ভোলাহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মিজানুর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার উল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন— ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শামসুজ্জামান আলকাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, অর্থ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, দলদলী ইউনিয়ন জামায়াতের আমির মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত রবিবার দুপুর ২টার দিকে উপজেলার উল্লাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে তিনটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে বেলা ১২টার দিকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি ড. মিজানুর রহমান। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।
মতবিনিময়কালে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করে স্বল্প সময়ের মধ্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল জাতীয় সংসদ সদস্যকে স্বাগত জানান।
পরে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন মিজানুর রহমান। আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা হবে বলে জানান তিনি। এছাড়া জেনারেটর পরিচালনার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার জ্বালানির সমমূল্যের অর্থ প্রদান করেন। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন এমপি মিজানুর। এসময় উপস্থিত ছিলেন— জামায়াতের উপজেলা আমির মাওলানা শামসুজ্জামান আলকাশ, ভোলাহাট থানার ওসি একরামুল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, জামায়াতের সেক্রেটারি তোহিদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।