মার্শাল আর্ট দিয়ে ঢালিউড কাঁপানো এক লড়াকু নায়কের গল্প

বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ঘরানার কথা উঠলেই যে নামটি সবচেয়ে আগে মনে পড়ে তিনি হচ্ছেন জনপ্রিয় নায়ক রুবেল। কুংফু, কারাতে আর মার্শাল আর্টের দুর্দান্ত মিশেলে যিনি এক সময় ঢালিউডে তৈরি করেছিলেন আলাদা এক ধারা। অনেকে তাকে ভালোবেসে ঢালিউডের ব্রুসলি বলেও ডাকেন। আজ এই লড়াকু নায়কের জন্মদিন। রুবেলের আসল নাম মাসুম পারভেজ রুবেল। ১৯৬০ সালের ৩ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। কিংবদন্তি অভিনেতা সোহেল রানা-এর ছোট ভাই হিসেবে শোবিজ অঙ্গনে তার পরিচিতি থাকলেও নিজের প্রতিভা দিয়েই তিনি গড়ে তুলেছেন স্বতন্ত্র অবস্থান। মাত্র ২২ বছর বয়সেই টানা দুইবার জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করে নিজের দক্ষতার জানান দেন রুবেল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বড় ভাইয়ের প্রযোজনায় ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই অ্যাকশন হিরো হিসেবে দর্শকের নজর কাড়েন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ২০০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রুবেল। তবে তার সবচেয়ে বড় শক্তি ছিল মার্শাল আর্ট। নিজের প্রতিটি সিনেমায় নতুন নতুন ফাইট স্টাইল এনে দর্শকদের চমকে দিতেন তিনি।
‘ড্রাঙ্কিং কুংফু’, ‘উইপিং কুংফু’, ‘ড্যান্সিং কুংফু’ কিংবা ‘ব্লাইন্ড কুংফু’- এমন বৈচিত্র্যময় কৌশল ব্যবহার করে অ্যাকশন দৃশ্যকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। শুধু নায়ক হিসেবেই নয়, ফাইট ডিরেক্টর হিসেবেও তিনি ছিলেন সমান সফল। ‘দ্য অ্যাকশন ওয়ারিয়র্স’ নামে নিজের একটি ফাইটিং টিম গড়ে তুলেছিলেন, যা সেই সময়ের সিনেমায় আলাদা মাত্রা যোগ করে। তার হাত ধরেই বাংলাদেশে মার্শাল আর্টভিত্তিক সিনেমার জনপ্রিয়তা বাড়ে, অনুপ্রাণিত হয় অসংখ্য তরুণ।তার কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিলো। যেমন কোনো জুটি প্রথায় আবদ্ধ না হয়ে একাধিক নায়িকাকে নিয়ে তিনি সফল ছবি উপহার দিয়েছেন। কাঞ্চন-দিতি, কাঞ্চন-চম্পা, মান্না-চম্পা, নাঈম-শাবনাজ জুটি যখন তুমুল জনপ্রিয় তখনও রুবেল নিজের আধিপত্য বিস্তার করেছিলেন নিজস্ব ধারায় তেমনি সানি-সালমানদের যুগেও তিনি ছিলেন তুমুল জনপ্রিয় নায়ক। দীর্ঘ দিনের ক্যারিয়ারে রুবেল অভিনয় করেছেন দুই বাংলার প্রায় ৫০ জন নায়িকার সঙ্গে। তারমধ্যে কবিতা ও পপি হচ্ছেন সর্বাধিক ছবির নায়িকা। রুবেলের অন্যান্য নায়িকারা হলেন রানী, জিনাত, শতাব্দী রায় (কলকাতা), সন্ধ্যা, চম্পা, সাথী, মিশেলা, সুচরিতা, পরী, দিতি, একা, মৌসুমি, অরুণা বিশ্বাস, লিমা, নন্দিনী, শিল্পী, তামান্না, সিমলা, কেয়া, সোনিয়া, শাহনাজ, সাহারা, শাহনূর প্রমুখ।