মেসির ‘৮৯৯’ গোলে মায়ামির জয়

লিওনেল মেসি আরেকটি ঐতিহাসিক গোলের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার গোলেই শনিবার ওয়াশিংটনের দল ডি.সি. ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। গত সপ্তাহে অরল্যান্ডোর বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে জোড়া গোল করা মেসি এবারও গোলের দেখা পেয়েছেন। ম্যাচের ২৭তম মিনিটে নিখুঁত চিপ শটে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই গোলের মাধ্যমে মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। সব মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯, অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক ছুঁতে তিনি মাত্র একটি গোল দূরে। আটবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী এই তারকা আগামী জুনে ৩৯ বছরে পা দেবেন। ক্যারিয়ারের শুরুতে বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৭২ গোল। পরে পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ১১৫। শনিবারের এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন মায়ামি। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে এক সংবর্ধনায় অংশ নিয়েছিল দলটি।
ম্যাচের ১৭তম মিনিটে মেসির সতীর্থ ও আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ডার রদ্রিগো দে পলের অসাধারণ বাঁকানো শটে এগিয়ে যায় মায়ামি। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাতেও সিলভেত্তির দারুণ থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে এসে প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান তিনি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডি.সি. ইউনাইটেড। ম্যাচের ৭৫তম মিনিটে ইসরায়েলের ফরোয়ার্ড তাই বারিবো একটি গোল শোধ করে দলকে আশা জাগান। তবে শেষ পর্যন্ত মায়ামির রক্ষণভাগ দৃঢ়তা ধরে রাখলে আর কোনো গোল করতে পারেনি প্রতিপক্ষ। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।