সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। চিঠিতে জানানো হয়, বর্তমানে HSP-MIS সফটওয়্যারে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসেবে নির্বাচন করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি দেওয়া হয়েছে, তাদের তথ্য সংশোধন করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানকে এই শিক্ষার্থীদের জন্য বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন এবং বাবা-মা অথবা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। যেসব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও তাদের NID নম্বর HSP-MIS-এ এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রেও শিক্ষক ও প্রশাসনকে শিক্ষার্থীর নিজের নামে ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে বলে চিঠিতে উল্লেখ আছে। ট্রাস্ট জানিয়েছে, অন্য কারো নামে হিসাব নম্বর এন্ট্রি করে অর্থ প্রাপ্তির কারণে যদি সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়, তবে তার দায়ভার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। চিঠিতে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, আগামী ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে তথ্য সংশোধন বা হালনাগাদ করার জন্য।