সাঁতার জানতেন রাহুল, পাকস্থলিতে মিলেছে বালি
সদ্য়প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক সূত্র থেকে জানা গেছে, এই অভিনেতার পাকস্থলীতে প্রচুর পরিমাণে বালি ও নোনাজল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে তলিয়ে যাওয়ার সময় গভীর পানির চাপে ও চোরাবালির কারণে তার শরীরে এই বালি ও পানি প্রবেশ করে। রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাহুলের ব্যক্তিগত গাড়িচালক জানান, অভিনেতা সাঁতার জানতেন। কিন্তু আকস্মিক পরিস্থিতিতে হয়তো নার্ভাস হয়ে পড়েছিলেন অথবা পানির গভীরতা বেশি থাকায় কুলিয়ে উঠতে পারেননি। ইউনিটের বেশ কয়েকজন কর্মী তাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। চালকের অভিযোগ, শুটিং স্পটে জরুরি কোনো চিকিৎসকের ব্যবস্থা ছিল না, যা থাকলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এদিকে আজ সকালে তমলুক হাসপাতালে রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজারো মানুষের। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও তার প্রতি শ্রদ্ধা জানান। হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন তার সহকর্মী ও স্বজনরা।
নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য জানিয়েছেন, রাহুলের মরদেহ কলকাতার বিজয়গড়ে তার বাসভবন সংলগ্ন ভোলা বসু ভবনে রাখা হবে। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। বিকেলের দিকেই কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে এই জনপ্রিয় অভিনেতার নিথর দেহের। প্রিয় অভিনেতার এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীরা।