চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও পোষাক সহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও পোষাক সহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগরঞ্জের সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বিজিবি ও র্যাবের পৃথক চারটি অভিযানে ভারতীয় ২টি গরু, ৪৭ বোতল মদ,২০০ পিস ইয়াবা এবং ২৮টি ভারতীয় শাড়ি ও ৩১টি চাদর জব্দ হয়েছে। এর মধ্যে র্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ সেন্টু রহমান নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারুইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজবাড়ীহাট গন্ধশাইল গ্রামের মইদুল রহমানের ছেলে। বিজিবি ও র্যাব জানায়, গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়,গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে ৩টি পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে কেউ আটক না হলেও সদরের জহুরপুরটেক বিওপির টহলদল সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু জব্দ করে। সদরের বাখের আলী বিওপির টহল দল বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে ২৮টি শাড়ী ও ৩১ টি চাদরসহ মোট ৫৯টি বস্ত্র জব্দ করে। শিবগঞ্জের ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জের পাঁকা ইউণিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল মদ জব্দ করে। এসব চোরাচালান মালামালের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ ৪৭ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ২টি গরু ও ৫৯টি বস্ত্র চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান অধিনায়ক। এর আগে আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকাল ৪টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ৬ নং ওয়ার্ডের হুজরাপুর খাজাবাবা ঢাকা কোচ টার্মিনাল সংলগ্ন পুকুর পাড়ে অভিযান চালানো হয়। অভিযানে ২০০ পিস ই্য়াবা সহ গ্রেপ্তার হন সেন্টু। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আসামীকে সোপর্দ করে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
ধর্মীয় নেতাদের অংশগ্রহণে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্মীয় নেতাদের অংশগ্রহণে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত ও প্রশিক্ষণ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোবরাতলা ইউনিয়ন পরিষদে জামিয়া আলী আকবর মাদ্রাসার প্রধান শিক্ষক আমীর হামজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুজ্জামান। এতে আলোচক ছিলেন গোবরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ঝঝইঈ প্রকল্পের ফেসিলেটেটর তোহরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় ইমাম, কাজী, মাওলানা, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালাটি আয়োজন করেন স্ট্রেদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন শিশুদের মারা বা নির্যাতন করা যাবে না এবং তাদের সাথে কটু কথা বলা যাবে না। এছাড়া তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। বক্তারা শিশুদের প্রতি সহিংসতার কারণ, প্রতিরোধ কৌশল, অভিভাবকদের সচেতনতা এবং কমিউনিটি পর্যায়ে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এসময় বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকার প্রতি জোর দেন অতিথিরা।
ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো (হাইব্রিড জাত) ধান ও বোরো (উফশী জাত) ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। আজ সকলে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তার রবিউল ইসলাম কবিরাজসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। কৃষি অফিস সূত্র জানায়, অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক এক ধরণের বোরো বীজ পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য শুধু ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান বীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের ধান বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা জেলা পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেন্টস, প্রত্যাশা-০২ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদেশ যাওয়া ও থাকাকালীন সময়ে নির্যাতিত হলে কি করনীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফেরত এসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেন বক্তারা। পাশাপাশি কর্মশালায় দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরির উপর গুরুত্ব দেন তারা। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারসহ বিভিন্ন সরকারি দপ্তরর কর্মকর্তা, বিদেশ ফেরত অভিবাসী, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল স্মৃতি মিলনায়তনে কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ শরিফুর আলম, ,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামরুজ্জামান, ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান ডন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠত হয়।
আগামীকাল ১১ ডিসেম্বর রহনপুর মুক্ত দিবস

আগামীকাল ১১ ডিসেম্বর রহনপুর মুক্ত দিবস আগামীকাল ১১ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১১ডিসেম্বর এ শহর হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে এবার নেই কোন কর্মসূচি। এই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ এলাকা ৭ নং সেক্টরের অধীনে ছিল। ১৯৭১ সালে ১১ ডিসেম্বর চাঁড়ালডাঙ্গা এলাকার ১৩ জন রাজাকারকে ধরে ভোলাহাট থানায় জমা দেওয়া হয়। তিনি বাঙ্গাবাড়ী, আলিনগর এলাকার বিএলএফ কমান্ডার ছিলেন। তাঁর ক্যাম্প ছিল আলিনগর স্কুল ও কলেজের পেছনে। ১১ ডিসেম্বর আলমপুর ক্যাম্পের লেফটেনেন্ট রফিক, আনসার মোজাহিদ তুরফান,ক্যাপ্টেন আলতাফ, আনিসুরের নেতৃত্বে বিভিন্ন দিক থেকে প্রায় দুইশতাধিক মুক্তিযোদ্ধা রহনপুর অভিমুখে রওনা হয়। এছাড়া মহানন্দা নদী পেরিয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে।মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশের আগেই রাতে পাক সেনারা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা তাঁদের সেনাক্যাম্প গুটিয়ে রাজাকারদের সঙ্গে নিয়ে ট্রেনে করে পালিয়ে যায় এবং রহনপুর শহর মুক্ত হয় রহনপুর শহর মুক্ত হয়। পরে মুক্তিযোদ্ধারা নাচোল-আমনুরা হয়ে রাজশাহী জোহা হলে অবস্থান নেয়। সেখানে তাঁরা আনন্দ মিছিল বের করে। ওই এলাকাগুলো মুক্ত করতে। রহনপুর পৌরসভার সাবেক কমান্ডার ও সেনা সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নির্দেশে বোয়ালিয়া ইউনিয়ন থেকে বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন তিনি। তাঁর আনসারের ট্রেনিং ছিল। তিনি সম্মুখ যোদ্ধা ছিলেন। সেসময় তাঁর কাছে রাশিয়া এসএলআর অস্ত্র ছিল। ১০ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীরের নির্দেশে বোয়ালিয়া এলাকার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কাইয়ুম ও লেঃ রশিদকে পাক বাহিনী উপর আক্রমনের নির্দেশ দেন। তারা সকলেই একত্রিত হয়ে রহনপুরের পাক সেনাক্যাম্পের দিকে এগিয়ে আসার আগেই তাঁরা ট্রেনে করে পালিয়ে যায়। রহনপুর শহর মুক্ত হয়। পরে তিনি রাজশাহী হয়ে সৈয়দপুর এলাকা মুক্ত করতে যান। সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বলেন, রহনপুর মুক্তদিবস পালনে এবার নেই কোন কর্মসূচী।
রাশিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

রাশিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের কোনো আরোহীই জীবিত নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ওই বিমানে সাতজন আরোহী ছিলেন। খবর এনডিটিভির। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নে (টেস্ট ফ্লাইটে) পাঠানো হয়েছিল। উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার একটি নির্জন স্থানে আছড়ে পড়ে। মস্কো থেকে এলাকাটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় ক্রুদের বাইরে অন্য কারও হতাহতের আশঙ্কা নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, তারা উড্ডয়ন প্রস্তুতির নিয়মকানুন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কোনো যোগসূত্র রয়েছে বা কিয়েভের জড়িত থাকার কোনো অভিযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোটো আকারের একটি বিমান। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটেছে এই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ওই গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। বিমান আছড়ে পড়ার দৃশ্যটি সড়কে চলাচলরত গাড়ির ড্যাশক্যামে ধরা পড়ে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। আর বিমানটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। উভয়েরই বয়স ২৭ বছর। তারা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানটি আছড়ে পরার পর গাড়ি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ছিল। কর্মকর্তারা বলেছেন, এটি ‘অবিশ্বাস্যভাবে সৌভাগ্যজনক’ ঘটনা, কারণ আঘাতের তীব্রতা থাকা সত্ত্বেও বড় ধরনের ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যাম্রি গাড়িটির পেছনের অংশ পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। বিমানটির সামনের অংশ এবং চাকা ভেঙে গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিনে সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট। তার পরিকল্পনা ছিল যে মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করবেন। কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর সড়কের ওপারে যেতে না পেরে সেখানেই আছড়ে পড়েছিল বিমানটি। ঘটনাটির তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ অব্যাহত, সীমান্ত থেকে পালিয়েছে ৫ লাখ মানুষ

থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ অব্যাহত, সীমান্ত থেকে পালিয়েছে ৫ লাখ মানুষ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ টানা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের মতে, সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ ও বিমান হামলার ফলে পাঁচ লাখের বেশি বেসামরিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর আল-জাজিরার। বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের কর্মকর্তারা একে অপরকে সংঘর্ষ পুনরায় শুরু করার জন্য অভিযুক্ত করেছেন। গত সোমবার থেকে শুরু হওয়া আন্তসীমান্ত সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ১৩ জন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছে। সীমান্তের উভয় পাশের ৫ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি এক সংবাদ সম্মেলনে বলেন, সাতটি প্রদেশে ৪ লাখেরও বেশি মানুষকে লোককে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের নিরাপত্তার জন্য আসন্ন হুমকি হিসাবে যা মূল্যায়ন করেছি, তার কারণে বেসামরিক লোকদের বিপুল সংখ্যক সরিয়ে নিতে হয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার সকালে কম্বোডিয়া থেকে ছোড়া রকেট সুরিনের ফানম ডং রাক হাসপাতালের কাছে এসে পড়ে, যার ফলে রোগী ও হাসপাতালের কর্মীরা একটি বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হয়। অন্যদিকে, কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, পাঁচটি প্রদেশে ১ লাখ ১ হাজার ২২৯ জনকে নিরাপদ আশ্রয়স্থল ও আত্মীয়স্বজনের বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার সংবাদমাধ্যম কম্বোডিয়ানেসের খবর অনুসারে, থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমানগুলো দেশের দুটি এলাকায় হামলা করেছে। সীমান্তবর্তী আরো অন্তত ৩টি এলাকায় থাইল্যান্ডের গোলাগুলি অব্যাহত রয়েছে। এদিকে, থাইল্যান্ডের সংবাদমাধ্যম ম্যাটিচনের খবর অনুসারে, বুধবার সকালে সীমান্তে ‘একটি কম্বোডিয়ান সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলার করার জন্য দেশটির সেনাবাহিনী এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে থাইল্যান্ডের দ্য নেশন সংবাদমাধ্যমের মতে, বুধবার ভোরে থাইল্যান্ডের ৪টি প্রদেশের ১২টি ফ্রন্ট-লাইন এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে কম্বোডিয়া। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। থাইল্যান্ডের সুরিন প্রদেশ থেকে রিপোর্ট করা আল-জাজিরার সংবাদিক রব ম্যাকব্রাইড বলেন, থাই সেনাবাহিনী মঙ্গলবার রাতে বলেছে, কম্বোডিয়া সীমান্তবর্তী প্রায় সব প্রদেশেই লড়াই চলছে। ম্যাকব্রাইড বলেন, কেবল সুরিন প্রদেশেই পাঁচটি ভিন্ন স্থানে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে এবং এখানকার বেশিরভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি আরো বলেন, “সীমান্তের উভয় পাশেই কয়েক লাখ মানুষ অতীতের মতো আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে এবং লড়াই অব্যাহত রয়েছে।” উত্তর-পশ্চিম কম্বোডিয়ার ওডার মিঞ্চে থেকে রিপোর্ট করে আল-জাজিরার সাংবাদিক বার্নাবি লো বলেন, থাইল্যান্ডের সঙ্গে পাঁচটি সীমান্ত প্রদেশে লড়াই ছড়িয়ে পড়ায় স্থানীয় মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। তিনি বলেন, প্রায় ১০ হাজার বাস্তুচ্যুত মানুষের আবাসস্থলের একটি শিবিরে অনেকে প্লাস্টিকের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিচ্ছে, আবার অন্যদের কাছে রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় তৈরির উপকরণও নেই। লো বলেন, “কিন্তু এখানে আরো বড় উদ্বেগ হলো, সহিংসতা আরো ছড়িয়ে পড়তে পারে। এই মুহূর্তে, মানুষজন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কারণ যেখানে লড়াই চলছে সেখান থেকে আমরা কয়েক কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও বিস্ফোরণের তীব্র শব্দ শুনতে পাচ্ছি। তাই মানুষজন জিনিসপত্র গুছিয়ে অন্য একটি আশ্রয় শিবিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।” লো আরো বলেন, কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট ও সাবেক নেতা হুন সেন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ফলে এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। এর আগে, গত জুলাই মাসে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সীমান্তযুদ্ধ হয়েছিল। এতে বহু মানুষ প্রাণ হারায় এবং তিন লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে ২৭ জুলাই প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণা করান। ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে বলেন, তিনি নতুন করে শুরু হওয়া লড়াই বন্ধ করার জন্য সরাসরি ফোন করবেন। ট্রাম্প মার্কিন রাজ্য পেনসিলভানিয়ায় একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেন, “আমাকে একটি ফোন কল করতে হবে। আর কে বলবে, আমি একটি ফোন কল করব এবং দুটি অত্যন্ত শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামাব।” তবে, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও আল জাজিরাকে বলেন, সীমান্ত সংঘাত বন্ধে তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না। তিনি আরো দাবি করেন, ব্যাংকক সংঘর্ষ শুরু করেনি। মঙ্গলবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে যে, থাইল্যান্ড নির্বিচারে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে, ফলে তাদের সেনাদের প্রতিরোধ করা ছাড়া উপায় ছিল না। ব্যাংকক অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দুই দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত হিসেবে, কম্বোডিয়া বুধবার ঘোষণা করেছে যে, ‘গুরুতর উদ্বেগের’ কারণে তারা থাইল্যান্ডে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় গেমস থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।
দুই উপদেষ্টার পদত্যাগ আজ-কালের মধ্যে

দুই উপদেষ্টার পদত্যাগ আজ-কালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. মাহফুজ আলম পদত্যাগ করছেন। আজ বা কালকের মধ্যে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। তাদের পদত্যাগের বিষয়টি নির্ভর করছে তফসিল ঘোষণার ওপর। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দেবেন। সেদিন থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য বলা হয়েছে। তারা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে চাননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার বিষয়ে জানতে চাইলে তার দপ্তরের ঘনিষ্ঠরা বলেন, পদত্যাগের বিষয়ে তাদের কিছু বলা হয়নি। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও ধারণা করা হচ্ছে, তিনি পদত্যাগের বিষয় এবং কোন আসন থেকে নির্বাচন করবেন—সে বিষয়ে কথা বলবেন। মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে পারেন। বিএনপি–এনসিপি জোটগত কারণে এ আসন ছাড়তে পারে; ফলে তিনি বিএনপি বা এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। অন্যদিকে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন; মাহফুজ আলম দায়িত্ব নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।