রাক্ষস প্রদর্শিত হবে ৬০টির বেশি শো যুক্তরাষ্ট্রে
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রোমন্টিক অ্যাকশন থ্রিলার সিনেমাটি দেশে আলোচিত হওয়ার পর এখন বিশ্বব্যাপী প্রদর্শিত হচ্ছে। গেল সপ্তাহে ইতালিতে প্রদর্শনীর পর ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’-এর নির্মাতার এই সিনেমাটি আজ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ উত্তর আমেরিকার ৯টি শহরে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে রাক্ষস। গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। রাক্ষস এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না-দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা। আশা করি সিনেমাটি দারুণ সাড়া পাবে দর্শকদের। পরিবেশন প্রতিষ্ঠান বরাতে জানা যায়, মিশিগানের স্টার্লিং হাইটস শহরের একটি এএমসি থিয়েটারে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। পাশাপাশি উত্তর আমেরিকার আরও কয়েকটি শহরে প্রদর্শন শুরু হয়েছে। পরিবেশন প্রতিষ্ঠান আরও জানায়, যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি শো চলবে রাক্ষসের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান প্রধান যে এএমসি সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে ।
তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি থিয়েটার হলো কলোরাডো: এএমসি হাইল্যান্ডস র্যাঞ্চ ২৪ এবং এএমসি ফোর্ট কলিন্স ১০; ফ্লোরিডা: এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ এবং এএমসি সানসেট প্লেস ২৪; নিউ জার্সি: এএমসি জার্সি গার্ডেনস ২০, এএমসি ব্রান্সউইক স্কয়ার ১৩ এবং এএমসি চেরি হিল ২৪; পেনসিলভেনিয়া: এএমসি নেশামিনি ২৪ (এখানে ২২ এপ্রিল থেকে প্রদর্শিত হবে); ম্যাসাচুসেটস: এএমসি বার্লিংটন ১০; মিশিগান: এএমসি ফোরাম ৩০; ওহাইও: এএমসি ইস্টন টাউন সেন্টার ৩০; নর্থ ক্যারোলিনা: এএমসি ক্লাসিক জ্যাকসনভিল ১৬; ওকলাহোমা: এএমসি পেন স্কয়ার মল ১০। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হয়েছেন। রিয়েল এনার্জী প্রোডাকশন-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। এতে সিয়ামের বিপরীতে আছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। আরও আছেন, আলী রাজ, সোহেল মণ্ডল, মারিয়া শান্তসহ অনেকেই।