শিবগঞ্জে গরু চুরিতে ব্যবহৃত পিকআপসহ সরঞ্জাম জব্দ

 শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা এলাকার রাসেল ইসলাম নামে এক খামারীর খামার থেকে গত ৭ ফেব্রুয়ারী ১৬ লক্ষ টাকা মূল্যের ৫টি গরু চুরির মামলায় একটি আন্ত:জেলা গরু চোর চক্রের মুলহোতা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ হয়েছে চুরিতে ব্যবহৃত একটি পিকআপ, ২টি কাটারসহ বিভিন্ন সরজ্ঞাম। পুলিশ জানায়, গত ৩ ও ৪ এপ্রিল রাজশাহী ও বগুড়া র‌্যাবের সহায়তায় রাজশাহী, বগুড়া ও গাইবান্ধা এলাকায় টানা অভিযান চালিয়ে ওই ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন চক্রের হোতা, বগুড়ার শিবগঞ্জের আলাদিপুর গ্রামের বুলু মন্ডলের ছেলে ও ১৬ মামলার আসামী জসিম উদ্দিন জুয়েল ওরফে  মালু, সোনাতলার কুশারঘোপ দক্ষিণপাড়া বলুয়াহাট এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে ও ১৩ মামলার আসামী তারাজুল ইসলাম, ৬ মামলার আসামী শিবগঞ্জের জাহাঙ্গীরবাদ নোয়াপাড়া গ্রামের  সজল মন্ডল, ৬ মামলার আসামী একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়ার নাজমুল হোসেনের ছেলে ওমর সানি ওরফে সজিব এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল।

আজ দুপুরে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, চুরির ঘটনায় গত ৩ মার্চ মামলা হলে পুলিশ অভিযান ও তদন্ত শুরু করে। গরুগুলো কসাইয়ের কাছে বিক্রি করে দেয়ায় উদ্ধার করা যায়নি। মামলার তদন্ত চলছে। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক ডিকে তনয় কুমার বলেন, স্বীকারোক্তিমুলক জবানবন্দীর জন্য আজ সন্ধ্যায় আসামীদের আদালতে নেয়া হয়।