চাঁপাইনবাবগঞ্জে ফুটবল প্রশিক্ষণ শুরু অনূর্ধ্ব-১৫ বালকদের

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল প্রশিক্ষণ শুরু অনূর্ধ্ব-১৫ বালকদের চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ফুটবলার তৈরির লক্ষে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি; তফসিল ঘোষণা

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি; তফসিল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার – সিইসি এ এম এম নাসির উদ্দিন। এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদের তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন। ইসি জানায়, নির্ধারিত সময়ে উপর্যুক্ত প্রচারণা সামগ্রীসমূহ অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। নির্দেশনা মোতাবেক ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণ করতে হবে সংশ্লিষ্টদের। অন্যথায় নির্বাচনী আচরণবিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা

ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা চার ম্যাচে টানা হারের প্রভাব পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের র‌্যাঙ্কিংয়ে। ৮ ধাপ পিছিয়ে বর্তমানে ১১২ নম্বরে অবস্থান করছে তারা। এর আগে আগস্ট মাসের ৭ তারিখ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে মেয়েরা ২৪ ধাপ এগিয়ে ১০৪ তম অস্থানে উঠেছিল। আজ আজ প্রকাশিত মেয়েদের নতুন ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ দলের। আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১২.২৬ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। এখন তাদের রেটিং পয়েন্ট ১১৬৭.৬১১। গত ৪ মাসে ৪ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তার সবগুলোই হেরেছে। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলে হারে বাংলাদেশ। নভেম্বর ও ডিসেম্বরে তিন জাতি নিয়ে টুর্নামেন্টেও দুটি ম্যাচে হারে তারা। মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ দল। এই চার ম্যাচে ১১টি গোল হজমের বিপরীতে মাত্র ২ গোল করতে পারে বাংলাদেশ। মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, যুক্তরাষ্ট্রের অবস্থান দুইয়ে।

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে ডেঙ্গুর প্রকোপ কমেনি। বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, আর একজন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে থেকে এসেছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ৬ জন রোগী রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬.৯ শতাংশ এবং নারী ৩৩.১ শতাংশ। এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৭হাজার ২৫৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

অনিদ্রায় ভুগতেন শাহরুখ খান, রাতে ঘুমাতেন মাত্র চার ঘণ্টা

অনিদ্রায় ভুগতেন শাহরুখ খান, রাতে ঘুমাতেন মাত্র চার ঘণ্টা স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচজনের সুখী পরিবার—তবু রাতের ঘুম ঠিকমতো হতো না শাহরুখ খানের। দীর্ঘদিন ধরেই অনিদ্রায় ভুগছিলেন বলিউডের ‘বাদশাহ’। কর্মব্যস্ততার মধ্যেই তার প্রতিদিনের ঘুম সীমাবদ্ধ ছিল চার ঘণ্টায়। বয়স যখন ষাটের দোরগোড়ায়, তখন নিজের জীবনযাপনে বদল আনার সিদ্ধান্ত নিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ জানান, এখন তিনি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করছেন। কারণ, কিছুদিন আগে তার কাঁধে অস্ত্রোপচার হয়। দ্রুত আরোগ্যের জন্য চিকিৎসকের পরামর্শমতো পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন তিনি। তবে স্বভাবগতভাবে তিনি কাজের মধ্যেই থাকতে পছন্দ করেন তিনি। শাহরুখ বলেন, ‘আমি কাজ করতে ভালোবাসি। অনেক সময় শরীর সায় দেয় না, তারপরও মন চায় আরও করতে। সেই জন্যই হয়তো এত কম ঘুমিয়েও কাজ চালিয়ে যাই।’ ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’—এই তিনটি ছবির পর পর মুক্তির পর থেকেই তিনি নতুন সিনেমা ‘কিং’-এর প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটিতে দেখা যাবে তাকে আরও পেশিবহুল রূপে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই শরীরচর্চা ও নিয়মিত বিশ্রামে জোর দিচ্ছেন শাহরুখ। বয়সের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপনে বদল—শাহরুখের নতুন সিদ্ধান্ত যেন বলছে, সুস্থতা এখন তার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার।

‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট বর্তমান সময়ে বলিউডে আলোচিত মুখ আলিয়া ভাট। জীবনের স্বর্ণযুগ পার করছে এই তারকা অভিনেত্রী। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার জন্য নিয়ে এসে ভিন্নমাত্রা। অনুষ্ঠানে ভারতীয় এই অভিনেত্রীকে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। একই মঞ্চে আরও সম্মাননা পেয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি। তাকে দেওয়া হয়েছে ওমর শরিফ অ্যাওয়ার্ড। পুরস্কার হাতে নিয়ে এক প্রতিক্রিয়ায় আলিয়া বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরও শক্তিশালী নারীর গল্প বলতে চাই।’ এদিন অনুষ্ঠানে পুরস্কার ছাড়াও ফেস্টিভ্যালে আলিয়ার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করে। সেখানে তার অভিনয় যাত্রা শুরু থেকে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী পারফরম্যান্স এর চরিত্র তুলে ধরা হয়। রেড কার্পেটে আলিয়ার উপস্থিতিও ছিল নজরকাড়া-সৌন্দর্য, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একটি সুন্দর গাউনে তিনি পুরো ভেন্যু মাতিয়ে দেন। ‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে।

বড়দিনে ফিরছেন ফেলুদা

বড়দিনে ফিরছেন ফেলুদা খোদ কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানো বাঘ সম্প্রতি এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। তবে ভয় পাওয়ার কিছু নেই; এটি সম্পূর্ণ এআই-নির্মিত একটি প্রচারণামূলক ভিডিও। ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন ওয়েব সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য’ ঘিরেই এই ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছে। ভিডিওটির শেষে দেখা যায়, সেই বাঘের রহস্য উদ্‌ঘাটনে প্রস্তুত হচ্ছেন ফেলুদা। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিরিজটি। সত্যজিৎ রায়ের জনপ্রিয় গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’ অবলম্বনে নির্মিত সিরিজে ফের ফেলুদার ভূমিকায় হাজির হচ্ছেন টোটা রায়চৌধুরী। লালমোহন গঙ্গোপাধ্যায় তথা জটায়ুর চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী, আর তোপসে হিসেবে দেখা যাবে কল্পন মিত্রকে। গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র মহীতোষ সিংহ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। উত্তরবঙ্গের চালসা জঙ্গলে রোমাঞ্চকর পরিবেশে সম্পন্ন হয়েছে সিরিজটির শুটিং। এর আগে একই গল্পে চলচ্চিত্র বানিয়েছিলেন সন্দীপ রায়, যেখানে ফেলুদা ছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার গল্পটি নতুনভাবে আসছে ওটিটির পর্দায়। সৃজিত মুখোপাধ্যায় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির পর ফেলুদা ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে ভক্তদের মধ্যে হতাশা জন্মায়। তবে প্রযোজনা সংস্থার আশ্বাস অনুযায়ী সিরিজ থেমে থাকেনি; পরিবর্তন হয়েছে পরিচালনায়। নতুন পর্বটির দায়িত্ব নিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

আজীবন সম্মানায় ভূষিত বলিউড অভিনেত্রী রেখা

আজীবন সম্মানায় ভূষিত বলিউড অভিনেত্রী রেখা সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। এবারের আসরে সিনেমায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মানায় ভূষিত হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী রেখাকে। ভারতীয় সিনেমায় তার দীর্ঘ ও সমৃদ্ধ যাত্রার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়। এর আগে ‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে। অভিনেত্রী রেখা ৭ ডিসেম্বর উৎসবে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত তার কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী হয়। সিনেমাটি দেখানো হয়েছে ট্রেজার স্ট্যান্ড সেকশনে। যেখানে ইতিহাসে বিশেষ ছাপ রেখে যাওয়া, পুনরুদ্ধার করে পুনরায় প্রদর্শিত সিনেমাগুলো স্থান পায়। প্রদর্শনীর সময় প্রেক্ষাগৃহ ছিল দর্শকে উপচে পড়া। দর্শক, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক মুজাফফর আলী। পাশাপাশি স্মরণ করা হয় প্রখ্যাত সুরকার খয়্যাম–এর পরিবারকে। যার সঙ্গীত এই চলচ্চিত্রে অনন্য মাত্রা যোগ করেছিল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেখা বলেন, আমি খুব বেশি কথাবার্তা বলি না। ‘উমরাও জান’-এ আমার সংলাপও চোখের ভাষায় প্রকাশ পেয়েছিল। মা সবসময় বলতেন—নিজের অর্জন নিয়ে কথা বলো না, এমন জীবন বেছে নাও, যা দেখে মানুষ কিছু শিখতে পারে। আমি বুঝেছি কী করা উচিত নয়। তাই এই উৎসবে আসার সুযোগ হাতছাড়া করিনি।’ তিনি আরও বলেন, নীরবতার শক্তি শব্দের চেয়েও বেশি। আজকের এই মুহূর্ত আমি উৎসর্গ করছি আমার ভক্ত, বন্ধু ও পরিবারকে। সবকিছু শব্দে নয়, ভালোবাসায় ঘটে—আর সেই ভালোবাসা নীরব হয়েও প্রবল। ‘উমরাও জান’ মুক্তি পেয়েছিল ১৯৮১ সালের ২ জানুয়ারি। ২০২৫ সালের ২৭ জুন ছবিটি ফোকে রিস্টোরড ভার্সনে পুনরায় মুক্তি পায়।

২৭০০ বছর আগের সূর্যগ্রহণের হিসাব সংশোধন করলেন গবেষকেরা

২৭০০ বছর আগের সূর্যগ্রহণের হিসাব সংশোধন করলেন গবেষকেরা প্রাচীন চীনা নথি বিশ্লেষণ করে গবেষকেরা বিশ্বের অন্যতম প্রাচীন সূর্যগ্রহণের নতুন তথ্য পেয়েছেন। তাদের মতে, এই তথ্যগুলো পৃথিবীর ঘূর্ণনগতির ইতিহাস বুঝতে সহায়তা করবে। গবেষণাটি ২ ডিসেম্বর অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, খ্রিষ্টপূর্ব ৭০৯ সালের ১৭ জুলাই ঘটে যাওয়া সূর্যগ্রহণের বর্ণনা পাওয়া যায় ‘স্প্রিং অ্যান্ড অটাম অ্যানালস’ নামের একটি প্রাচীন নথিতে। তবে এই নথি সূর্যগ্রহণের প্রায় দুই থেকে তিন শতাব্দী পরে লেখা হয়েছিল। পরে ‘বুক অব হান’-এ আরও একটি মন্তব্য যোগ করা হয়, যেখানে সূর্যকে ‘উপরে-নিচে পুরো হলুদ’ বলে বর্ণনা করা হয়েছে। গবেষকদের ধারণা, এটি সম্ভবত সূর্যের বাইরের উজ্জ্বল বৃত্তের প্রাচীনতম লিখিত বর্ণনা। গবেষকেরা আধুনিক গণনা পদ্ধতি ব্যবহার করে নথির তথ্য যাচাই করেছেন। প্রথমদিকে দেখা যায়, নথিতে উল্লেখ করা স্থান কুফু শহর থেকে ওই গ্রহণটি দেখা সম্ভব ছিল না। পরে ঐতিহাসিক মানচিত্র ও প্রত্নতাত্ত্বিক তথ্য মিলিয়ে জানা যায়, আগের গবেষণায় কুফুর প্রকৃত অবস্থান থেকে প্রায় ৮ কিলোমিটার ভুল জায়গার সমন্বয় (কোঅর্ডিনেট) ব্যবহার করা হয়েছিল। এ ভুল সংশোধন করলে পৃথিবীর সে সময়কার ঘূর্ণনগতির আরও সঠিক হিসাব পাওয়া যায়। একই সঙ্গে সূর্যের অবস্থান ও গ্রহণের সময় করোনা কেমন দেখা যেত, তারও নির্ভুল মডেল তৈরি করা সম্ভব হয়েছে। জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল অবজারভেটরির মিতসুরু সোামা বলেন, নতুন হিসাব আগের বহু গবেষণার ভুল সংশোধন করেছে। এতে অতীতের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাগুলোর তারিখ নির্ধারণ আরও নির্ভুল হবে। প্রাচীন যুগে মানুষ আকাশে ঘটতে থাকা ঘটনাকে শুভ–অশুভ লক্ষণ মনে করত। তাই তারা সূর্যগ্রহণ, অরোরা, ধূমকেতু—এসব ঘটনা খুব যত্ন করে লিখে রাখত। লকহিড মার্টিন সোলার অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স ল্যাবের গবেষক মেং জিন বলেন, প্রাচীন নথির পর্যবেক্ষণ আর আধুনিক গণনার সমন্বয়ে আমরা হাজার বছরের পুরোনো পৃথিবী ও সূর্যের অবস্থা সম্পর্কে নতুন ধারণা পাচ্ছি।