বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বিস্ফোরক শানাকা, চাইলেন সরকারের হস্তক্ষেপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়ের পর দলের চারপাশের বাড়তে থাকা নেতিবাচক পরিবেশকে দায়ী করলেন অধিনায়ক দাসুন শানাকা। সেমিফাইনালের লড়াই থেকে প্রথম দল হিসেবে ছিটকে পড়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড্রেসিংরুমের বাইরে তৈরি হওয়া চাপ ও সমালোচনা ক্রিকেটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দর্শকপূর্ণ ম্যাচে ৬১ রানে হারের ধাক্কায় শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যায়। এর আগে জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও হার তাদের অবস্থান নড়বড়ে করে তোলে। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট ছিল, নিউজিল্যান্ডের স্পিনারদের কাছে ছয় উইকেট হারিয়ে তারা মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়। শানাকার অভিযোগ, মাঠের বাইরের অতিরিক্ত সমালোচনা দলকে চাপে ফেলে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক থাকতে চাই, কিন্তু বাইরে থেকে যে নেতিবাচকতা আসে, সেটা উপেক্ষা করা কঠিন। এটা শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য ক্ষতিকর। তিনি আরো যোগ করেন, ‘এটাই আমাদের দেশের সবচেয়ে বড় খেলা। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সরকার যদি কিছু উদ্যোগ নেয়, সেটাই ভালো হবে।’ ২০১৪ সালে শিরোপা জয়ের পর থেকে শ্রীলঙ্কা টানা পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো। ধারাবাহিক ব্যর্থতা, দল গঠনে অস্থিরতা এবং ব্যাটিং ইউনিটের অনিয়মিত পারফরম্যান্স এবারও তাদের পিছিয়ে দেয়। সুপার এইট পর্বে শ্রীলঙ্কার শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ফলাফল তাদের ভাগ্য বদলাবে না, তবে প্রতিপক্ষের সেমিফাইনাল সমীকরণে প্রভাব ফেলতে পারে।