সোনামসজিদ স্থলবন্দরে তিন দিন বন্ধ আমদানি-রপ্তানি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ভোটগ্রহণের দিন বন্দরে যাত্রী পারাপারও বন্ধ রাখা হবে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।

এদিকে, সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন। ওই দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত যাত্রী পারাপার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। অন্যান্য দিন আগের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম।