লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না

শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবার অবশ্য দুর্নীতি দমনে আরও কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ডিপিএলের লোগো ও ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘এবার নতুন সংযোজনের মধ্যে একটি হচ্ছে দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মকানুন। বিপিএলে আমরা টিম বাস থেকে নামার পরই মোবাইল ফোন জমা দিতে হতো। কেবল ম্যানেজারের কাছে একটি ফোন থাকতো এবং তিনিই সবার হয়ে যোগাযোগ করতেন। খেলোয়াড়, কোচ কিংবা কোচিং স্টাফ; কেউই ফোন রাখতে পারতেন না। তাই ডিপিএলেও একই ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানান তামিম, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে। এ বছর থেকেই আমরা এসব বাস্তবায়ন শুরু করেছি। দল ও খেলোয়াড়রা ইতোমধ্যে প্রয়োজনীয় দুর্নীতি দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। সাবেক এই অধিনায়ক আরও জানান, ঘরোয়া ক্রিকেট পরিচালনায় আন্তর্জাতিক মান অনুসরণের লক্ষ্যে বোর্ড কাজ করছে।