রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা


পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সব সরকারি দপ্তরে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

রবিবার (৮ ফেব্রুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়সূচি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রমজানে প্রতিদিন দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বহাল থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। বর্তমানে সরকারি অফিসের নিয়মিত সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজ নিজ আইন ও বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।