শেষ সময়ে ছিটকে গেলেন সোহেল, আরো বাদ পড়লেন যারা

ভিয়েতনাম সফরের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য সোহেল রানা জুনিয়র শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। আজ (শুক্রবার) রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে দলের। তার আগে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ২২ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে এই ঘোষণার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে সোহেল রানার বাদ পড়া। দলের পরিকল্পনায় থাকা এই মিডফিল্ডার গতকাল অনুশীলনের সময় চোট পান। প্রথমে তাকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভিয়েতনাম সফরের দল থেকে তাকে বাদ দিতে বাধ্য হন কোচ। এতে দলের মাঝমাঠে কিছুটা ভারসাম্যহীনতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়া ছিল অনেকটাই প্রত্যাশিত। তবে অনেকদিন পর দলে ফেরা মিডফিল্ডার মানিকের আবারও বাদ পড়া হতাশার। মাত্র চার দিনের ব্যবধানে জাতীয় দল থেকে বিদায় নিতে হচ্ছে তাকে। এছাড়াও ডিফেন্ডার ইসা ফয়সাল, শাকিল হোসেন ও রফিকও জায়গা করে নিতে পারেননি চূড়ান্ত স্কোয়াডে। এক সময় কোচ ক্যাবরেরার আস্থার জায়গায় থাকা ইসা ফয়সাল সাম্প্রতিক সময়ে নিয়মিত ডাক পেলেও চূড়ান্ত দলে সুযোগ পাচ্ছেন না। সাধারণত আন্তর্জাতিক সফরে ২৩ সদস্যের দল নেওয়া হলেও এবার ২২ জন ফুটবলার নিয়েই ভিয়েতনামে যাচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরী সরাসরি রবিববার দলের সঙ্গে যোগ দেবেন।