স্বল্পআয়ের তরুণদের কর্মসংস্থানে বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

স্বল্পআয়ের তরুণদের কর্মসংস্থানে বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের স্বল্পআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশকে ১৫০ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর ওপর। বিশ্বব্যাংকের ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় এই অর্থায়নের মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের জন্য কর্মসংস্থান ও আয়বর্ধক সুযোগ সৃষ্টি হবে। এর আগে প্রকল্পটির মাধ্যমে ২ লাখ ৩৩ হাজার মানুষ উপকৃত হয়েছেন। বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্রঋণসহ একটি সমন্বিত সেবা প্যাকেজ পাবেন। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। প্রকল্পটির আওতায় নারীর ক্ষমতায়নে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে মানসম্মত ও সাশ্রয়ী শিশুযত্ন (চাইল্ডকেয়ার) সেবার সুযোগ সৃষ্টি এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রম চালু করা। এতে করে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষিত হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, ‘একটি ভালো চাকরি একটি জীবন, একটি পরিবার ও একটি সমাজকে বদলে দিতে পারে। কিন্তু প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করা বহু বাংলাদেশি তরুণ কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, এই অতিরিক্ত অর্থায়ন স্বল্পআয়ের পরিবারের তরুণদের জন্য বাজারভিত্তিক দক্ষতা ও প্রশিক্ষণের সুযোগ বাড়াবে। বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা অর্থনীতিবিদ ও প্রকল্পের টিম লিডার আনিকা রহমান বলেন, ‘রেইজ প্রকল্প প্রমাণ করেছে যে লক্ষ্যভিত্তিক সহায়তা তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে।’ তিনি জানান, নতুন অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্রঋণ সম্প্রসারণ এবং শিশুযত্নের মতো উদ্ভাবনী উদ্যোগ আরও জোরদার করা হবে। এই অর্থায়নের ফলে প্রকল্পটির কার্যক্রম শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও সম্প্রসারিত হবে। নারীদের জন্য ঘরভিত্তিক শিশুযত্ন সেবার একটি পাইলট কর্মসূচি চালু করা হবে, যার আওতায় প্রশিক্ষণ ও প্রারম্ভিক অনুদান দেওয়া হবে। এতে নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়বে এবং পরিচর্যা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে রেইজ প্রকল্প কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে। পাশাপাশি ২ লাখ ৫০ হাজারের বেশি প্রত্যাবর্তনকারী প্রবাসী ও ১ লাখ ২২ হাজারের বেশি উপকারভোগীকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদান করেছে, যাদের ৫৫ শতাংশ নারী। এই অতিরিক্ত অর্থায়নের ফলে রেইজ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫০ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারে।
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ক্যাডারের ১ হাজার ৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে। এতে আরও উল্লেখ করা হয়, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো অংশ সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে। আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪৭ মিনিটে তাইতুন কাউন্টিতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পটির প্রভাব রাজধানী তাইপেসহ দ্বীপটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এতে কিছু ভবন কেঁপে ওঠে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সির তথ্যমতে, এখন পর্যন্ত দেশটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ফুটেজে দেখা যায়, তাইতুন এলাকায় সুপারমার্কেটের তাক থেকে পণ্য পড়ে ভেঙে যেতে। এর আগে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে ধারণা করেছিল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর কাছে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ইউএসজিএসের মতে, অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূকম্পন-সক্রিয় এলাকাগুলোর একটি। সর্বশেষ বড় ভূমিকম্পটি ২০২৪ সালের এপ্রিলে সংঘটিত হয়, যখন ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী কম্পনে দ্বীপটি কেঁপে ওঠে। ওই ঘটনায় অন্তত ১৭ জন নিহত হন এবং হুয়ালিয়েন এলাকায় ব্যাপক ভবন ক্ষয়ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটে। ১৯৯৯ সালে সংঘটিত ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর এটিই ছিল তাইওয়ানের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় স্বপন সরেন নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নাচোল সদর ইউনিয়নের বেচেন্দ্রা গ্রামের সাগর সরেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে স্বপন ফাঁস দেয়। পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে অভিমান করে স্বপন আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আসলাম আলী।
গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গোমস্তাপুরে ট্রাকে ধানের তুষের বস্তা লোড করার সময় ট্রাক থেকে পড়ে গিয়ে এত্তাব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক থেকে নামার সময় তিনি মাটিতে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ ভোলাহাট উপজেলায় পলু পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মিনি ফিলেচার কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম। রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ও যুগ্ম সচিব ড. এম. এ. মান্নান, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার ওলিউর রহমান এবং প্রবীণ সাংবাদিক গোলাম কবিরসহ অন্যান্যরা। মাসব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ২৫ জন রেশম চাষি অংশ নিয়েছেন। উল্লেখ্য, ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা–২য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
লাল নাকি সবুজ, কোন আঙুর স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?

লাল নাকি সবুজ, কোন আঙুর স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? আঙুর একটি সুস্বাদু এবং জনপ্রিয় ফল, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা পুষ্টিগুণে ভরপুর। বাজারে সাধারণত লাল এবং সবুজ এই দুই রঙের আঙুর সবচেয়ে বেশি দেখা যায়। উভয়েরই রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা। তবে পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি কার্যকর, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। আসুন জেনে নিই লাল ও সবুজ আঙুরের পুষ্টিগত পার্থক্য এবং কোনটি আপনার জন্য বেশি উপকারী। * পুষ্টির তুলনা : মিল ও অমিল সবুজ এবং লাল উভয় ধরনের আঙুরই জলীয় অংশ, প্রাকৃতিক শর্করা, ভিটামিন ‘সি’ এবং ভিটামিন ‘কে;’-র চমৎকার উৎস। ক্যালরি ও ফাইবারের দিক থেকেও এই দুই ফলের মধ্যে খুব একটা তফাত নেই। তবে এদের রঙের পার্থক্যের কারণে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণে একটি বড় তফাত লক্ষ্য করা যায়। * লাল আঙুর কেন বেশি এগিয়ে? পুষ্টিবিদ এবং বিভিন্ন গবেষণায় লাল আঙুরকে কিছুটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল কারণ হলো রেসভেরাট্রল নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা লাল আঙুরের খোসায় প্রচুর থাকে। এর কিছু বিশেষ গুণ নিচে দেওয়া হলো— হৃদরোগ প্রতিরোধ : রেসভেরাট্রল রক্তনালীর ক্ষতি রোধ করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। বার্ধক্য রোধ : এই অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে বার্ধক্য বিরোধী হিসেবে কাজ করে এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে। মস্তিষ্কের স্বাস্থ্য : লাল আঙুরের উপাদানগুলো মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা স্মৃতিশক্তি ও চিন্তা করার ক্ষমতাকে সুরক্ষা দেয়। * সবুজ আঙুরের গুণাবলি : সবুজ আঙুরও যথেষ্ট পুষ্টিকর। এতে থাকা ফ্ল্যাভোনয়েডস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর বিশেষ কিছু গুণ হলো— হাড়ের সুরক্ষা : এতে প্রচুর ভিটামিন ‘কে’ থাকে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করার পাশাপাশি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। প্রদাহ দূর করা : সবুজ আঙুরে থাকা ‘কোয়ারসেটিন’ শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া এবং অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। সামগ্রিকভাবে বলা যায়, হৃদযন্ত্রের সুরক্ষা এবং বার্ধক্য প্রতিরোধের ক্ষেত্রে লাল আঙুর (বা কালো আঙুর) সামান্য বেশি স্বাস্থ্যকর। তবে সবুজ আঙুরও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পুষ্টিবিদদের মতে, যেকোনো রঙের আঙুরই আপনার খাদ্যতালিকার জন্য দারুণ। গুরুত্বপূর্ণ হলো নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করা। তাই আপনার পছন্দের আঙুরটি বেছে নিন এবং সুস্থ থাকতে নিয়মিত ফল খান।
‘হোমবাউন্ড’ গল্প চুরির দায়ে আইনি বিপাকে করণের

‘হোমবাউন্ড’ গল্প চুরির দায়ে আইনি বিপাকে করণের অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিয়ে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বমঞ্চে নাম উজ্জ্বল করেছিল ‘হোমবাউন্ড’। কিন্তু সেই সাফল্যের আনন্দের মাঝেই এবার বড়সড় ধাক্কা খেলেন নির্মাতা ও প্রযোজকরা। জনপ্রিয় বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে উঠেছে সরাসরি গল্প চুরির অভিযোগ। নীরজ ঘাওয়ান পরিচালিত এই ছবিটির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার সাড়াজাগানো উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে কোনো অনুমতি ছাড়াই এই সিনেমার প্লট ও চরিত্রগুলো নেওয়া হয়েছে। পূজা ছাঙ্গোইওয়ালা জানান, ২০২০ সালের করোনা মহামারির কঠিন সময়ে ভারতের পরিযায়ী শ্রমিকদের মানবেতর জীবন এবং তাদের সংগ্রামের প্রেক্ষাপটে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তিনি হতবাক হয়ে লক্ষ্য করেন, তার বইয়ের গল্প, মূল চরিত্র এবং প্রেক্ষাপটের সঙ্গে ছবির হুবহু মিল রয়েছে। বিশেষ করে সিনেমার দ্বিতীয় অর্ধেকের সঙ্গে উপন্যাসের সাদৃশ্য অবিশ্বাস্য রকমের বেশি। এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন লেখিকা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার সৃজনশীল কাজ কোনো অনুমতি ছাড়াই পর্দায় তুলে ধরা হয়েছে, যা মেধাস্বত্ব আইনের লঙ্ঘন। অন্যদিকে, এই গুরুতর অভিযোগের বিষয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থা এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। আইনি নোটিশ পাওয়ার পর প্রযোজনা সংস্থাটি বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এবং আইনি পথেই এটি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।
স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম প্রেমের প্রস্তাব দেওয়ায়

স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম প্রেমের প্রস্তাব দেওয়ায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাকে শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও, বাস্তব জীবনের এক ঘটনায় চমকে গেছেন তার ভক্তরা। সম্প্রতি দেশ টিভির একটি টক-শোতে অংশ নিয়ে নিজের স্কুল জীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের উত্তরে যা ঘটেছিল, তা ছিল অভাবনীয়। ঐশী বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম। ঘটনাটি শুনে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে জানতে চান, ঠিক কেন বা কোন পরিস্থিতিতে ঐশী এমন মারমুখী হয়ে উঠেছিলেন। উত্তরে ঐশী হেসে জানান, তখন তিনি অনেক ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্কতা তার ছিল না। স্মৃতিচারণ করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে ক্ষমাও চান। তিনি বলেন, ‘সরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি। প্রসঙ্গত, স্কুল জীবনের এই মজার এবং কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় ঐশীকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত এই অভিনেত্রী নিজের কাজ নিয়ে নিয়মিত ছোট ও বড় পর্দায় সরব রয়েছেন।
ঢালিউডের আলোচিত ৪ সিনেমা

ঢালিউডের আলোচিত ৪ সিনেমা শেষ হতে চলেছে ২০২৫ সাল। শুরু হয়েছে সারাবছরের পর্যালোচনা। আর সে বাতাস লেগেছে ঢালিউডেও। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চলতি বছর ঢালিউডে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টির মতো সিনেমা। তবে বছর জুড়ে দর্শক আলোচনায় ছিল মাত্র গুটি কয়েক সিনেমাই। ২০২৫ সালে রোজার ও কোরবানির ঈদ মিলে সর্বমোট ১২টি সিনেমা মুক্তি পায়। দুই ঈদ ছাড়াও সারাবছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় ৪ ডজন সিনেমা। এসব সিনেমার মধ্যে দর্শকমহলে সারা বছর আলোচনায় থাকতে দেখা যায় বরবাদ, অন্তরাত্মা, জিন থ্রি, দাগি, জংলি, তাণ্ডব, নীলচক্র, উৎসবের মতো সিনেমাগুলোকে। তবে দর্শকপ্রিয়তায় শীর্ষে ছিল মাত্র ৩টি সিনেমাই। বছরের শেষে আসুন আরও একবার ফিরে দেখি আলোচিত ও পছন্দের সেই সিনেমা- বরবাদ: ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। চলতি বছর তার অভিনীত আরও দুটি সিনেমা হলো ‘তাণ্ডব’ ও ‘অন্তরাত্মা’। এ তিন সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ছিল ‘বরবাদ’। এ সিনেমার গান থেকে শুরু করে সংলাপ পর্যন্ত জনপ্রিয় হয় দর্শক মহলে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত। সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী (পিএস) ‘জিল্লুর’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। জংলি: নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। চলতি বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় সিনেমাটি। সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সহ বেশ কয়েকটি শিক্ষামূলক টপিক ছিল, যা প্রশংসা কুড়ায় সিনেপ্রেমীদের। ‘জংলি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। উৎসব: চলতি বছর কোরবানির ঈদে এক ঝাঁক তারকা নিয়ে মুক্তি পায় ‘উৎসব’ সিনেমাটি। তানিম নূর পরিচালিত এতে আফসানা মিমি, জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, সাদিয়া আয়মানের মতো তারকারা। পারিবারিক সিনেমা হওয়ায় দর্শক আলোচনায় ও পছন্দের তালিকায় ছিল সিনেমাটি। তাণ্ডব: এবছরের ঈদুল অজহায় মুক্তি পায় রায়হান রাফীর সপ্তম সিনেমা ‘তাণ্ডব’। ৬ কোটির ক্লাবে শাকিব খানের ‘তাণ্ডব’ শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।