বাংলা একাডেমি পরিচালিত আট পুরস্কার পাচ্ছেন যারা

বাংলা একাডেমি পরিচালিত আট পুরস্কার পাচ্ছেন যারা বাংলা একাডেমি পরিচালিত আটটি বিষয়ের জন্য ২০২৫ সালের পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলা একাডেমি। আগামী ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বছর সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান (বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন তারিক আনাম খান (অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। আবু রুশ্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন (অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। এছাড়া হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম। তিনি পুরস্কার পাচ্ছেন ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য; এ বইয়ে গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে। তার পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা। রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন—সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। পুরস্কৃতদের ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২ হাজার ৪২

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২ হাজার ৪২ পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ২ হাজার ৪২ জন। আজ পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ৭৪ জন ও ডেভিল হান্ট ফেইজ-২ এ গ্রেফতার ৯৬৮ জন। অভিযানে একটি শটগান, তিনটি ককটেল, চারটি দেশীয় অস্ত্র, পাঁচটি ককটেল, একটি ম্যাগাজিন, দুইটি বার্মিচ চাকু, একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড খালি কার্তুজ, চারটি বিস্ফোরিত গ্যাসসেল, দুইটি অবিস্ফোরিত গ্যাসসেল, একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড কার্তুজ, তিন রাউন্ড গুলি ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উক্ত অফিসসমূহে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। চিঠিতে আরও বলা হয়, বর্ণিতাবস্থায়, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের সদয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বার্তায় জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কর্তৃক দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের প্রশংসা করেন। বিশেষ করে প্রধান বিচারপতির অক্লান্ত চেষ্টায় বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির অবসরোত্তর জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য তার নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে রাষ্ট্রপতির বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠি

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পলশা ইসলামিক মিশনে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার এ এসআই রক্সি খানম (নারী ও শিশু সহায়তা সেল)। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজ, রাষ্ট্র ও মানবতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপতৎপরতা রোধে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সচেতন নাগরিক গড়ে তুলতে হবে। ইসলামিক মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জহির উদ্দীন মোহম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনপ্রতিনিধি মতিউর, ইসলামিক মিশন পালসার ডা. মোবাশির ইবনে মাহতাব, এসএমও (অ্যাডিশনাল চার্জ), বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ ধর্মীয় নেতা, শিক্ষক ও সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা

ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা ভোলাহাট উপজেলায় কর্মরত সাংবদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ভোলাহাটে যোগদান করেন তিনি। ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আগামী দু’মাস খুব চ্যালেঞ্জিং সময়। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সেহেতু সবদিক চোখ কান খোলা রাখতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা দরকার। এছাড়াও উঠে আসে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের আর্থিক সহায়তা প্রদান, সড়ক দুর্ঘটনা কমাতে পদক্ষেপ নেওয়া, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা, সড়ক দখল করে খড়ি ও গরু বেঁধে রাখা দূর করাসহ নানা বিষয় আলোচনা হয়। সাংবাদিকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ভোলাহাট উপজেলার উন্নয়ন করতে চান নবাগত ইউএনও। তিনি টাংগাইলের ধনপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি ভোলাহাট উপজেলায় বদলী হয়ে আসেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রুবেল আহমেদ,বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
পলশায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পলশায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিকেলে পলশা আলিম মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রী কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী উন্নয়নের যুবসমাজ কার্যক্রমের যুবরা। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের ইউনিট-০১ গোবরাতলা অফিসের ম্যানেজার মোহন কুমার, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ। উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে নসিপুর ফুটবল দল বনাম চকঝগড়ু ফুটবল দল। খেলায় নসিপুর ফুটবল দল ৫-০ গোলে বিজয় লাভ করে। নসিপুর দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৩ গোল দিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় সরকারি বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে একাধিক প্রজ্ঞাপন জারি করে এই সাময়িক বরখাস্ত কার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এ ছাড়া বরখাস্ত হওয়া অন্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, অফিস সহায়ক আবু বেলাল, অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী; জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও মো. আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব; তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন চলাকালে সরকারি কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন। পরদিনও আন্দোলন অব্যাহত রেখে সচিবালয়ের রাস্তা অবরোধ করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যায়ক্রমে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাদের রিমান্ডে পাঠান। প্রসঙ্গত, সরকার দাবি পূরণে আশ্বাস দেওয়ার পরও আন্দোলন অব্যাহত রাখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকে সতর্ক করা হলেও আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার না করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়।
নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা সামরিক বাহিনী পরিচালিত আসন্ন নির্বাচন ‘বিঘ্নিত’ করার অভিযোগে ২০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। বুধবার দেশটির জান্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জান্তা সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী টুন টুন নাউং জানান, নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টার অভিযোগে মোট ২২৯ জনের বিরুদ্ধে নতুন আইনের আওতায় মামলা করা হবে। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, ভিন্নমত দমন করতেই এই আইন প্রণয়ন ও প্রয়োগ করা হচ্ছে। তাদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কণ্ঠ দমন করাই জান্তার মূল উদ্দেশ্য। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে আগামী ২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে জান্তা সরকার। এই ভোটকে তারা ‘জাতীয় পুনর্মিলনের পথে একটি পদক্ষেপ’ হিসেবে তুলে ধরছে। তবে বাস্তবতায় বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা দেশের বিস্তীর্ণ অঞ্চলে এই নির্বাচন আয়োজন কার্যত অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা এই নির্বাচনকে সামরিক শাসন দীর্ঘায়িত করার কৌশল হিসেবে দেখছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে ‘বাধা, বিঘ্ন ও ধ্বংস’ থেকে রক্ষার অজুহাতে চলতি বছরের জুলাইয়ে একটি কঠোর আইন প্রণয়ন করে জান্তা সরকার। ওই আইনে নির্বাচন নিয়ে সমালোচনা করা বা নির্বাচনবিরোধী বিক্ষোভে অংশ নিলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
অস্কারের শর্টলিস্টে ‘হোমবাউন্ড’
অস্কারের শর্টলিস্টে ভারতের ‘হোমবাউন্ড’ অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের সিনেমা ‘হোমবাউন্ড’। নীরাজ গেওয়ান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া। এর আগে ছবিটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। পাশাপাশি ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ ওয়ারশো ও জুরিখ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘হোমবাউন্ড’। উত্তর ভারতের একটি গ্রামের দুই বাল্যবন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সমাজে মর্যাদা অর্জনের স্বপ্নে জাতীয় পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংগ্রাম তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণের একেবারে কাছাকাছি এসে বন্ধুত্বে ফাটল ধরে তাদের। জীবিকার প্রয়োজনে তারা গ্রাম ছাড়লেও করোনা মহামারিতে তাদের জীবনের সব হিসাব-নিকাশ ও আশা-ভরসা ভেঙে পড়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সদস্যদের ভোটে ১৫টি ছবি শর্টলিস্টে জায়গা পেয়েছে। এই তালিকা থেকে চূড়ান্তভাবে পাঁচটি ছবি মনোনীত হবে। ‘হোমবাউন্ড’-এর পাশাপাশি শর্টলিস্টে রয়েছে আর্জেন্টিনার বেল ন, ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট, ফ্রান্সের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জার্মানির সাউন্ড অব ফলিং, জাপানের কোকুহো, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু, দক্ষিণ কোরিয়ার নো আদার চয়েস, তাইওয়ানের লেফট-হ্যান্ডেড গার্লসহ মোট ১৫টি দেশের ছবি। চূড়ান্ত মনোনয়ন নির্ধারণে ভোটগ্রহণ শুরু হবে ২০২৬ সালের ১২ জানুয়ারি এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি বিভাগে মনোনীত হবে পাঁচটি করে ছবি, তবে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন থাকবে ১০টি। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২২ জানুয়ারি। আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।