিতে সিনেমায় ঐশীর বিপরীতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। এর আগে আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা। গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার; মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে প্রেম-বিরহের আভাস পাওয়া যায়। আর মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। দর্শকদের একাংশের দাবি, মুক্তির আগেই প্রচারণার উদ্দেশ্যে এই দৃশ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন রটে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা ঐশী। দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। তার ভাষায়, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়। বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী। বেশিরভাগ দৃশ্যের কাজ শেষ। আর ‘নূর’ মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর।
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসবের ফাইনাল

শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসবের ফাইনাল তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪-০ গোলে গৌড়মতি ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্ষীরসাপাত ফুটবল দল। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, মাহমুদুর রশীদ তুহিন ও ফারুক হোসেনসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিসের সভাপতি তরিকুল সম্পাদক বাবুল

চাঁপাইনবাবগঞ্জে নজেকশিসের সভাপতি তরিকুল সম্পাদক বাবুল নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি-নজেকশিস চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২০২৮ মেয়াদে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন সভাপতি ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সহকারী অধ্যাপক বাবুল আকতারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, নজেকশিস এর সাবেক সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, নজেকশিস এর সদস্য আনোয়ার হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে সমিতির প্রয়াত সদস্যদের ৭ জন নমিনীকে চেক প্রদান করা হয়েছে এবং প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়।