৬৬ বছর বয়সে নীনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার স্পষ্টভাষী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে। বহু সামাজিক ধরাবাঁধা ধারণা ভেঙেছেন। কেবল তাই নয়, জীবনে বেশ কিছু সাহসী সিদ্ধান্তও নিয়েছেন। সমাজের মানসিকতা ও পিতৃতন্ত্র নিয়ে প্রায়ই খোলামেলা মত প্রকাশ করেন তিনি। এবার ৬৬ বছর বয়সে মা হতে যাওয়া গুঞ্জনে খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। গতকাল ভারতের হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত হয় রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তারকাখচিত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে হাজির হন নীনা গুপ্তা। এ সময়ের একটি স্থিরচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল; যাকে কেন্দ্র করে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া ছবিতে দেখা যায়, অফ-হোয়াইট রঙের শাড়ি পরেছেন নীনা গুপ্তা। এর ওপরে সোনালি ফয়েল মোটিফ এবং সূক্ষ্ম জরির বর্ডার। শাড়ির সঙ্গে আইভরি রঙের আধুনিক হাল্টার-নেক ব্লাউজ বেছে নিয়েছেন এই অভিনেত্রী; যা তার কাঁধ ও কলারবোনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। মূলত, এ ছবিতে নীনা গুপ্তার পেট খানিকটা উঁচু দেখাচ্ছে। আর তা দেখে প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা। একজন লেখেন, “নীনা গুপ্তার কি মা হওয়ার বয়স আছে?” অন্যজন লেখেন, “নীনা গুপ্তা কি অন্তঃসত্ত্বা?”
আবার অনেকেই নীনা গুপ্তার পক্ষ নিয়ে লেখেন, “তার জীবন, তার পছন্দ; নিজের উপর মনোযোগ দিতে শিখুন। গর্ভবতী হওয়া বা না হওয়া তার পছন্দ। যাইহোক, সে দেখতে সুন্দর। ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যরিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। ১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় এ অভিনেত্রীর নতুন লড়াই। তবে জীবনের হাল ছাড়েননি তিনি। একা হাতে কন্যা মাসাবাকে বড় করেন। কন্যার বয়স এখন ৩৬ বছর। ২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন নীনার কন্যা মাসাবার বয়স ছিল ১৮ বছর। তবে দ্বিতীয় সংসারে নীনার কোনো সন্তান নেই। এখন মেহরার সঙ্গে দাম্পত্য জীবন পার করছেন নীনা।