আরাধ্যাকে নিয়ে ‘টানাটানি’ যা বললেন ঐশ্বরিয়া

আরাধ্যাকে নিয়ে ‘টানাটানি’ যা বললেন ঐশ্বরিয়া   ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে বিগবি অমিতাভ বচ্চনের কোনো ছবি কিংবা ভিডিও বিনা অনুমতিতে গণমাধ্যমে ব্যবহার করা যাবে না। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এ বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের পক্ষেই রায় দেন দিল্লির উচ্চ আদালত। এবার সামাজিক মাধ্যমে অভিষেককন্যা আরাধ্যা বচ্চনকে নিয়ে শুরু হয়েছে ‘টানাটানি’। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবর নীরব থেকেছেন অভিনেত্রী। তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে নেটিজেনদের মন্তব্যের ছয়লাপ দেখে চুপ থাকতে পারলেন না মা ঐশ্বরিয়া রাই বচ্চন। এ সাবেক বিশ্বসুন্দরী বলেন, যে কোনো মানুষেরই উচিত নির্দিষ্ট সময়ের পর সামাজিক মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা। শুধু তাই নয়, তিনি নিজেও সামাজিক মাধ্যমে খুব মেপে মেপে পোস্ট দেন। আরাধ্যার নাম নিয়ে সামাজিক মাধ্যমে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। সেখানে নিয়মিত দেওয়া হচ্ছে তারকাকন্যার ছবি এবং তাকে নিয়ে নানান পোস্ট। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, আরাধ্যার সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল রয়েছে, তা একেবারেই ভুয়া অ্যাকাউন্ট। অভিনেত্রী বলেন, আমি জানি, আপনারা আমাকে, আমার স্বামী অভিষেকসহ আমাদের গোটা পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক মাধ্যমেই নেই বলে জানান ঐশ্বরিয়া রাই বচ্চন।

সুসংবাদ নয় শাকিব নির্ভরতা অপু বিশ্বাস

সুসংবাদ নয় শাকিব নির্ভরতা অপু বিশ্বাস   ঢালিউডের মেগাস্টার শাকিব খান। গত এক যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। তবে এই ‘একচ্ছত্র আধিপত্য’ বা শাকিব-নির্ভরতাকে চলচ্চিত্রের জন্য ‘সুসংবাদ’ বলে মনে করেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার মতে, শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে নামি প্রোডাকশন হাউসগুলোর কাজ করতে না চাওয়া ইন্ডাস্ট্রির জন্য অশনিসংকেত। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে এমন খোলামেলা মন্তব্য করেন ঢালিউড কুইনখ্যাত এই অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধু শাকিব খানের সিনেমা ছাড়া সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, তেমনি নতুন উদ্যোগকেও স্বাগত জানানো উচিত। ‘পজিটিভ বুলিং’ চান নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নিয়মিত ট্রল বা বুলিং হওয়ার বিষয়টিও এড়িয়ে যাননি অপু। তবে এ নিয়ে তিনি কোনো অভিযোগ করেননি, বরং সমালোচকদের প্রতি এক ভিন্ন আহ্বান জানিয়েছেন। অপুর ভাষ্যে, ‘আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন ‘পজিটিভ বুলিং’ হয়। যে বুলিং বা সমালোচনা থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি।’ দর্শকদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি। নতুনদের পাশে দাঁড়ানোর আহ্বান শাকিব-নির্ভরতার এই গৎবাঁধা চিত্র থেকে বেরিয়ে আসার জন্য যারা সাহস করে নতুন প্রযোজনা সংস্থা নিয়ে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অপু। বিশেষ করে ‘এম কে প্রোডাকশন’-এর উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। অপু বলেন, ‘আজকে এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু ইন্ডাস্ট্রির চিত্রটা এমন যে শাকিব ছাড়া কেউ লগ্নি করতে চায় না, তাই এই অচলায়তন ভাঙতে যারা এগিয়ে আসছেন, তাদের ইনস্পায়ার করা আমাদের প্রত্যেক মানুষের দায়িত্ব।

 ‘রং নাম্বার’ফারিণের

 ‘রং নাম্বার’ফারিণের রুবেল আনুশের গল্প ও পরিচালনায় এই সময়ের নাট্যাভিনেত্রী ফারিণ খানকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রং নাম্বার’। নাটকটিতে ফারিণ খানের বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। নাটকটি বেশ কিছুদিন আগেই নির্মিত হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। এরই মধ্যে ফারিণের বেশ কিছু নাটক প্রচারে এসেছে। সেসব নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এই নাটক নিয়েও ফারিণ ভীষণ আশাবাদী। ফারিণ বলেন, ‘রং নাম্বার নামে একটি সিনেমা নির্মিত হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন শ্রদ্ধেয় মতিন রহমান স্যার। অভিনয় করেছিলেন রিয়াজ ভাই এবং শ্রাবন্তী আপু। সিনেমাটি সম্পর্কে আমি অবগত। আর এই রং নাম্বারটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। তারই গল্প। এর আগে রুবেল আনুশ ভাইয়ের নির্দেশনায় পাঁচ-ছয়টি নাটকে অভিনয় করেছি। তিনি চেষ্টা করেন ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করতে। যথারীতি রং নাম্বারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যত্ন নিয়েই তিনি নাটকটি নির্মাণ করেছেন। আমি এবং ফারহান ভাই কোনো নাটকে অভিনয় করলে যেকোনো উৎসবেই প্রচার করা হয়। তো আমার মনে হচ্ছে সামনে যেকোনো একটি উৎসবেই নাটকটি প্রচার হবে। হতে পারে তা ইংরেজি নতুন বছর শুরুর উৎসব কিংবা ভালোবাসা দিবস কিংবা ঈদ। কিন্তু যখনই প্রচারে আসুক আশা করছি ভালো লাগবে দর্শকের। এর আগে ফারিণ খান রুবেল আনুশের পরিচালনায় ‘আবদার’, ‘মনের মাঝে তুমি’, ‘প্রথম প্রেমের গল্প’সহ আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন। কাজল আরেফিন অমির ‘ফিমেল থ্রি’ নাটকে মাত্র ত্রিশ সেকেন্ডের জন্য উপস্থিত হয়েছিলেন ফারিণ। এদিকে ফারিণ অভিনীত সর্বশেষ প্রচারে আসা নাটক হচ্ছে অপু শর্মা নির্মিত ‘মেঘছায়া’ নাটকটি। সাম্প্রতিক সময়ে ফারিণ অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘আজান’, ‘ফায়ার ফাইটার’, ‘রূপবান’,‘ মুহূর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’, ‘ঠিকানা’, ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’, ‘সুইচ’, ‘আহারে জীবন’ ইত্যাদি।

ওমরাহ করলেন ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ

ওমরাহ করলেন ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ   ক্লোজআপ ওয়ান তারকা মো. রাশেদ উদ্দিন ওরফে রাশেদ পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। গত ৮ ও ৯ ডিসেম্বর তারিখে নিজের ফেসবুক ওয়ালে দুটি পোস্টে ছবি ও বার্তাসহ বিষয়টি জানান তিনি। সেখানে ওমরাহ পালনের অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন এই সংগীতশিল্পী। সেইসঙ্গে মাকে সঙ্গে নিতে না পারায় আক্ষেপও প্রকাশ করেন তিনি। রাশেদ প্রথমে তার ফেসবুকে ৮ ডিসেম্বর একটি পোস্ট করে জানান, ‌‘মহান আল্লাহর ইচ্ছায় আমার অনেক বড় একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তা হলো ওমরাহ হজের উদ্দেশ্যে রওনা হওয়া। মাত্র এক দিনের নোটিশে প্রস্তুতি নিয়েছি। দোয়া চাই। এসময় তিনি আরও লেখেন, ‘মাকে সাথে করে নিয়ে যেতে পারলেই অনেক বেশি ভালো লাগতো। হয়তো খুব শিগগির মা ও সাথে যাবে। মহান আল্লাহর কাছে এই দোয়াটাই আমার কাছে সবচেয়ে বেশি। বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবার কাছে দোয়ার প্রার্থনা রইলো। আমিও সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এরপর তিনি ৯ ডিসেম্বর এক পোস্টে লেখেন, ‘গতকাল জেদ্দা এয়ারপোর্টে সৌদি আরব টাইম রাত ৯টা ৩০ মিনিটে পৌঁছে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম হেরেম শরীফে এবং খুব সুন্দরভাবে ওমরাহ হজ সম্পন্ন করলাম ভোর ৫টায়। আলহামদুলিল্লাহ আজ জোহরের নামাজের পর রওনা হবো মদিনা মানোয়ারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায় জিয়ারতের উদ্দেশ্যে। সারা পৃথিবীর মানুষের কল্যাণ বয়ে আনুক এই দোয়া করেছি মহান আল্লাহর দরবারে। তার এই পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন ভক্ত-অনুরাগীরা। অনেকে চেয়েছেন দোয়াও।