সোনামসজিদে ভারতীয় ট্রাকে মিললো ৬ হাজার বোতল নেশার সিরাপ

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি| গতকাল রাত ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়| চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি জানান, স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের ভেতরে লুকানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়| তবে অভিযানের সময় ট্রাকচালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি| জব্দকৃত ট্রাক ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি|