সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বুলগেরিয়া। দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বুধবার সন্ধ্যায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ। সংবাদমাধ্যমর প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই দেশটিতে বিক্ষোভ চলছে। রাজধানী সোফিয়া এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশটির আরও কয়েক ডজন শহরে সর্বশেষ বিক্ষোভের খবর পাওয়া গেছে। এমন এক সময় দেশটিতে এই বিক্ষোভ-সমাবেশ হচ্ছে যখন আগামী ১ জানুয়ারি থেকে বুলগেরিয়া ইউরোকে তাদের সরকারি মুদ্রা হিসেবে গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিক্ষোভকারীরা লেজার ব্যবহার করে কেন্দ্রীয় সোফিয়ায় অবস্থিত পার্লামেন্ট ভবনে ‘পদত্যাগ’, মাফিয়া আউট এবং সুষ্ঠু নির্বাচনসহ বিভিন্ন শব্দ প্রদর্শন করে। সোফিয়ার বাসিন্দা ৬৪ বছর বয়সী ডোবরি লাকভ বলেন, আমি মনে করি জনগণের শক্তি ধীরে ধীরে তাদের (সরকারকে) পদত্যাগ করতে বাধ্য করবে কারণ অনেক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, প্রথমত বিচার বিভাগীয় সংস্কার প্রয়োজন। যদি বিচার ব্যবস্থা ঠিক করা হয়, তাহলে বাকি সবকিছুই ঠিক হয়ে যাবে, একেবারে সবকিছুই। বুলগেরিয়ার সংসদ আজ প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভের সরকারের ওপর অনাস্থা ভোটের আয়োজন করবে। চলতি বছরের ১৫ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ষষ্ঠবারের মতো অনাস্থা ভোটের আয়োজন করা হচ্ছে। গত সপ্তাহে সরকার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে নেয়। বিরোধী দল এবং অন্যান্য সংগঠন জানিয়েছে যে, তারা উচ্চতর রাষ্ট্রীয় ব্যয়ের অর্থায়নের জন্য সামাজিক নিরাপত্তা অবদান এবং লভ্যাংশের ওপর কর বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। বাজেট পরিকল্পনার বিষয়ে সরকার পিছু হটার পরেও গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটিতে গভীর রাজনৈতিক ও সামাজিক বিভাজনের মধ্যে ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইটি বিশেষজ্ঞ অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, অবশেষে বুলগেরিয়ায় স্বাভাবিকতা ফিরে আসার এবং আমাদের অভিজাততন্ত্র, মাফিয়া এবং তাদের প্রতিনিধিত্বকারী শক্তি থেকে নিজেদের মুক্ত করার সময় এসেছে।
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় পৃথক সচিবালয়ের যাত্রা, পরবর্তী সরকারও ধারাবাহিকতা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য রেজিস্ট্রার ও কর্মকর্তারা। এর আগে, গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে। তার আগে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ

বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। তিনি গণমাধ্যমকে জানান, আদালত নির্দেশ দিয়েছেন বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত থাকে, ডাটাবেজ সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয়। তিনি আরও বলেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিবাহ লুকানো, পূর্ববর্তী তথ্য গোপন, তালাক প্রমাণের জটিলতা— এসব সমস্যা ব্যাপকভাবে হ্রাস পাবে এবং নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা ও সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনের পথ আরও সুদৃঢ় হবে। এর আগে, ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। বিয়ে ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশনে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ২০২১ সালের ৪ মার্চ রিটটি করেন। একই বছরের ২৩ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।
মহান বিজয় দিবস উদযাপন ঘিরে নির্দেশনা
মহান বিজয় দিবস উদযাপন ঘিরে নির্দেশনা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ভিভিআইপি ও ভিআইপিরা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত, জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। আজ তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ওই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন আজ এই চিঠি সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের ভেতর ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড। ভবনে ঢুকতে হচ্ছে তল্লাশি পেরিয়ে।নির্বাচন ভবনের মূল ফটক ও সংলগ্ন এলাকায় পুলিশের পাশাপাশি আনসার ও র্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে। আশপাশের সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলেও আনা হয়েছে সীমাবদ্ধতা। রেকর্ড করা হয়েছে সিইসির ভাষণ| আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন। আগের দিন বুধবারও পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল। দায়িত্বরত ডিএমপির এসআই (এডিসি) মাহবুবুল করিম বলেন, ‘‘তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নির্বাচন ভবনে প্রবেশকারীদের পরিচয় যাচাইসহ প্রতিটি পয়েন্টে তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সে জন্যই এ ব্যবস্থা।’’ দায়িত্বরত ডিএমপির ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ রহমতুল্লাহ জানান, নির্বাচন কমিশনের অনুষ্ঠান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের মোতায়েন বেড়েছে। ভবনের চারপাশে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায়

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার – সিইসি এ এম এম নাসির উদ্দীন। ভাষণটি আগেই রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জমা দেওয়া হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ইসির সব প্রস্তুতি চূড়ান্ত। সিইসি আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন।
শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, একেএস রোকন, তারেক রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুন উর রশিদ এবং শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে আরো তিনজন ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে আরো তিনজন ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৩ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
নাচোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় নবাগত ওসির

নাচোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় নবাগত ওসির চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী। বুধবার বেলা ১১টার দিকে ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখা ও থানা দালালমুক্ত রাখার আশ্বাস দেন নবাগত ওসি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালন, চোরাকারবারী, ছিনতাই, ইভটিজিং, মদ, গাঁজা, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ, বাসস্ট্যান্ডে যানজট মুক্তসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সঠিকভাবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় ওসি (তদন্ত) নূরুল সৈকতসহ অন্যরা উপস্থিত ছিলেন।