শিবগঞ্জে ২ প্রার্থীর আচরণবিধি লংঘন, প্রার্থীদের সতর্কীকরণ

শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে ৩ মিটার বা প্রায় ১০ ফুট অধিক উচ্চতার প্রচারণার প্রতীক ঝোলানো টাওয়ার সদৃশ স্তম্ভ ও বাঁশ নির্মিত উঁচু প্রতীক অপসারণ শুরু করেছে নির্বাচনী দায়িত্ব পালনে নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ। আজ সকাল ১১টার দিক থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকা ও উপজেলার কানসাট, ছত্রাজিতপুরসহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী নিয়ে নিয়মিত নজরদারির সময় নির্বাচনী প্রচারণার প্রতীক নজরে এলে তা অপসারণ করা হয় এবং অবশিষ্টগুলো নিজ উদ্যোগে অপসরানের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা দেয়া হয়। এ অভিযানে শিবগঞ্জ পৌরসভার কর্মীরা সহায়তা করেন। অভিযানে শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ৭(জ) ধারা লংঘন হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কোন প্রতীক ৩ মিটারের অধিক দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতায় নির্মাণ করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সকল প্রার্থীসহ সংশ্লিস্টদের এ ব্যাপারে সতর্ক করে নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিবগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ম্যাজিষ্টেট সাব্বির আরও বলেন, এর আগে ওই আইনের ১৩(ক) ধারা লংঘিত হওয়ায় গত ৪ জানুয়ারী বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিশ্বরোড মোড় ও নতুন ষ্টেডিয়াম এলাকায় একটি প্রতীকের ২ টি তোরণ ভেঙ্গে দেয়া হয়। এছাড়া ওই রাতে বিধি ভেঙ্গে প্রচারণার প্রতীক আলোকসজ্জা করায় জেলা শহরের ২টি প্রতীকের ২জন কর্মীকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।