অন্য সেলিব্রিটিদের মতো সব আমলের ক্রিম খাই না আসিফ

অন্য সেলিব্রিটিদের মতো সব আমলের ক্রিম খাই না আসিফ জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের মানুষ হলেও রাজনীতির সঙ্গে যুক্ত এই শিল্পী। কয়েক দিন আগে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। এ আলাপচারিতায় শোবিজ অঙ্গনের তারকাদের রাজনৈতিক সুবিধা গ্রহণের বিষয়ে কথা বলেন আসিফ। অনুষ্ঠানে সঞ্চালক আসিফের একটি লেখা উল্লেখ করেন। সঞ্চালক বলেন, “আপনার ছোট একটা লেখার কথা মনে আছে। যেখানে আপনি লিখেছিলেন‘আমি উট পাখির মতো বালিতে মুখ গুঁজে, অন্য সেলিব্রিটিদের মতো সব আমলের ক্রিম খাই না, সম্ভবও না। এই দেশের অনেক সেলিব্রিটি।” সঞ্চালকের কথা শেষ হওয়ার আগেই আসিফ আকবর বলেন, “অনেক না, প্রায় শতভাগ সেলিব্রিটি ক্রিমখোর। এটা নিঃসন্দেহে। কিছু আছে পাগলছাগল। তারা কাউরে গোনে না, চিনেও না, এটা ভালো। ব্যাখ্যা করে আসিফ আকবর বলেন, “কিন্তু পলিটিক্যাল বেনিফিট। ‘আই অ্যাম নট পলিটিশিয়ান, অ্যাই ডোন্ট লাইক পলিটিকস, আই হেট পলিটিকস’ এসব বলেন তারা। একটু আগে যে নায়কের কথা বললে। আমাদের লম্বা চুলের হিরো। সে কোথায় যায় না, সব জায়গায় তেল মারে। আমার কাছে ছবিও আছে। তাদের নৈতিকতা তাদের কাছে। কিন্তু আমার স্টাইল হলো আমি ভেঙে যাব, তবু মছকাব না। নৈতিক-আদর্শিক ইস্যুকে মেইনটেইন করতে হবে। সঞ্চালকের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে আসিফ আকবর বলেন, “একটা জীবনে তুমি কী চাও? তোমার ভালো কাজ নিয়ে চর্চাই তো হবে! খারাপ কাজ তো বেশি দিন টিকবে না। খারাপ কাজ নিয়ে মানুষ আলাপ করবে না। মৃত্যুর পর খোঁজে খোঁজে তোমার ভালো কাজ নিয়ে মানুষ আলাপ করবে। মৃত্যুর জন্যই আমাদের অপেক্ষা করতে হয় এবং মৃত্যুর পরে যে চর্চা হয় সেটাই আসল চর্চা। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে আসিফ আকবর বলেন, “সোশ্যাল সাইট আসার পর থেকে তো একটা অস্থিরতা চলছে। বিষয়টা এমন যে, একটা ফেসবুক অ্যাকাউন্টের মালিক মানে, একটা টিভি চ্যানেলের মালিক। সুতরাং মানুষ বলতেই থাকবে। কিন্তু তুমি কে, তুমি কী, তুমি কীভাবে চলছো, কোথায় তোমাকে থামতে হবে—এটা ‘নো দাই সেলফ’ অর্থাৎ নিজেকে চেনা। নিজেকে চেনার ব্যাপারটা আমার জন্য যথেষ্ট আছে। আমি যদি ভুল করি, দ্রুত তা সংশোধন করে ফেলি। এটা নিজে থেকে করে ফেলি। আর যেটা ভুল না, সেটা নিয়ে এক জীবন পার করব। কারণ আমি জানি এটা ভুল না। একসময় তোমাকে এখানে আসতেই হবে। বলেন আসিফ আকবর।
মিথিলা আমাকে এভাবেই বোকা বানায় সৃজিত

মিথিলা আমাকে এভাবেই বোকা বানায় সৃজিত বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যায়, সম্পর্কটা ভালো যাচ্ছে না অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও পার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। এমনকি তার বিচ্ছেদের পথে হাঁটছেন এমন গুঞ্জনও চাউর হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সব জল্পনাকেই যেন উল্টে দিলেন মিথিলা। এই মুহূর্তে সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে অবস্থান করছেন মিথিলা। কবে কখন গিয়েছেন, তা স্পষ্ট না হলেও এক সংবাদ মাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে। সাক্ষাৎকারে মিথিলা বলেন, “এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি, আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হলো সবাই। গতবছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি। মিথিলা আরও বলেন, “এখনও বোম্বেতে কিচ্ছু দেখিনি। আমি বলেছিলাম, গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়, সৃজিতকে বললাম, ‘আমাকে প্লিজ সেটা দেখাও।’ তখন বলল, ‘ওটা এখন বন্ধ, ঢেকে রেখেছে কাপড় দিয়ে।’ আমি ভাবলাম, এটা কি ভুল ভাবছি! এটা তো অনেক বড়! কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়। কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলে যে… পরে আমি গুগল করলাম, দেখলাম, এত বড় স্থাপনা কীভাবে ঢেকে রাখা যায়! এরপর ওই আরকি। সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন দীর্ঘদিন চলছিল। তাদের বিচ্ছেদের খবর নেটমাধ্যমে ছড়ালে পরে মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় চলে এসেছিলেন। সেই সময় মিথিলা বলেছিলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।” সঞ্চালক সরাসরি জানতে চাইলে, সৃজিত এখনও তার স্বামী কি না, মিথিলা রহস্য রেখে বলেছিলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।
ভোট দিতে ৩ লাখ ২৯ হাজার ৭১৯ প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে ৩ লাখ ২৯ হাজার ৭১৯ প্রবাসীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ২৯ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বেলা ১১টা ২৭ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৩ লাখ ২৯ হাজার ৭১৯ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৫ হাজার ৭১৩ জন পুরুষ ও ২৪ হাজার ৬ জন নারী রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ৯১ হাজার ৪৬৮ জন, এরপর রয়েছে কাতার। এই দেশ থেকে ২৮ হাজার ৭৫৫ জন, যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২১ হাজার ১৩৯ প্রবাসী ভোটার। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা বাধ্যতামূলক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা বাধ্যতামূলক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি সচিবালয়ের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে প্রণীত ছবিসহ ভোটার তালিকাই ব্যবহার করতে হবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তারা ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবেন। তবে প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে মুদ্রণপূর্বক ব্যবহার করবেন। সিডি সংগ্রহের জন্য মনোনয়নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা পর্যায় থেকে কিংবা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আবেদন করতে হবে। ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য ৫০০ টাকা এবং সিটি করপোরেশন ও পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা হারে ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে মূল্য জমা দিতে হবে।
নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের

নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি সচিবালয়ের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থী, প্রস্তাবকরী ও সমর্থনকারী সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে। পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর নির্বাচনী এলাকায় বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহানগরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচনী এলাকায় জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার করা হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২শ’ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৬৯৩ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ৪০৪ জন। গত ২৪ ঘন্টায় ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বাংলাদেশসহ চার দেশের বিরুদ্ধে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ চার দেশের বিরুদ্ধে মার্কিন ভ্রমণ সতর্কতা বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই। আজ ঘোষণায় বলা হয়-কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এ সব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
নতুন সংঘর্ষের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

নতুন সংঘর্ষের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। একইসঙ্গে তিনি ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আজ প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ৩ মাস আগে ক্ষমতা গ্রহণের পর থেকে তার সংখ্যালঘু সরকার যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে লড়াই করছে তার মধ্যে মারাত্মক সীমান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সঠিক সমাধান হল পার্লামেন্ট ভেঙে দেওয়া… যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে আনার একটি উপায়। ব্যবসায়ী আনুতিন ২০২৩ সালের আগস্টের পর থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণের সময় জানিয়েছিলেন, তিনি জানুয়ারির শেষের দিকে পার্লামেন্ট ভেঙে দেবেন। তবে, এখন অনাস্থা ভোটের মুখোমুখি হয়ে আগাম নির্বাচন ঘোষণা করেছেন।
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আজ ভোর সাড়ে ৫টার দিকে তুলাসিপাকালু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, জেলা কালেক্টর জানান, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী, ২ জন চালক এবং ১ জন সহকারী ছিলেন। ৭ জনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে সিএইচসি চিন্তুরে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল হলে ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের আতিকুর রহমানের আকাশের তোপে ৪৫ ওভার ১ বলে লঙ্কানদের ১৭৯ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মিডিয়াস পেসে মাত্র ২১ রান খরচায় আকাশ নেন ৪ উইকেট। রান তাড়ায় বাংলাদেশ পায় ৫ উইকেটের সহজ জয়। এই জয়ে বাংলাদেশ ৩ ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭৮ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে। আজ জারিফ সিয়াম ও অদৃত ঘোষের ফিফটিতে ৬৭ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। জারিফ ৫১ বলে ঠিক ৫১ রান করেন, অদৃত ৫৪ রান করতে খেলেন ৭৭ বল। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন গিমহান মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাতে। তার ৯১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়ের মার।