যুদ্ধ ইস্যুতে বেইজিং যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ১৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। গুও বলেন, লাভরভ চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে আলোচনা করবেন, যেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় এবং অবস্থান সমন্বয় করবেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বেইজিং এবং মস্কো ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।