৫৬ দিন পর ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু

গত ২৮ ফেব্রুয়ারি বন্ধ করা তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিয়েছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) সকালে কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহের নিউজের বরাতে বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মেহের নিউজ বলছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার সকালে কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে। প্রতিবেদন অনুসারে, তেহরান থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটগুলো মাস্কাট, ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে। দেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ বিমানবন্দরটি এই সপ্তাহের শুরুতে পুনরায় চালু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শুরুর দিনই, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছিল ইরান। এর আগে এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন, যাতে আলোচনা অব্যাহত রাখা যায়। এর পরিপ্রেক্ষিতে শনিবার নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান। এদিকে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে শুক্রবারই (২৪ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল।