সক্রিয় থাকলেও ‘চিফ অ্যাডভাইজার’ ফেসবুক পেজ’র কার্যক্রম বন্ধ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ‘চিফ অ্যাডভাইজার’ পেজটি সক্রিয় থাকছে। তবে এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে। আজ বিকেলে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

পোস্টে বলা হয়েছে-

ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।

To avoid any misunderstanding, the earlier announcement is being clarified further. This page will remain live as a document of a historic period in Bangladesh. All of its contents will remain accessible. Only the regular activities of this page will be discontinued.

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ‘চিফ অ্যাডভাইজার’ পেজটি আর সক্রিয় থাকবে না বলে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে পেজটি থেকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

সেই পোস্টে বলা হয়- গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আর প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তারপর অফিশিয়াল পেইজটি থেকে নিয়মিত অন্তর্বর্তী সরকারের বিবৃতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া হতো। এছাড়া পেজটি থেকে বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করতেন প্রধান উপদেষ্টা।