শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নাসিমা বেগম খুনের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ভেজুর মিজানুর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষে স্বামীর হাতে খুন হন নাসিমা। পরে তার মরদেহ বাড়ির পায়খানার সেফটি ট্যাংকে ফেলে দেয়া হয়। আজ সকাল ৮টার দিকে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মাথাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নযুক্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এর মধ্যে গ্রামবাসী মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এছাড়া পুলিশ মিজানুররের শোবার ঘর থেকে একটি কোদাল উদ্ধার করেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে বলেও জানান ওসি।