ব্যাংককে আজ হাত মেলাননি ভারত-পাকিস্তানের মেয়েরা

কলম্বোয় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের কয়েক ঘণ্টা আগে উত্তাপ ছড়ালো মেয়েদের এশিয়া কাপ। থাইল্যান্ডের ব্যাংককে আজ ‘রাইজিং স্টারস’ টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। তবে মাঠের একপেশে লড়াই ছাপিয়ে আবারও আলোচনায় সেই পুরনো ‘হাত না মেলানো’র সংস্কৃতি। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। শাওয়াল জুলফিকার (২৩) ও গুল রুখ (২১) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। জবাবে দীনেশ ভৃন্দার ২৯ বলে অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ১০.১ ওভারেই জয় তুলে নেয় ভারত। ম্যাচের শুরুতে টসের সময় পাকিস্তান অধিনায়ক হাফসা খালিদ ও ভারত অধিনায়ক রাধা যাদব হাত মেলাননি। ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়দের করমর্দন করতে দেখা যায়নি। গত এশিয়া কাপ থেকেই দুই দেশের ক্রিকেটে এই বৈরী রেওয়াজ চলছে। আইসিসির নিয়মে হাত মেলানো বাধ্যতামূলক না হলেও এটি সৌজন্যের প্রতীক। আজ সন্ধ্যায় কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের ছেলেরা। ব্যাংককের এই ঘটনার পর কলম্বোতেও সৌজন্যের ব্যত্যয় ঘটবে কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। দুই দলের অধিনায়করাও সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি।