রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ। সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) ফজলে এলাহী। এছাড়া দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভোজ্য তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাংস, ডাল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়। ব্যবসায়ীদের প্রতি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বাজার মনিটরিং জোরদার করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাতের সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সচল রাখার ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ বলেন, রমজান মাসে কোনোভাবেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হতে দেওয়া হবে না। প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য সহনীয় বাজার পরিস্থিতি নিশ্চিত করা হবে। সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নিয়মিত বাজার তদারকির নির্দেশনা প্রদান করা হয়।