চাঁপাইনবাবগঞ্জের জাতীয় সংসদ নির্বাচনে ৩ টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন

চাঁপাইনবাবগঞ্জের জাতীয় সংসদ নির্বাচনে ৩ টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬ প্রার্থী। আজ দাখিলের শেষ দিনে এবং গতকাল এইসব প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মমোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব শামসুল হোদা, জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, জাতীয় পার্টির খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশের কমউিনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। এদের মধ্যে অধ্যাপক শাহজাহান মিঞা ও আমিনুল ইসলাম গতকাল মনোনয়নপত্র দাখিল করেন। জেলার এই তিনটি আসনে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করলেও ১৬ জন দাখিল করলেন। বাকি ৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেননি। চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ এসব তথ্য জানিয়েছেন। আজ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আর চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি শনিবার। এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা

গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে গোমস্তাপুরে মাদকবিরোধী শপথ গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পুনর্ভবা ও মহানন্দা আইডিয়াল কলেজের কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ফুটবল ম্যাচে মুখোমুখি হয় পুনর্ভবা ফুটবল একাদশ বনাম মহানন্দা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মহানন্দা একাদশকে পরাজিত করে জয়লাভ করে পুনর্ভবা ফুটবল একাদশ। পুরো টুর্নামেন্ট জুড়ে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাঠমুখী করার কোনো বিকল্প নেই বলে তাদের বক্তব্যে বলেন।
আবারও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী
আবারও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে খ্যাতির পাশাপাশি সমালোচনার শিকারও হয়েছেন। এর মধ্যেই নায়িকাকে নিয়ে নতুন খবর চাউর হয়েছে। বুবলী নাকি আবারও মা হচ্ছেন। আর এই সন্তানের বাবাও নাকি বাংলার সুপারস্টার শাকিব খান। নতুন করে বুবলীর মা হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়া। যেখানে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন।’শাকিব খানের দুই স্ত্রী- একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপরজন শবনম বুবলী। দুজনেই চিত্রনায়কের দুই সন্তানের মা। তবে বহুদিন ধরেই এই তিনজনের মধ্যে চলছে দড়ি টানাটানি। এদিকে শাকিবের দাবি, দুজনই তার প্রাক্তন। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে এসেছেন শাকিব খান। ফেসবুকে একান্ত মুহূর্তের সেই সব ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন বুবলী। সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়িকা। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশকিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপরেই নেটিজেনদের একটি অংশ দাবি তোলেন, ‘বুবলী অন্তঃসত্ত্বা’। আর এমন দাবিকেই পুঁজি করে খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।’ ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। এ ঘটনার বেশকিছুদিন পর দুজনের আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১১১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১১১ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশে ১১১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ এক লাখ এক হাজার ৫৩১ হাজার রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৬৭৩ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে ৪১২ জনের মৃত্যু হয়েছে।
শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব

শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব শিবগঞ্জ থানার জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ পরিত্যক্ত গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৫। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে র্যাব-৫ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু পলিথিনের ব্যাগ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি সাদা রংয়ের পলিথিনের ভিতর সাদা, কালো ও লালচে রংয়ের ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাটা, ৩টি লাল রংয়ের কসটেপ, ১৩টি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানায় র্যাব।
চাঁপাইনবাবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কঠিন ও পচনযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিক ও টেকসই পদ্ধতিতে পরিচালনার লক্ষ্যে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। সূচনা বক্তব্য দেন সাসটেইল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট(এসএনভি)’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পৌর এলাকার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার চিত্র, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন প্ল্যানার ইমরান হোসেন, এসএনভি’র প্রজেক্ট ম্যনেজার তানভির আহমেদ চৌধুরী ও এসডিসি এগ্রো লিমিটেড এর পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম সহ অন্যরা। তাঁরা বর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, টিএলসি ও সিটিজেন প্ল্যাটফর্মের প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চুক্তি স্বাক্ষর পর্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে কঠিন ও পচনযোগ্য বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার চুক্তি সম্পন্ন হয়। এ কার্যক্রমের আওতায় বর্জ্য পৃথকীকরণ, পরিবেশবান্ধব প্রক্রিয়াজাতকরণ এবং পুনঃব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “এই চুক্তির মাধ্যমে পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে। নাগরিকদের সহযোগিতা থাকলে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পারবো।” উল্লেখ্য, এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি ‘বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে সাসটেইল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট(এসএনভি) (ঝঘঠ)।
৭ জানুয়ারির মধ্যে হজ ফ্লাইটের সূচি প্রকাশ করার অনুরোধ

৭ জানুয়ারির মধ্যে হজ ফ্লাইটের সূচি প্রকাশ করার অনুরোধ আগামী ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে হজ ফ্লাইট সূচি এয়ারলাইন্সগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং হজ পোর্টালে প্রকাশ করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (২৮ ডিসেম্বর) এই অনুরোধ জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজারের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয়, ২০২৬ সালে হজের সৌদি রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল আগামী ৪ জানুয়ারির মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য সময় নির্ধারণ করা আছে। হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় হোটেল/বাড়ি ভাড়া কার্যক্রম শুরু করা হয়েছে। মদিনার বাড়িভাড়া স্লট ভিত্তিক হওয়ায় সুষ্ঠুভাবে বাড়িভাড়ার পরিকল্পনার জন্য এয়ারলাইন্সগুলোর জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে এয়ারলাইন্সগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ ও হজ পোর্টালে আপলোড করা জরুরি। এ অবস্থায়, জিএসিএ ও বেবিচক অনুমোদিত ফ্লাইট শিডিউল এয়ারলাইন্সগুলোকে ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ ও হজ পোর্টালে আপলোড করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
সারা দেশে রাতে শীত বাড়বে

সারা দেশে রাতে শীত বাড়বে সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে কিশোরগঞ্জের নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
জেন-জি বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রীর দৌড়ে সাবেক র্যাপার

জেন-জি বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রীর দৌড়ে সাবেক র্যাপার নেপালের আসন্ন সংসদ নির্বাচনে নাটকীয় মোড় নিয়ে হাজির হয়েছেন দেশটির সাবেক র্যাপার ও কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র বলেন্দ্র শাহ। তিনি ভক্তদের কাছে ‘বালেন’ নামেই বেশি পরিচিত। এবার তিনি দেশটির প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রবি লামিছানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নতুন এই জোট নেপালের রাজনীতিতে গত তিন দশক ধরে আধিপত্য বিস্তারকারী পুরোনো দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। দলীয় কর্মকর্তারা আজ সোমবার জানান, মেয়র বালেন গত রবিবার রবি লামিছানের নেতৃত্বাধীন আরএসপি পার্টিতে যোগ দিয়েছেন। রবি লামিছানে নিজেও একজন সাবেক টিভি সঞ্চালক থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ব্যক্তিত্ব। চুক্তি অনুযায়ী, ৫ মার্চের সংসদ নির্বাচনে যদি আরএসপি জয়লাভ করে, তাহলে ৩৫ বছর বয়সী বালেন হবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ৪৮ বছর বয়সী লামিছানে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নেপালে গত সেপ্টেম্বরে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে ‘জেনারেশন জেড’ বা তরুণদের নেতৃত্বে চলা বিক্ষোভে ৭৭ জন নিহত হন এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। বালেন এবং লামিছানে উভয়েই সেই বিক্ষোভের দাবিগুলো পূরণের অঙ্গীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষক বিপিন অধিকারী বলেন, “বালেন এবং তার তরুণ সমর্থকদের নিজেদের দলে ভেড়ানো আরএসপির জন্য একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও কৌশলগত পদক্ষেপ। তরুণ ভোটারদের হারানোর ভয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো এখন শঙ্কিত।” নির্বাচন কমিশনের তথ্যমতে, নেপালের ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার। সেপ্টেম্বর বিক্ষোভের পর প্রায় ১০ লাখ নতুন ভোটার (যাদের বেশিরভাগই তরুণ) তালিকায় যুক্ত হয়েছেন। বিক্ষোভের পর বালেন ব্যাপক আলোচনায় আসেন এবং তিনি ছিলেন আন্দোলনকারী তরুণদের একজন অঘোষিত নেতা। তিনি সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও সহায়তা করেছিলেন, যারা এই নির্বাচন পরিচালনা করবে। তবে কিছু সমালোচক বিক্ষোভের সময় বালেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, তিনি জনসম্মুখে খুব কমই আসতেন এবং কেবল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন। ১৯৯০ সালের পর নেপালে রাজতন্ত্রের অবসান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে কেপি শর্মা ওলির নেতৃতাধীন কমিউনিস্ট পার্টি (ইউএমএল) এবং মধ্যপন্থি নেপালি কংগ্রেস পালাক্রমে ক্ষমতায় ছিল। এখন বালেন তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছেন। মিছানে ২০২২ সালের নির্বাচনের আগে আরএসপি গঠন করেন। একজন টিভি সঞ্চালক হিসেবে দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। লামিছানে বর্তমানে জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে সমবায় সমিতিগুলোতে ক্ষুদ্র আমানতকারীদের জমানো অর্থ আত্মসাৎ বা অপব্যবহারের অভিযোগ রয়েছে। নেপালি কংগ্রেস পার্টির মুখপাত্র প্রকাশ শরণ মাহাত বলেন, “বালেন এবং লামিছানে- উভয়েই ‘বিতর্কিত’ নেতা এবং তাদের এই জোট বড় কোনো প্রভাব ফেলতে পারবে না।” মাহাত রয়টার্সকে বলেন, “আমি মনে করি না তাদের এই জোটের কারণে কোনো রাজনৈতিক পরিবর্তন হবে। মানুষ এখনো পুরোনো এবং অভিজ্ঞ দলগুলোকেই বেছে নেবে।”
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১৬ ইন্দোনেশিয়ার একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত এবং দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩ জন। স্থানীয় কর্তপক্ষের বরাত দিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদো শহরের দামাই রিটায়ারমেন্ট হোম-এ রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরটির ফায়ার অ্যান্ড রেস্কিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু বার্তা সংস্থা এএফপিকে জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ এখনও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছে। নিহতদের পরিবারের সদস্যদের নির্দিষ্ট হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশটির এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম ডেটিককমকে জানান, অনেক মরদেহ এমন অবস্থায় রয়েছে, যা শনাক্ত করা কঠিন। বৃদ্ধাশ্রমের কাছেই বসবাসকারী স্টিভেন মোকোদোমপিট জানান, তিনি যখন রাত ৮টার দিকে সেখানে পৌঁছান, তখন বৃদ্ধাশ্রমের রান্নাঘরে আগুন জ্বলছিল। উদ্ধারকাজের সময় তারা একটি বিস্ফোরণ এবং সাহায্যের জন্য আর্তচিৎকার শুনতে পান। তিনি বলেন, “মাত্র পাঁচ মিনিটের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।” ন্দোনেশিয়ায় এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড অস্বাভাবিক নয়। চলতি মাসের শুরুর দিকে রাজধানী জাকার্তায় একটি সাত তলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছিলেন।