মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা প্রয়োজন। কারণ, এই সেতু দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক কৃষকের গরুর গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল করে। সাধারণ মানুষ আর কতদিন টোল দিয়ে চলাচল করবে। দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান তিনি। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট নূর এ আলম সিদ্দিক আসাদ, শফিক এনায়েতুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।