বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ

বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। তিনি গণমাধ্যমকে জানান, আদালত নির্দেশ দিয়েছেন বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত থাকে, ডাটাবেজ সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয়। তিনি আরও বলেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিবাহ লুকানো, পূর্ববর্তী তথ্য গোপন, তালাক প্রমাণের জটিলতা— এসব সমস্যা ব্যাপকভাবে হ্রাস পাবে এবং নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা ও সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনের পথ আরও সুদৃঢ় হবে। এর আগে, ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। বিয়ে ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশনে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ২০২১ সালের ৪ মার্চ রিটটি করেন। একই বছরের ২৩ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।

মহান বিজয় দিবস উদযাপন ঘিরে নির্দেশনা

মহান বিজয় দিবস উদযাপন ঘিরে নির্দেশনা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ভিভিআইপি ও ভিআইপিরা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত, জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। আজ তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ওই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন আজ এই চিঠি সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের ভেতর ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড। ভবনে ঢুকতে হচ্ছে তল্লাশি পেরিয়ে।নির্বাচন ভবনের মূল ফটক ও সংলগ্ন এলাকায় পুলিশের পাশাপাশি আনসার ও র‌্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে। আশপাশের সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলেও আনা হয়েছে সীমাবদ্ধতা। রেকর্ড করা হয়েছে সিইসির ভাষণ| আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন। আগের দিন বুধবারও পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল। দায়িত্বরত ডিএমপির এসআই (এডিসি) মাহবুবুল করিম বলেন, ‘‘তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নির্বাচন ভবনে প্রবেশকারীদের পরিচয় যাচাইসহ প্রতিটি পয়েন্টে তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সে জন্যই এ ব্যবস্থা।’’ দায়িত্বরত ডিএমপির ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ রহমতুল্লাহ জানান, নির্বাচন কমিশনের অনুষ্ঠান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের মোতায়েন বেড়েছে। ভবনের চারপাশে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায়

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার – সিইসি এ এম এম নাসির উদ্দীন। ভাষণটি আগেই রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জমা দেওয়া হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ইসির সব প্রস্তুতি চূড়ান্ত। সিইসি আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন।