১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে মোস্তাফিজ

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড-এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ মৌসুমের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। টি-টোয়েন্টি স্বীকৃত ১০০ বলের এই ফরম্যাটের টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার। দ্য হানড্রেডের এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন—মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়।