সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ৩ দিন বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও আগামীকাল ভোটগ্রহণের দিন যাত্রী পারাপার বন্ধ থাকবে। গতকাল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম। এছাড়া ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সবমিলিয়ে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে। সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধু ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম।