মেহেদি উৎসবে মেতেছেন দেব-রুক্মিণী

টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক ‘ওপেন সিক্রেট’। বারবার তারা বুঝিয়ে দিয়েছেন, তাদের প্রেম কাহিনি অন্যরকম। তবে এবার পর্দার সেই ‘কাছের মানুষ’ রুক্মিণী মৈত্রকে নিয়ে বাস্তবের ছাদনাতলায় যাওয়ার জোরালো ইঙ্গিত দিলেন দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের শেয়ার করা কিছু ছবি নেটপাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, একে অপরের সান্নিধ্যে মেহেদি উৎসবে মেতেছেন এই তারকা জুটি। শুধু মেহেদিতে হাত রাঙানোই নয়, দেবের হাতে স্পষ্ট ফুটে উঠেছে রুক্মিণীর নাম। ক্যামেরাবন্দি সেই মিষ্টি মুহূর্তগুলোতে একে অপরের চোখের ভাষা আর খুনসুঁটি বলে দিচ্ছিল তাদের গভীর রসায়নের গল্প।অনুরাগীদের মনে একটাই প্রশ্ন তবে কি এবার সত্যিই বিয়ের সানাই বাজতে চলেছে? অনেকে তো আগাম শুভেচ্ছাবার্তাও দিতে শুরু করেছেন। রুক্মিণী একবার মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করেন, তখন নিজের পরিচয় দিয়েছিলেন ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে আর অভিনয় ও রাজনীতিকে বলেছিলেন ‘একটু-আধটু’ কাজ।