মুসলিমবিরোধী স্লোগান: স্প্যানিশ ফেডারেশনের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু
গত সপ্তাহে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা যাওয়ার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিছু স্প্যানিশ সমর্থক ‘যদি তুমি না লাফাও, তবে তুমি মুসলিম’, এর মতো বিতর্কিত ও বিদ্বেষপূর্ণ স্লোগান দেন। ঘটনার পর ফিফা ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারি এবং নিরাপত্তা দলের প্রতিবেদন পরীক্ষা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইএসপিএন জানিয়েছে, স্প্যানিশ ফেডারেশনকে বড় জরিমানা অথবা স্টেডিয়াম দর্শকশূন্য রাখার মতো শাস্তি দেওয়া হতে পারে।
ফিফার মুখপাত্র বলেন, ‘মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএফইএফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।’ পাশাপাশি বার্সেলোনার স্থানীয় পুলিশও ইসলামবিরোধী ও বর্ণবাদী স্লোগান নিয়ে তদন্ত করছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান এবং স্পেন জাতীয় দলের কোচ লুই দে লা ফুয়েন্তে। তবে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন স্পেন ও বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল, তিনি মুসলিম ও মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত। ১৮ বছর বয়সী ইয়ামাল দুই বছর আগে স্পেনের ইউরো জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ২০২৬ বিশ্বকাপেও তিনি দলের ভরসা।
ইয়ামাল ম্যাচের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। স্টেডিয়ামে স্লোগান দেওয়া হচ্ছিল—যদি তুমি না লাফাও, তবে তুমি মুসলিম। এটি ব্যক্তিগত নয়, তবে একজন মুসলিম হিসেবে এটি চরম অবমাননাকর এবং অসহনীয়।’ তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামের ভিতরে ধর্মকে বিদ্রূপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অজ্ঞতা এবং বর্ণবাদ। ফুটবল উপভোগ করার জন্য, নিজের দলকে সমর্থন দেওয়ার জন্য, কাউকে তার পরিচয় বা বিশ্বাসের কারণে অসম্মান করার জন্য নয়।’