আইপিএলের মক নিলামে দল পেলেন মোস্তাফিজ

আইপিএলের মক নিলামে দল পেলেন মোস্তাফিজ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক এই স্পিনারের মক অকশানে চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই মক নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে চেন্নাই ও বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় বেঙ্গালুরু। আইপিএলের মূল নিলামেও মোস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও আছেন আরও ৬ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার শাজাহানপুরে দুর্লভপুর গ্রামের খেলার মাঠে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের। এসময় সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পল্লী চিকিৎসক আল-আমীন সুমন, সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, স্থানীয় অভিভাবক নুরমহল খাতুনসহ স্থানীয় প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনবৃন্দ। সংলাপ সঞ্চালনা করেন, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলিটেটর আয়াতুল্লাহ। সংলাপটি এসএসবিসি প্রকল্পের আওতায় আয়োজনে সহায়তা করেছে ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাগঞ্জ। সংলাপে বক্তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার উপায় ও আইনগত দিকগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে আহ্বান জানান।

জুলাই যোদ্ধাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের অনুমতি 

জুলাই যোদ্ধাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের অনুমতি  জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেয়া হবে। আজ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ওসমান হাদিকে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তাতারের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এ ধরনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এ সময় হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ছুটির দিনেও খোলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

ছুটির দিনেও খোলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। আজ ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুসারে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসারের অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

ভোট দিতে ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ প্রবাসীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বেলা ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৩৩৯ জন পুরুষ ও ২৪ হাজার ৩০৪ জন নারী রয়েছেন।

ভোট পর্যবেক্ষকদের দিতে হবে এইচএসসি সনদ

ভোট পর্যবেক্ষকদের দিতে হবে এইচএসসি সনদ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে চাইলে এইচএসসি সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা ও রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করা যাবে। আজ এমন তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক। তিনি জানান, ৩০০ আসনে পর্যবেক্ষক মোতায়েন পরিকল্পনা সংসদীয় আসনভিত্তিক (আসন নম্বরের ধারাবাহিকতা অনুযায়ী অর্থাৎ ১, ২, ৩ … ৩০০) উল্লেখ করতে হবে। ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ৮১টি। তারা পর্যবেক্ষক নিয়োগে আবেদন করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে।  

কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা থাইল্যান্ডের

কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা থাইল্যান্ডের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। আজ তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ফেসবুকে এক পোস্টে বলেছেন, আমাদের ভূমি এবং জনগণের জন্য আর কোনো ক্ষতি বন্ধ ও হুমকি শেষ না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। অক্টোবরে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী ট্রাম্প গতকাল আনুতিন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সাথে কথা বলেছেন। ট্রাম্পের সাথে ফোনালাপের পর দুই প্রতিবেশী দেশের কোনো নেতাই বিবৃতিতে কোনো চুক্তির কথা উল্লেখ করেননি। থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো যুদ্ধবিরতি হয়নি।

বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য

বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ৪৮ দেশের মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৪২ দেশ। বাকি ৬টি দেশ আসবে আগামী মার্চের প্লে-অফ থেকে। আসন্ন এই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের ডাগআউটে থাকবেন ৪৮ জন কোচ। অবশ্য এখন পর্যন্ত ৪২ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আর অবাক করা ব্যাপার হলো, এই ৪২ জন কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টিনার। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশেরই রোজারিও শহরে জন্ম বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। আর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ৬ কোচের ৫ জনের জন্মই এই একই প্রদেশে।

৩ পানীয় ত্বকের বলিরেখা কমাতে পান করুন

৩ পানীয় ত্বকের বলিরেখা কমাতে পান করুন   বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বিরূপ প্রভাব পড়ে। চোখের চারপাশে কালো ছোপ পড়ে, চামড়া ঝুলে যায় আর কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে ওঠে। মূলত অধিক মানসিক চাপ, ডিহাইড্রেশন এবং পুষ্টির অভাবেও ত্বকের বয়স বেড়ে যায়। ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং কোলাজেন উৎপাদন বন্ধ হয়ে যায়। এ কারণে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে যায়। তবে সঠিক জীবনযাপন ও উপকারী খাদ্যাভ্যাসের অভ্যাস ত্বকের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে। ত্বকের হারানো সৌন্দর্য ফিরে পেতে নিয়মিত কিছু পানীয় পান করুন। বেদানা ও পুদিনার রিফ্রেশনার : বেদানা ও পুদিনা স্বাস্থ্যের যেমন উন্নতি ঘটায়, তেমনই ত্বকের জন্যও উপকারী। বেদানায় পলিফেনল ও ভিটামিন সি রয়েছে, যা ত্বকের কোষকে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখে। পুদিনা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে। এক বাটি বেদানার রসের সঙ্গে পুদিনা পাতা, পাতিলেবুর রস এবং পানি মিশিয়ে পান করুন। নিয়মিত পানে ত্বক উজ্জ্বল হবে। আদা-হলুদ মিশ্রিত পানীয় : হলুদ দিয়ে রূপচর্চা করলে উজ্জ্বলতা বাড়ে। আবার হলুদ খেলেও ত্বকের বলিরেখা কমে। কেননা হলুদে থাকে কারকিউমিন, যা ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সহায়ক। আদাও প্রদাহ কমায় এবং একাধিক রোগ প্রতিরোধ করে। কাঁচা হলুদ ও আদা একসঙ্গে মিক্সারে দিয়ে তার জুস বানিয়ে নিন। এটি গরম পানিতে মিশিয়ে খালি পেটে পান করুন। গাজর ও কমলালেবুর জুস: শীতে ত্বক ভালো রাখতে পান করতে পারেন গাজর ও কমলালেবুর জুস। কমলালেবুতে থাকা ভিটামিন সি এবং গাজরের মধ্যে থাকা বিটা-ক্যারোটিন ত্বকের হারানো সৌন্দর্য ফেরাতে সহায়ক। ১টা কমলালেবুর রসের সঙ্গে অর্ধেক গাজর ব্লেন্ড করে রস ছেকে খেয়ে নিন। এর সঙ্গে চিয়া সিডস মিশিয়ে খেতে পারেন।

চলতি বছর যেসব গান মন ছুঁয়েছে শ্রোতার

চলতি বছর যেসব গান মন ছুঁয়েছে শ্রোতার অডিও, সিনেমা, নাটকের বেশ কিছু গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। অডিও গানে যদিও খরা কাটেনি। শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান প্রকাশ থেকে এ বছরও দূরেই ছিল। গত কয়েক বছর সিনেমার গানই এসেছে আলোচনায়। অডিও গান বলতে গেলে বিচ্ছিন্নভাবে প্রকাশ হয়েছে। নাটকের কয়েকটি গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। এ ছাড়া কোক স্টুডিও বাংলার কয়েকটি গান পছন্দ করেছে শ্রোতারা। ২০২৫ সালে প্রকাশিত আলোচিত গান নিয়েই এ আয়োজন এ বছরের প্রশংসিত গান ‘গুলবাহার’। গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। গানটি প্রকাশ হয়েছে ঈশানের গান ইউটিউব চ্যানেল থেকে। মে মাসে প্রকাশিত এ গানের ভিউ বছর শেষে তিন কোটি ছাড়িয়ে। এ বছরের অন্যতম প্রশংসিত গান ‘কিছু মানুষ মরে যায় পঁচিশে’। সাইফ জোহানের এ গানের ভিউ প্রায় দুই কোটি। গানের কথা, সুর ও গায়কীই গানটির প্রধান শক্তি। নেই কোনো ব্যয়বহুল মিউজিক ভিডিও।   লিরিক্যাল ভিডিওর মাধ্যমে সাদামাটাভাবে প্রকাশ হয়েছে। সাইফ জোহানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে গানটি। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত একটি গান শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছে। ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ শিরোনামের এ গানটি গেয়েছেন পারভেজ খান। গানের কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রিমো বিপ্লব। গানের ভিউ দুই কোটি ছাড়িয়ে। ‘রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে। ফোক এ গানটি টিকটক, ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানটি গেয়েছেন মরিয়ম ইসলাম। গীতিকার ও সুরকার পাগল মোস্তাক, সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। গানটি প্রকাশ হয়েছে পাগল মোস্তাকের ইউটিউব চ্যানেল থেকে। ২৮ জুলাই প্রকাশিত এ গানের ভিউ ১ কোটি ৪০ লাখ। সৈয়দ অমির সঙ্গে ‘দুই চাক্কার সাইকেল’ গানটি গেয়ে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী সানজিদা রিমি। এ বছর প্রকাশিত হয় তার কণ্ঠে ‘তুই আমার আলতা চুড়ি না’ গানের মিউজিক ভিডিও। এ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতার মাঝে ছড়িয়ে যায়। গানের কথা লিখেছেন নূরে আলম মামুন, সুর করেছেন আফনান অন্তর, সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। বছরের শুরুতেই প্রকাশিত এ গানের ভিউ ৫ কোটি ছাড়িয়ে। কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘ময়না’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। জুলাই মাসে প্রকাশিত গানটির ভিউ ৬০ লাখ ছাড়িয়ে। ইমরান ও হোমায়রা ইশিকার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানের মিউজিক ভিডিও। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটি প্রকাশ হয়েছে ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। আগস্টে প্রকাশিত এ গানের ভিউ প্রায় ৫০ লাখ। গানটি শ্রোতারা পছন্দ করেছেন। আর কয়েক মাস পরই কোটির ঘর ছাড়িয়ে যাবে। কণ্ঠশিল্পী লুইপার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘চুড়ি ছাম ছাম’ গানের মিউজিক ভিডিও। সিফাত আব্দুল্লাহর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর। এক মাস না হতেই গানটির ভিউ ৪০ লাখ ছাড়িয়ে। সিনেমার গান : এ বছর সিনেমার সবচেয়ে আলোচিত গান ‘বরবাদ’-এর ‘চাঁদমামা’। প্রীতম হাসানের সুর, সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও অদিতি রহমান দোলা। এ সিনেমার আরেক গান ‘মহামায়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। সিনেমার আরেক আলোচিত গান ছিল ‘লিচুরও বাগানে’। তাণ্ডব সিনেমার এ গানেরও সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান ও কনার কণ্ঠে ‘কন্যা’ গানটি শ্রোতাদের মনছুঁয়ে যায়। এটি ‘জিন-৩’ সিনেমার গান। সুর ও সংগীতায়োজন করেন ইমরান মাহমুদুল। প্রিন্স মাহমুদের সুরে ‘জংলি’ সিনেমার গান ‘বন্ধু গো শোনো’ বছরের প্রশংসিত গান। এ গানটি গেয়েছেন ইমরান ও কনা। এ ছাড়া ইমরান ও কোনালের কণ্ঠে ‘বরবাদ’ সিনেমার ‘মায়াবী’ গানটিও শ্রোতারা পছন্দ করেছেন। নাটকের গান: হাবিব ওয়াহিদ ও ন্যানসির কণ্ঠে নাটকের গান ‘আমার দিনগুলো সব হারিয়ে যায় আঁধারে।’ আহমেদ রিজভীর কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ‘হৃদয়ের কথা’ নাটকের এ গানটি শ্রোতার মন ছুঁয়ে গেছে। গানের ভিউ ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে। এ ছাড়া কনা ও সজীব দাসের কণ্ঠে ‘আশিকি’ নাটকের গান ‘যদি মনটা করি চুরি’ গানটিও সাড়া ফেলেছে শ্রোতার মাঝে। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এ গানের ভিউ ১ কোটি ৭০ লাখ। এ ছাড়া সোমেশ^র অলির কথায় ‘মন দুয়ারী’ নাটকের ‘এত প্রেম এত মায়া’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায়। কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও অবন্তী সিঁথি। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।