বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক পরিশোধ করল রংপুর রাইডার্স

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক পরিশোধ করল রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা ওঠার আগেই পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও, রংপুর রাইডার্স কর্তৃপক্ষ প্রথম ধাপেই নুরুল হাসান সোহান ও লিটন দাসদের হাতে তুলে দিয়েছে ৫০ শতাংশ পারিশ্রমিক। বুধবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে দলের অনুশীলন চলাকালীন ক্রিকেটারদের এই পাওনা বুঝিয়ে দেওয়া হয়। বিপিএলের প্রচলিত নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয় তিনটি ধাপে—শুরুতে ২৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ আসর শেষ হওয়ার এক মাসের মধ্যে। কিন্তু রংপুর রাইডার্স নিয়মের চেয়েও বেশি অর্থাৎ একবারে অর্ধেক টাকা পরিশোধ করে ক্রিকেটারদের মানসিকভাবে নির্ভার রেখেছে। বিপিএলের প্রতি আসরেই অনেক সময় পারিশ্রমিক নিয়ে বিতর্ক ও অসন্তোষ দেখা যায়। গত আসরেও সময়মতো পাওনা না পেয়ে অনুশীলনে নামেননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তবে রংপুর রাইডার্স শুরু থেকেই ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধার ব্যাপারে বেশ সুনাম অর্জন করেছে। ফ্র্যাঞ্চাইজিটির এমন আচরণে মুগ্ধ পাকিস্তানি তারকা খুশদিল শাহ। তিনি বলেন, “রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, আল্লাহর কাছে শুকরিয়া।” উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। সিলেটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে রাতের ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

উত্তপ্ত ভারতের আসাম, উপজাতি অঞ্চলে সহিংসতায় নিহত ২

উত্তপ্ত ভারতের আসাম, উপজাতি অঞ্চলে সহিংসতায় নিহত ২ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে উপজাতিদের অন্যতম স্বশাসিত অঞ্চল কার্বি-আংলং এলাকায় সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনার পর সেখানে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। উপজাতীয়দের এলাকা হিন্দিভাষী, বাঙালি ও নেপালিরা ‘দখল করে রেখেছে’ এবং ওই ‘বহিরাগতদের উৎখাত করতে হবে’- এমন দাবি নিয়ে অনশন আন্দোলন চলছিল গত ৬ ডিসেম্বর থেকে। গত সোমবার (২২ ডিসেম্বর) অনশনকারীদের ‘তুলে’ গুয়াহাটিতে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। তারপরেই সহিংসতা শুরু হয়। মঙ্গলবারও সহিংসতা চলেছে।  আসাম পুলিশের মহাপরিচালক হরমিত সিং বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, তিনি নিজে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। মহাপরিচালক জানান, অনশন আন্দোলন যারা করছিলেন, তাদের নেতাকে চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের পরামর্শেই। তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। এরপরই ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয় যে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরেই সহিংসতা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা একটি সেতু দখল করতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের ওপরে বোমা নিক্ষেপ ও তীর ছুঁড়ে হামলা চালানো হয় বলে জানান হরমিত সিং। এরপরে বহিরাগতদের দোকান ভাঙচুর, পুলিশের সঙ্গে দফায় দফায় ইট ছোঁড়াছুঁড়ি করতে দেখা যায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে। কী দাবিতে আন্দোলন? ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিল অনুযায়ী কার্বি আংলং অঞ্চলটির প্রশাসন চালায় স্বয়ংশাসিত একটি কাউন্সিল। সেখানকার জমি, অরণ্যের ওপরে উপজাতীয়দের অধিকারও সংরক্ষিত রয়েছে। ওয়েস্ট কার্বি আংলং জেলার কার্বি উপজাতীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহিরাগত, অ-উপজাতীয় মানুষ তাদের সংরক্ষিত অঞ্চলে জমি দখল করে রয়েছে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত কাউন্সিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সংরক্ষিত এলাকা থেকে উচ্ছেদের নোটিশ দিলেও গৌহাটি হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের ফলে সেই প্রক্রিয়া নিয়ে এগোনো যায়নি। গত এক বছর ধরে স্থানীয় উপজাতীয়রা দাবি করে আসছেন, বহিরাগত এবং দখলদারদের উচ্ছেদ করতে হবে। অবশেষে কার্বি উপজাতীয়রা ৬ ডিসেম্বর থেকে এ দাবি নিয়ে অনশন শুরু করেন। এ অবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন পুলিশের মহাপরিচালক। এর আগে, রাজ্যের মন্ত্রী রনোজ পেগুও ওয়েস্ট কার্বি জেলার খেরোনিতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২৬ ডিসেম্বর রাজ্য সরকার, কার্বি আংলং স্বায়ত্তশাসিত কাউন্সিল এবং আন্দোলনকারীদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হবে। তিনি বলেন, আমরা কার্বি সমাজকে বলেছিলাম, সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে জমির অধিকার এবং উপজাতীয়দের অন্যান্য সমস্যাগুলো নিয়ে দেখছে। কার্বি সমাজের বৃহত্তর সমস্যাগুলো নিয়েও আলোচনা হবে। সহিংসতার শুরু যেভাবে আলোচনার কথা থাকলেও সোমবার থেকে হঠাৎই সহিংসতা শুরু হয়। বার্তা সংস্থা এএনআই এবং আসামের গণমাধ্যম জানায়, সোমবার অনশনরত আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ সরিয়ে নিয়ে গেলে প্রথমে স্থানীয় কিছু মানুষ রাস্তা অবরোধ করে। এরপরে তারা মিছিল করে গিয়ে ডংকামুকাম এলাকায় কার্বি আংলং স্বায়ত্তশাসিত কাউন্সিলের প্রধান তুলিরাম রংহাঙের পারিবারিক বাসভবনে আগুন ধরিয়ে দেয়। দফায় দফায় সংঘর্ষে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার রাতে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ দাবি করছেন, নিহতদের একজন পুলিশের গুলিতে মারা গেছেন। রাজ্য পুলিশের আইজি আইনশৃঙ্খলা অখিলেশ কুমার সিং জানান, আন্দোলনকারীদের ছোড়া পাথর এবং ইটের ঘায়ে অন্তত ৪৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাড়তি পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী স্বাভাবিক চলাচলে নিয়ন্ত্রণ জারি করা হয়। একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হওয়া, বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের যাতায়াত বন্ধ, মশাল নিয়ে মিছিল করা ইত্যাদি নিষিদ্ধ হয়েছে কার্ব আংলং এলাকায়। সেদিন থেকে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ করে রেখেছে সরকার।

তাসকিনদের হারিয়ে প্লে-অফের পথে মোস্তাফিজের দুবাই

তাসকিনদের হারিয়ে প্লে-অফের পথে মোস্তাফিজের দুবাই বল হাতে মোস্তাফিজুর রহমান ও ওয়াকার সালামখিলের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্সের দারুণ ব্যাটিংয়ে শারজাহ ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এল মোহাম্মদ নবির দল, যা তাদের প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে দিল। দুবাইয়ে আজ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিং ও আফগান স্পিনার ওয়াকার সালামখিলের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানেই থমকে যায় শারজাহর ইনিংস। মোস্তাফিজ ১টি উইকেট শিকার করে টুর্নামেন্টে নিজের মোট উইকেট সংখ্যা ১৫-তে নিয়ে গেছেন। এক পর্যায়ে উইকেট সংখ্যায় তিনি সালামখিলের সমান হলেও, পরে সালামখিল আরও ২ উইকেট নিয়ে (মোট ১৭ উইকেট) শীর্ষস্থানটি নিজের দখলে রাখেন। ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় দুবাইকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স। শায়ান ৫১ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন কক্স। শেষ পর্যন্ত ৫০ বলে ৬১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। সহজ জয়ের পথে থাকা দুবাইকে ১৮তম ওভারে কিছুটা চাপে ফেলেছিলেন শারজাহর বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ওই ওভারের প্রথম বলে চার হজম করলেও দ্বিতীয় বলেই লুইস ডু প্লয়কে সাজঘরে ফেরান তিনি। টানটান উত্তেজনার সেই ওভারে মাত্র ৫ রান দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন তাসকিন। তবে ১৯তম ওভারে সব হিসাব পাল্টে দেন টিম সাউদি। ওই এক ওভারেই ১৮ রান তুলে নিয়ে শারজাহর জয়ের আশা কার্যত শেষ করে দেয় দুবাই। শেষ ওভারের প্রথম বলে তাসকিনকে ছক্কা মেরে রোভম্যান পাওয়েল দলের জয় নিশ্চিত করেন। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় দুবাই। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে টানা হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই (৬ নম্বর) পড়ে রইল শারজাহ ওয়ারিয়র্স।

জিদানের সামনে ছেলে লুকার দাপুটে অভিষেক

জিদানের সামনে ছেলে লুকার দাপুটে অভিষেক ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের জন্য গত রাতটি ছিল একেবারেই অন্যরকম। ফুটবল মাঠে অনেক গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলেও এবার তিনি গ্যালারিতে বসে উপভোগ করলেন ছেলের সাফল্যের আনন্দ। আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) আলজেরিয়ার হয়ে ছেলে লুকা জিদানের অভিষেক ম্যাচ ও জয় স্বচক্ষে দেখলেন এই ফরাসি কিংবদন্তি। মরক্কোর এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় আলজেরিয়া। ক্যারিয়ারের স্বর্ণযুগে জিনেদিন জিদান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিশ্ব কাঁপিয়েছেন, আর ২৭ বছর বয়সী ছেলে লুকা জিদান সামলাচ্ছেন আলজেরিয়ার গোলপোস্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পুরো সময় গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন লুকা। ম্যাচে দুটি দুর্দান্ত সেভ করার পাশাপাশি অভিষেক ম্যাচেই তিনি রেখেছেন ‘ক্লিন শিট’। ছেলের খেলা দেখতে স্টেডিয়ামের সামনের সারিতেই বসেছিলেন জিনেদিন জিদান। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে যখনই ফরাসি এই মহানায়কের মুখ ভেসে উঠছিল, তখনই পুরো গ্যালারি করতালিতে মুখর হয়ে ওঠে। জিনেদিন জিদানের উপস্থিতি আলজেরীয় সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করে। লুকা জিদানের ফুটবলের হাতেখড়ি ফ্রান্সে। তিনি ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দল পর্যন্ত খেলেছেন। তবে গত ১৯ সেপ্টেম্বর ফিফা তাঁর জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন দেয়। এরপর অক্টোবরে উগান্ডার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আলজেরিয়ার হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে গোলকিপিং করছেন। আলজেরিয়া ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে এবং ফর্ম বজায় থাকলে আগামী বিশ্বকাপের মঞ্চে জিদান পরিবারের পরবর্তী সদস্য হিসেবে লুকা জিদানকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে

নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে। এই হামলার দায় এখনো কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তবে জিহাদবিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলোর মতে, এটি একটি সন্দেহজনক বোমা হামলা। মাইদুগুরি নাইজেরিয়ার বর্নো রাজ্যের রাজধানী। এই রাজ্য দীর্ঘদিন ধরে জিহাদি সংগঠন বোকো হারাম এবং তাদের সহযোগী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) বিদ্রোহের কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও শহরটিতে গত কয়েক বছরে বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শহরের গামবোরু বাজার এলাকার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাগাদ মুসল্লিরা যখন মাগরিবের নামাজের জন্য জড়ো হয়েছিলেন, তখন মসজিদের ভেতর বোমাটি বিস্ফোরিত হয়। মসজিদের অন্যতম নেতা মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তবে সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। নাইজেরিয়ান পুলিশের মুখপাত্র নাহুম দাসো এএফপিকে বলেন, আমরা নিশ্চিত করছি যে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও জানান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। বাবাকুরা কোলোর মতে, এই হামলায় সাতজন নিহত হয়েছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বোমাটি মসজিদের ভেতর রাখা হয়েছিল এবং নামাজ চলাকালীন মাঝামাঝি সময়ে সেটি বিস্ফোরিত হয়। তবে কিছু প্রত্যক্ষদর্শী এটিকে আত্মঘাতী বোমা হামলা বলেও বর্ণনা করেছেন। আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী ইসা মুসা ইউশাউ এএফপিকে বলেন, আমি অনেক আহত মানুষকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছি। ঘটনার পরপরই ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি মাটিতে কাতরাচ্ছেন এবং কয়েকটি মরদেহ চাদর দিয়ে ঢাকা রয়েছে। এদিকে, মাইদুগুরিতে কর্মরত একটি আন্তর্জাতিক এনজিও তাদের কর্মীদের কাছে পাঠানো নিরাপত্তা সতর্কবার্তায় গামবোরু বাজার এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এএফপি ওই সতর্কবার্তাটি দেখেছে। ২০০৯ সাল থেকে নাইজেরিয়া জিহাদি বিদ্রোহের মুখে রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যদিও এক দশক আগের তুলনায় সহিংসতা কিছুটা কমেছে, তবু এই বিদ্রোহ পাশের দেশ নাইজার, চাদ ও ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে। এছাড়া, উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় সহিংসতা নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সামরিক অভিযানের পরও বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনো প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। মাইদুগুরি শহরটি একসময় নিয়মিত গোলাগুলি ও বোমা হামলার সাক্ষী ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত রয়েছে। শহরটিতে সর্বশেষ বড় ধরনের হামলার ঘটনা ঘটে ২০২১ সালে। তবুও রাজ্যের রাজধানীতে সংঘাতের চিহ্ন এখনো স্পষ্ট। এখানেই বড় বড় সামরিক অভিযানের সদর দপ্তর অবস্থিত। প্রতিদিন সামরিক পিকআপ গাড়ি শহরের রাস্তায় চলাচল করে, যেগুলোর পেছনে সশস্ত্র সেনারা অবস্থান নেন এবং তাদের হেলমেট প্রখর দুপুরের রোদ থেকে সুরক্ষা দেয়। সন্ধ্যার পরও শহরে নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকে। যদিও একসময় দুপুরের পর বন্ধ হয়ে যেত এমন বাজারগুলো এখন রাত পর্যন্ত ব্যস্ত থাকে। অন্যদিকে, গ্রামীণ এলাকায় বিদ্রোহ এখনো অব্যাহত রয়েছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, চলতি বছরে জিহাদি সহিংসতা আবারও বাড়তে পারে।

শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের

শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের দেশের জন্য মানুষের পাশে’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারো অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যাণ্ড মোড়ে কম্বলগুলো বিতরণ করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এসময় উপস্থিত ছিলেন— এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ অন্য কর্মকর্তাগণ। কম্বল বিতরণের আগে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহবুব আলম জানান, দীর্ঘদিন থেকেই এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করে আসছিলেন আমার পিতা মরহুম এরফান আলী। আমি তার দেখানো পথে একইভাবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আবারো নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। বুধবার ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই সিরাপগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল জামাইপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করা হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানকে বুকে ধারণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী খেলাধুলা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায়  বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ‘মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। নাচোল রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রহিমা খাতুন, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম গলিলুল্লাহ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক। খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও মাদকবিরোধী মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। উপস্থিত সকলেই মাদককে ‘না’ বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।

টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশ (সংশোধনী)–এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে ভবিষ্যতে বাংলাদেশে এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে বিদ্যমান টেলিকমিউনিকেশন আইনগুলো আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। বিশেষভাবে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আইনের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা আরও সুসংহত করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করার পাশাপাশি প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিহতের বিধান রাখা হয়েছে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত হবে কি না—এ বিষয়ে একটি কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে বলেও জানান প্রেস সচিব। এদিকে বাজেট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে সরকার আশা করছে। পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী

পোস্টাল ভোটে নিবন্ধিত ৬ লাখ ৭২ হাজার, ব্যালট পেয়েছেন পৌনে ২ লাখ প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৬ লাখ ৭২ হাজার ১২ জন ভোটার। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও রয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। ইসি’র ওয়েবসাইটে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ২১ হাজার ৮০০ জন এবং নারী ৫০ হাজার ২১০ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৯ হাজার ৯১৬ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতারে ৫৬ হাজার ১৪৪ জন, ওমানে ৪১ হাজার ৭৩৭ জন, মালয়েশিয়ায় ৩৯ হাজার ১০৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ১০০ জন, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৮৪৯ জন, কুয়েতে ২২ হাজার ১২৩ জন, যুক্তরাজ্যে ২০ হাজার ২০৯ জন এবং সিঙ্গাপুরে ১৭ হাজার ৩৪৬ জন ভোটার নিবন্ধন করেছেন। অন্যদিকে, দেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৫০ জন। জেলা ও আসনভিত্তিক নিবন্ধন জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা, যেখানে ৬৪ হাজার ১৩২ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। ঢাকায় ৫৫ হাজার ৬৪০ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৬৯ জন, নোয়াখালীতে ৩৬ হাজার ৫৯০ জন, সিলেটে ২৬ হাজার ৭৪৯ জন এবং চাঁদপুরে ২৫ হাজার ৩১৮ জন নিবন্ধন করেছেন। আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ৯ হাজার ৬১১ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৯৩০ জন, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ৪৩৮ জন এবং নোয়াখালী-১ আসনে ৮ হাজার ৩৮৪ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। ব্যালট পাঠানো শুরু গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। ইসি আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে প্রার্থীর তালিকা দেখে ব্যালট পেপারে নির্ধারিত ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। সালীম আহমাদ খান জানান, প্রতীক বরাদ্দের আগে কেউ ভোট দিলেও তা বাতিল হবে না, যদি ভোটটি সঠিক প্রার্থীর পক্ষে পড়ে। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর। এরপর আর সময় বাড়ানো হবে না। নিবন্ধনের সময়সীমা ও নির্দেশনা ইসি জানায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ১৮ থেকে ২৫ ডিসেম্বর, আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বর এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। পোস্টাল ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় ভোটারের অবস্থানকালীন দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ভুল ঠিকানা দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না বলে জানিয়েছে ইসি। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।