সৌদি আরব পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, ২ জনের মৃত্যু
চলতি বছর হজের জন্য বাংলাদেশ থেকে আজ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। একই সময়ে সেখানে ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ হজ সম্পর্কিত সবশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী। বুলেটিনে আরও জানানো হয়, বুধবার মক্কায় একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।