চাল না পেয়ে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ
অবশেষে ঈদের ভিজিএফের চাল পাচ্ছেন সেই ১০০ কার্ডধারী

অবশেষে ঈদের বিশেষ ভিজিএফের চাল পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের সেই ১০০ কার্ডধারী। চাল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে তারা গত মঙ্গলবার (১৭ মার্চ) ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে তাঁর কার্যালয়ে অন্তত ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজের হস্তক্ষেপে ওই কার্ডধারীদের বৃহস্পতিবার (১৯ মার্চ) চাল দেওয়ার ব্যবস্থা করেছে ইউপি কর্তৃপক্ষ।
ইউএনও জানান, কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কার্ডধারীদের চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওই ইউনিয়নে ৫ হাজার ২৪৩ জনকে কার্ড দেওয়া হয়, যাদের প্রত্যেকের ১০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ থেকে ১৬ মার্চ তিন দিন বিতরণ শেষে ১৭ মার্চ ওই কার্ডধারীরা এলে চাল দিতে না পারায় জটিলতা সৃষ্টি হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল লতিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
প্যানেল চেয়ারম্যান রাজ্জাক আলী বলেন, বস্তায় চাল কম ছিল। না হলে নির্ধারিত সময়ের পরে এলেও চাল দেওয়া হতো। একপর্যায়ে যারা চাল পাননি, তাদের নগদ অর্থ দেওয়ার কথাও ভাবা হয়। তবে এরই মধ্যে দুপুর ১২টা থেকে বিকাল প্রায় ৩টা পর্যন্ত চেয়ারম্যান অবরুদ্ধ থাকেন। চালের সমাধান করে দেওয়ার জন্য কার্ডধারীরা চাপ দেন। এ সময় চেয়ারম্যান মোবাইল ফোনও ব্যবহার করতে পারেননি।
ইউপি সদস্য ইলিয়াস উদ্দিন বলেন, প্রতিটি ৩০ কেজির বস্তায় খাদ্য গুদাম থেকে ইউপি গুদামে চাল আনা হয়। কিন্তু চাল ওজন করে বুঝে নেওয়া হয়নি। এ থেকেই সমস্যার সৃষ্টি হয়ে ওই হট্টগোল বাধে।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন বলেন, সমস্যা সমাধান হয়েছে। বৃহস্পতিবার বঞ্চিত কার্ডধারীরা চাল পাবেন।